
বারেক বিল্ডিংয়ের মোড় থেকে দেওয়ানহাট যাওয়ার জন্য টেম্পোতে উঠলাম। হঠাৎ করে চোখ গেল টেম্পোর হেলপার ছেলেটার দিকে। আট কি নয় বছর বয়স। হাসিমুখে ডেকে যাচ্ছে চৌমুহনী, লালখান বাজার, চকবাজার...। ছেলেটির দিকে তাকিয়েই ভাবি এত ছোট্ট একটা ছেলে কত বড় ঝুঁকির কাজ নিয়েছে। ততক্ষণে চার-পাঁচজন হয়ে গেছে। এর ফাঁকে ওর সম্পর্কে কিছু জানার ইচ্ছা হলো। নাম কী তোর? জাহেদ। পড়ালেখা করস না? না।...টাকাপয়সা নাই, করমু কেমনে কন? কেন সরকার তো গরিবদের বিনা মূল্যে পড়ার সুযোগ করে দিয়েছে। তা জানি না, আমি পড়ালেখা করলে সংসার কে চালাবে? তোর বাবা কিছু করে না? (অনেকটা বিরক্তি নিয়ে বলে) জানি না। বাবা এক বছর আগে আরেকটা বিয়ে করে চলে গেছে। কে কে আছে তোর? মা আর বোন। পড়ালেখা করতে ইচ্ছে করে না? না! (বুক ফুলিয়েই বলে) আমার ইচ্ছা কনডাক্টর থেকে বড় ড্রাইভার হব...তখন আর কোনো কষ্ট হবে না, বোনকেও লেখাপড়া করাব। এই কথা বলতে বলতে গাড়িটা ছেড়ে দিল...
সৌরভ শর্মা
চট্টগ্রাম।