ইচ্ছাশক্তিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে ১৮ মার্চ বিকেলে একে একে জড়ো হলেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। কলেজ শাখা গঠনের পর বন্ধুসভার এটি প্রথম বৈঠক। তাই সবার মনে একধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। সবার চেহারার দিকে লক্ষ করে উপদেষ্টা রানা ভাই (আবদুল কুদ্দুস) বললেন, তোমাদের নিয়ে, তোমাদের জন্যই এ বন্ধুসভা। প্রথম বৈঠকে আজ তোমাদের ইচ্ছের কথাই জানা হবে। তারপর সেই ইচ্ছেশক্তিকে কাজে লাগিয়ে আলোকিত মানুষ হওয়ার পথ ধরে এগোতে হবে সাবাইকে। আমরা সবাই তাতে একমত হলাম। শুরুতে সাংবাদিক হওয়ার ইচ্ছের কথা তুলে ধরে বন্ধু সুবর্ণা শর্মা জানান, এটা সম্ভব না হলে মানুষের সেবার জন্য তিনি সেবিকা হতে আপ্রাণ চেষ্টা চালাবেন। বন্ধুসভার সভাপতি শাহনাজ সুলতানার ইচ্ছেও সাংবাদিক হওয়া। কিন্তু মেয়ে বলে যত সমস্যা। আফরোজা খানমের ইচ্ছে ব্যারিস্টার হওয়া। সারজিলা ইয়াসমিন, জিপসী চৌধুরী, হিমু সুশীল, তসলিমা আক্তার, রশিদা খানম, জাফরিন সুলতানার ইচ্ছে চিকিৎসক হওয়া। শামিমা ইয়াসমিন জানায়, ডাক্তার হওয়ার ইচ্ছে থাকলেও বাবা-মা মারা যাওয়ার পর এখন শিক্ষকতা করতে চাই। প্রিয়াংকা মিত্র জানায়, আগের চিকিৎসক হওয়ার ইচ্ছে বাদ দিলাম, এখন সাংবাদিক হওয়ার চেষ্টা করছি। রহিমা শামসির সাফ জবাব, পারাধীন না থেকে নিজের চেষ্টায় আগে মানুষ হব, তারপর ব্যাংকার হব। এ ছাড়াও ইচ্ছের কথা জানায় শিলু দাশ, মোস্তারিন পপি ও আয়েশা আক্তার।বন্ধুসভা কক্সবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিত পাল জানান, বামন হয়ে চাঁদ ছোঁয়া যায় না। সামর্থ্য অনুযায়ী ইচ্ছে থাকা ভালো। ছাত্রজীবনে যা হতে চেয়েছিলাম—এখন তার সব অর্জিত হয়েছে। এবার ইচ্ছে প্রকাশের পালা সবার বয়োজ্যেষ্ঠ খোরশেদ আরা হকের। ৮০ বছর ধরে তিনি এ জেলায় নারী জাগরণের অগ্রদূতের দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ আন্দোলনের ইতিকথা আর আমাদের সামনে এগিয়ে চলার পথ বাতলাতে রানা ভাই এ কৃতী নারীকে বৈঠকে নিয়ে আসেন। উপদেষ্টা রানা ভাই শেষ করলেন কয়েকটি কথা বলে। ইচ্ছে থাকলে উপায় হয়। আমরা কোথায় যাব—সেটা আগে ঠিক করতে হবে। তারপর রওনা দিতে হবে। না হলে কখনোই ইচ্ছে পূরণ হবে না। তিনি একটা ঘটনার উদাহরণ টেনে বলেন, ঢাকা যেতে হলে টিকিট কাটতে হবে। টেকনাফের টিকিট দিয়ে যেমন ঢাকা যাওয়া হবে না, তেমনি চিকিৎসক, সাংবাদিক, ব্যারিস্টার হতে হলে ওই লাইন ধরে এখন থেকে যাত্রা শুরু করতে হবে। তা না হলে ইচ্ছে পূরণ কখনো সম্ভব নয়। এরপর শুরু হয় পিঠা উৎসব। অভিভাবক দীপ্তি শর্মা নিজহাতে তৈরি করে আমাদের জন্য নিয়ে আসেন নানা প্রকারের এক থলে পিঠা। আগামী ১৫ এপ্রিল শুক্রবার বিকেল তিনটায় বন্ধুসভার দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে এ শহীদ মিনার চত্বরে। সেখানে আলোচনা হবে স্বাধীনতার ৪০ বছর নিয়ে।