ইচ্ছেমতো ওড়াউড়ি
ঢাকার আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। এই বুঝি ঝুম বৃষ্টি নামল! আমি একটু আগে খবর পেলাম, ক্যাম্পাসে বৃষ্টি হচ্ছে। মনটা বিষণ্ন হয়ে যাচ্ছে। বৃষ্টিস্নাত প্রকৃতিকন্যা—আমার প্রিয় ক্যাম্পাসের রুমঝুম বৃষ্টি আমি দেখতে পাব না। জীবনের দুর্দান্ত সময়গুলো কখন যেন ফুরিয়ে গেল। ক্যাম্পাসটাকে ভীষণ মিস করি। আমার রুম, অগোছালো টেবিল, প্রিয় জানালা, যেটা দিয়ে কত রাত যে আকাশ দেখেছি, বৃষ্টিকে হূদয় দিয়ে স্পর্শ করেছি, কেউ জানে না। বারান্দায় একটা তার ছিল কাপড় শুকানোর। কত সন্ধ্যায় যে ওটাতে ঝুলে গান গেয়েছি! সামনেই একটা পেঁপেগাছ ছিল। ফুল আসত কিন্তু কোনো দিন পেঁপে ধরেনি। গাছটা কি এখনো আছে, না মরে গেছে কে জানে? প্রিয় দুজন রুমমেট, গভীর রাতে দর্শন-রাজনীতি-প্রেমবিষয়ক কত জটিল আলোচনা। আশপাশের সবাই চলে আসত আমাদের রুমে। মাঝেমধ্যে তিন রুমমেট মিলে রান্না চলত। রাত জেগে চলত ছবিয়াল গ্রুপের মেগা ধারাবাহিকগুলো। অনার্সে পড়ার সময় প্রায়ই রাতের বেলায় আমি, ফয়সাল আর পলাশ সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম। শহরের এক গলিতে হোটেল আবিষ্কার করেছিলাম, যেখানে সারা রাত খিচুড়ি পাওয়া যেত। খিচুড়ি খেয়ে ভোররাতে ফিরতাম হলে। কখনো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যেতাম। সকালবেলায় দেখা যেত তিনজনেরই ঠান্ডা-জ্বর। ঘনিষ্ঠ বন্ধুর ভাঙা প্রেম জোড়া লাগানোর জন্য লন্ডন ব্রিজে অথবা রেললাইনে বসত পরিকল্পনা কমিশন! সেই প্রেম আর জোড়া লাগত না। ব্রহ্মপুত্রের ওই পারে ছিল চা-পুরির দোকান। ভরদুপুরে ওখানে বসে থাকা, গান গাওয়া—এসবের মধ্যেই চলত ক্লাস-পরীক্ষা-প্র্যাকটিক্যাল। যারা বাকৃবির ছাত্রছাত্রী, তাদের কাছে পরীক্ষা একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। তাই পরীক্ষাকে কখনো সিরিয়াসলি নেওয়া হতো না। এভাবে দেখতে দেখতে হঠাৎই যেন বেলা শেষ হয়ে এল। হয়তো এমনই হওয়ার কথা ছিল। ভালোবাসার ক্যাম্পাস ছেড়ে আমরা এখন অনেক দূরে; কিন্তু মনটা যে ওখানেই পড়ে আছে। বৃষ্টির এই দিনগুলোতে ক্যাম্পাস যেন আকুল হয়ে ডাকছে। হূদয়ে বেদনার সুর আরও গাঢ় হয়ে আসছে।...‘চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি, এলোমেলো আড্ডা, চায়ের গ্লাস...ঘুম ঘুম ক্লাসরুম...পাশে খোলা জানালা...ডাকছে আমাকে...তোমার আকাশ...নীল নির্বাসন।’জুয়েল রানা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।