ইছাখালী শিল্পপার্ক এলাকায় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনে আগ্রহী চীনা দল
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী শিল্পপার্ক এলাকা পরিদর্শন করেছে গণচীনের একটি প্রতিনিধি দল। ২২ মার্চ বিকেলে মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন চীনা ব্যবসায়ী মি. ওং, পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মি. ওয়াংসহ আটজন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম ও জরিপকারী মোহাম্মদ ইউনুছ।ইছাখালী চরের প্রস্তাবিত শিল্পপার্ক এলাকা পরিদর্শন শেষে চীনা প্রতিনিধিরা স্থানীয় সাংবাদিকদের জানান, শিল্পপার্ক গড়ে তোলার জন্য সরকার উপযুক্ত একটি জায়গা বেছে নিয়েছে। শিল্পাঞ্চল স্থাপনের আগে ওই এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও বিদ্যুৎ সরবরাহ করা প্রয়োজন। প্রতিনিধি দলের সদস্যরা ইছাখালী শিল্পপার্ক এলাকায় বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনের প্রতি আগ্রহ দেখিয়েছেন। এ ব্যাপারে তাঁরা মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন ও বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।এ সময় সাংসদ মোশাররফ হোসেন বলেন, শিল্পকারখানার জন্য ইছাখালীতে ৫০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপন করা গেলে ইছাখালীতে শিল্পকারখানা স্থাপনে দেশি-বিদেশি ব্যবসায়ীরা আগ্রহী হবেন। তিনি আরও বলেন, ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা গেলে ৪৫০ মেগাওয়াট শিল্পকারখানার জন্য ও ৫০ মেগাওয়াট বিদ্যুৎ এলাকাবাসীর জন্য বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য চট্টগ্রামের অলংকার থেকে ফেনী জেলার লালপুল এলাকা পর্যন্ত চার লেনের একটি বিকল্প সড়ক নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে সাংসদ মন্তব্য করেন।