ইছামতির তীরে স্ট্রবেরির হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়ার ইছামতীর তীরে খেত থেকে স্ট্রবেরি তুলছেন চাষি মোহাম্মদ ফারুক  প্রথম আলো
রাঙ্গুনিয়ার ইছামতীর তীরে খেত থেকে স্ট্রবেরি তুলছেন চাষি মোহাম্মদ ফারুক প্রথম আলো

ইছামতীর তীর ঘেঁষে জালে মোড়া বিশাল খেত। চট করেই অন্যদের থেকে আলাদা করা যায় খেতটি। মাঠজুড়ে সারি সারি বেড। খড় বিছানো শয্যায় লাল টুকটুকে ফল স্ট্রবেরি। মাঠের মাঝখানে বসে ফল তুলছেন এক চাষি। ফল তোলার আনন্দ তাঁর চোখেমুখে। ২২ ফেব্রুয়ারি সকালে রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
ইছামতী নদীর তীরে স্ট্রবেরি চাষ করে এখন সফল চাষি মোহাম্মদ ফারুক (৩০)। অথচ তিনি আগে কখনো চাষবাস করেননি। ছিলেন ট্রাক্টরচালক। প্রথমে যখন চাষ শুরু করেন অনেকে নিরুৎসাহিত করেছেন। লোকসানের ভয় দেখিয়েছেন। তার পরও দমে যাননি। এগিয়েই গেছেন।
ফারুক জানান, একদিন টেলিভিশনে কৃষিবিষয়ক অনুষ্ঠানে স্ট্রবেরি চাষের ওপর অনুষ্ঠান দেখে তিনি উদ্বুদ্ধ হন। ২০১১ সালের জানুয়ারি মাসে সামান্য জমি বর্গা নিয়ে প্রথমে চাষ শুরু করেন শখের বসে। ১০ হাজার টাকায় ২০০ চারা কিনে লাগান। প্রথম মৌসুমে খুব একটা লাভ হয়নি। তবে লোকসানও হয়নি। এবার ভাবলেন বাণিজ্যিকভাবেই চাষ শুরু করবেন। আরও ৫০ শতক জমি বর্গা নিলেন। সেখানে রোপণ করলেন তিন হাজার চারা। ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে ফল তোলা শুরু করেছেন ফারুক। গত ২০ দিনে বিক্রি করেছেন প্রায় ৫০ হাজার টাকার ফল। প্রতিদিন আট থেকে ১০ কেজি ফল তুলছেন খেত থেকে। প্রতি কেজি বিক্রি করছেন ৬০০ টাকা করে। এ ছাড়া মিরসরাই, নোয়াখালী ও ফেনীর চাষিরা তাঁর কাছ থেকে চারা কিনে নিয়ে যাচ্ছেন।
ফারুক বলেন, স্ট্রবেরি চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়ার জন্য চুক্তি হয়েছে এক ক্রেতার সঙ্গে। তিনি প্রতি কেজি পাইকারি ৬০০ টাকা দরে কিনে নিয়ে যাচ্ছেন ফল।
ফারুকের হিসাবে, ফল উৎপাদনে সার, কীটনাশক, সেচ ও মজুরিসহ প্রায় এক লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়েছে। খেতে যে পরিমাণ ফল আছে, তা বিক্রি করে কমপক্ষে তিন লাখ টাকা পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।
ফারুক বলেন, ‘আমার সুদিন শুরু হয়েছে। আগামী বছর চাষ আরও বাড়াব। এ জন্য সহজ শর্তে সুদমুক্ত ঋণ পেলে ভালো হতো। এখন আমার দেখাদেখি গ্রামের অনেকেই চাষে আগ্রহী হয়েছেন।’
রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, ‘রাঙ্গুনিয়ায় বড় পরিসরে স্ট্রবেবির বাগান এটি। ফারুকের দেখাদেখি অনেকে এখন চাষে আগ্রহ দেখাচ্ছেন। আমরা ফারুককে নানাভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।’