ইছামতীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক, হুমকিতে ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙ্গুনিয়ার সোনাইছড়িতে ইছামতী নদীর ভাঙনে বিলীন হচ্ছে বড়ুয়াপাড়া সড়ক l প্রথম আলো
রাঙ্গুনিয়ার সোনাইছড়িতে ইছামতী নদীর ভাঙনে বিলীন হচ্ছে বড়ুয়াপাড়া সড়ক l প্রথম আলো

সোনাইছড়ি বড়ুয়াপাড়া সড়ক। ইট বিছানো গ্রামীণ এই সড়কটি দুই গ্রাম—জেলেপাড়া ও বড়ুয়াপাড়ার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। চলাচল করত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা। এখন হাঁটা ছাড়া উপায় নেই। ২০ ফুটের সড়কে আছে মাত্র পাঁচ ফুটের মতো। কিছু স্থানে তাও নেই। ইছামতী নদীর ভাঙনে সড়কটি বিলীন হতে চলেছে।
রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় ইছামতীর ভাঙন তীব্র হচ্ছে। হুমকির মুখে রয়েছে দুই গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি। এর মধ্যে জেলেপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ও বড়ুয়াপাড়া পারুয়া ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত।
সরেজমিনে দেখা গেছে, ঘাটচেক থেকে ডিসি সড়ক হয়ে এক কিলোমিটার গেলেই জেলে ও বড়ুয়াপাড়া। দুই গ্রামে প্রায় ৪০০ পরিবারের বসবাস। ইছামতী নদীর পাড় ঘেঁষে চলে গেছে সোনাইছড়ি বড়ুয়াপাড়া সড়ক। জেলেপাড়ায় সড়কটি পাঁচ ফুটের মতো থাকলেও বড়ুয়াপাড়া ঢোকার মুখে সড়ক বিলীন হয়ে গেছে। আশপাশের মানুষের ভিটার ওপর দিয়ে কোনো রকমে চলাচল করছে লোকজন। সড়ক ভেঙে যাওয়ায় কয়েকটি বাড়ির একেবারে কাছে চলে এসেছে নদী। বড়ুয়াপাড়ার দক্ষিণ অংশে দুটি ঘর রয়েছে অর্ধেক ভাঙা অবস্থায়।
কথা হয় বড়ুয়াপাড়ার বাসিন্দা মিনু বড়ুয়ার (৫০) সঙ্গে। তাঁর ঘর যেকোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। তিনি বলেন, ‘আগে নদী ছিল কমপক্ষে ১৫ থেকে ২০ ফুট দূরে। এখন ঘরের সঙ্গে লেগে আছে। কখন যে ভেঙে পড়ে, সেই আশঙ্কায় দিন কাটছে। অথচ আমাদের খবর কেউ নেয় না।’
মিনু বড়ুয়ার সঙ্গে কথা বলার সময় জড়ো হন আশপাশের আরও কয়েকজন বাসিন্দা। তাঁদের একজন ৭০ বছরের প্রমতোষ বড়ুয়া। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, চেয়ারম্যান-মেম্বাররা শুধু বলেন হবে হবে। কিন্তু কখন হবে, সেই কথা বলেন না। দ্রুত ব্যবস্থা না নিলে বড়ুয়াপাড়ায় কোনো ঘরবাড়ি থাকবে না। ইতিমধ্যে অনেকের ফসলি জমি চলে গেছে। এখন শুরু হয়েছে ঘরবাড়ি ভাঙা। ইতিমধ্যে সাতটি ঘর ভেঙে গেছে। আরও কয়েকটি অর্ধেক ভাঙা অবস্থায় আছে।

এ ব্যাপারে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সেলিম বলেন, ‘জেলেপাড়ার প্রায় ১৫০০ ফুট ভেঙে গেছে। এখানকার মানুষের দিন কাটছে আতঙ্কে। ভাঙনরোধে ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়ার সাংসদ হাছান মাহমুদ পানিসম্পদমন্ত্রী বরাবরে চাহিদাপত্র (ডিও লেটার) দিয়েছেন। আশা করছি এবার কিছু একটা হবে।’

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ২০১০ সাল থেকে ভাঙছে ইছামতী। ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণের জন্য বড়ুয়াপাড়ার বাসিন্দাদের পক্ষ থেকে পানিসম্পদ মন্ত্রণালয় বরাবরে লিখিতভাবে আবেদন করা হয়। এরপর পাউবোর উদ্যোগে ভাঙনরোধে ৪৫০ মিটার এলাকায় ব্লক বসানোর জন্য একটি প্রকল্প তৈরি করা হয়। এতে ব্যয় ধরা হয় দুই কোটি টাকা। কিন্তু পরে প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়নি।

জানতে চাইলে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা বলেন, রাঙ্গুনিয়ায় ভাঙনরোধে একটি বড় আকারের প্রকল্প নেওয়া হচ্ছে। ইছামতী, শিলক ও কর্ণফুলী নদীর ভাঙনকবলিত এলাকায় ব্লক বসানো হবে। এ জন্য ভাঙনকবলিত এলাকা পরিদর্শনের জন্য ঢাকা থেকে একটি প্রতিনিধিদল আসছে। এরপর প্রকল্প চূড়ান্ত করা হবে।