ইছামতী-আলীনগর সড়ক বেহাল, চলাচলে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়ার ইছামতী–আলীনগর সড়কটি যেন চষা ​জমি। বেহাল এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
সাতকানিয়ার ইছামতী–আলীনগর সড়কটি যেন চষা ​জমি। বেহাল এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

সড়কজুড়ে গর্ত। তাতে কাদা পানিতে একাকার। হেঁটে চলাও যেন দায় হয়ে পড়ে। আবার কিছু অংশ বিলীন হয়ে গেছে পাশের খালে। ইট উঠে গিয়ে গর্ত তো আছেই। এ চিত্র সাতকানিয়া উপজেলার ইছামতী–আলীনগর সড়কের।

পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্র জানায়, ইছামতী ও আলীনগর এলাকার বাসিন্দাদের যোগাযোগের একমাত্র মাধ্যম আড়াই কিলোমিটারের ইছামতী–আলীনগর সড়ক। সড়কটি দিয়ে প্রতিদিন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করে। সড়কটি বেহাল হওয়ায় ইছামতী ও আলীনগর গ্রামের অন্তত ২০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

 সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, অটোরিকশা চলাচল করতে গিয়ে সড়কের গর্তগুলোতে আটকা পড়ছে। তা ছাড়া কিছু অংশ পাশের ডলু খালে বিলীন হয়ে পড়ায় সরু হয়ে গেছে সড়ক।

 আলীনগর এলাকার বাসিন্দা মোজাফ্ফর হোসেন (৪৩) বলেন, গত বছর থেকে সড়কটির এমন অবস্থা। দুর্ভোগ সহ্য করে প্রতিদিন চলাচল করতে হচ্ছে। বৃষ্টির হলে তো চলাচল করাই দায় হয়ে পড়ে।

 স্থানীয় কৃষক আলী আহমদ (৫০) বলেন, ‘আমরা চাষবাস করে খাই। খেতে উৎপাদিত কৃষি পণ্য পাশের হাট-বাজারে বিক্রি করতে হয়। সড়কের অবস্থা খারাপ হওয়ায় গাড়ির চালকেরা পণ্য পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করেন। এতে পণ্যের দাম বাড়িয়েই বিক্রি করতে হচ্ছে।’

অটোরিকশাচালক মো. সুমন (৩৪) বলেন, সড়কটির যা অবস্থা তাতে ওই সড়ক দিয়ে গাড়ি চালাতে ইচ্ছে করে না।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ বলেন, ‘সড়কটির সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যে সংস্কারকাজ শুরু করতে পারব।’

উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন বলেন, সড়কটির সংস্কারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে সংস্কারকাজ শুরু করা হবে।