ইজারামূল্য এক বছরে বেড়েছে তিন গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেতা-বিক্রেতাদের সমাগম বাড়ায় গত এক বছরে আনোয়ারা উপজেলার বারখাইনে অবস্থিত এরশাদ আলী সরকারহাটের ইজারামূল্য বেড়েছে তিন গুণ।
গত বছর বাজারটির ইজারামূল্য উঠেছিল ২০ লাখ ২৫ হাজার টাকা। এ বছর ৬১ লাখ ৫৫৫ টাকায় বাজারটি ইজারা দেয় উপজেলা প্রশাসন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বছর তিনেক আগেও বাজারটি ইজারাবিহীন ছিল। এরশাদ আলী সরকারের ওয়াকফ এস্টেটের অধীনে থাকায় বাজারটির ইজারা দেওয়া হতো না। ফলে, প্রতি শুক্র ও সোমবার হাটের দিন কোনো হাসিল (কর) না দিয়েই বিক্রেতারা পণ্য বিক্রি করতে পারতেন বাজারে। কিন্তু পাঁচ বছর ধরে বাজারের ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতি ঘটে। এতে বাজারটি দখলে নিতে মরিয়া হয়ে ওঠে স্থানীয় একাধিক পক্ষ। কোরবানির সময় পশুর হাটের দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষও ঘটে। ফলে, বাজারটি ইজারা দিতে বাধ্য হয় প্রশাসন।
২০১১ সালে পাঁচ হাজার ৪০০ টাকায় বাজারটি ইজারা দেয় প্রশাসন। আর এ বছর ৬১ লাখ ৫৫৫ টাকা উঠেছে ওই বাজারের ইজারামূল্য। গত মঙ্গলবার আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে ওই বাজারের ইজারা হয়। স্থানীয় ব্যবসায়ী আবু জাফর ওই বাজারর ইজারা নেন। বাজারটিতে সোম ও শুক্রবারের কয়েক লাখ টাকার পশু কেনাবেচা হয়।
জানতে চাইলে ইউএনও শেখ ফরিদ আহমদ বলেন, গত বছর বাজারটির ইজারা মূল্য ছিল ২০ লাখ ২৫ হাজার টাকা। এ বছর তা তিন গুণ বেড়ে গিয়ে ৬১ লাখে পৌঁছেছে।
আনোয়ারার সাবেক ইউএনও মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ওই হাটের কারণে সরকারের কোষাগারে বিশাল অঙ্কের রাজস্ব জমা হচ্ছে। এতে সরকারের লাভ হচ্ছে, ব্যবসাও বাড়ছে।