চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থীকে ইঞ্জিনিয়ার আবদুল খালেক বৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকালে উপাচার্যের দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শিরীণ আখতার। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, আজকের সৎ ও মেধাবী তরুণ শিক্ষার্থীরা দেশের অমূল্য সম্পদ। তারাই ভবিষ্যৎ কর্ণধার। তাদের মাধ্যমে বিশ্বসভায় স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিনস কমিটির আহ্বায়ক মো. সেকান্দর চৌধুরী, বিভাগ-ইনস্টিটিউট ফোরাম ও প্রভোস্ট কমিটির আহ্বায়ক সুলতান আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা প্রমুখ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আনজুমান আরা, মো. ইমতিয়াজ সুলতান, ইংরেজি বিভাগের শিক্ষার্থী সালমা আহমদ, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ বিভাগের শিক্ষার্থী রবিউল কাউসার, ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী তাসফিকা খানম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী ফাহমিদা বিনতে ওয়ালি, আইন বিভাগের শিক্ষার্থী ফয়সাল বিন মনির এবং ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আবু সাঈদ।