
বিপজ্জনকভাবে উঠে আছে ইটের ভাঙা অংশ। কিছু দূর পরপর সড়কের এক পাশ হাঙরখালে আর অন্য পাশ নিচু জমিতে বিলীন হয়ে গেছে। ছোট-বড় গর্ত তো রয়েছেই। এবড়োখেবড়ো এই সড়ক দিয়েই প্রতিদিন কষ্ট সয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এই চিত্র সাতকানিয়া উপজেলার ঢেমশা ও নলুয়া ইউনিয়নের কার্তিকের দোকান-হাঙরমুখ সড়কের।
স্থানীয় লোকজন জানান, এ সড়কটি দিয়ে উপজেলার পশ্চিম ঢেমশা, ঢেমশা ও নলুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সড়কের অবস্থা বেহাল হওয়ায় গাড়ি চলাচল অনেকটা কমে গেছে। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা।
২৩ নভেম্বর সরেজমিনে দেখা গেছে, ঢেমশা ইউনিয়নের কার্তিকের দোকান থেকে শুরু হয়ে নলুয়া ইউনিয়নের হাঙরমুখ বাজার পর্যন্ত সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশে ইট বিছানো। বিভিন্ন স্থানে ইট উঠে এবড়োখেবড়ো হয়ে আছে। কিছু জায়গায় বড় বড় গর্ত।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) সাতকানিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও নলুয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্র জানায়, প্রায় সাড়ে তিন কিলোমিটার এ সড়কের দেড় কিলোমিটার অংশে সংস্কারকাজ করা হয়েছে। বাকি প্রায় দুই কিলোমিটারে দীর্ঘদিন ধরে হাত পড়েনি। প্রায় ১৫ বছর আগে ওই অংশে ইট বিছানো হয়েছিল।
সড়কে চলাচলকারী হাঙরমুখ এলাকার বাসিন্দা আ জ ম সেলিম বলেন, ‘সড়কটির সংস্কারের জন্য ধরনা দিয়ে যাচ্ছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জনপ্রতিনিধিরা ভোটের আগে কতই যে আশ্বাসের বাণী শুনিয়েছেন হিসাব নেই। কিন্তু ভোট যাওয়ার পর সবাই বেমালুম ভুলে গেছেন। সড়কটি দিয়ে এখন হেঁটে চলাও দায় হয়ে পড়েছে।’
সাতকানিয়া সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী আবু রায়হান ক্ষোভের সঙ্গে বলেন, ‘গত উপজেলা চেয়ারম্যান সরকার দলীয় ও নলুয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি সড়কটির সংস্কারের ব্যাপারে কোনো উদ্যোগই নেননি। গুরুত্বপূর্ণ একটি সড়ক এত দিন ধরে বেহাল। অথচ কারও কোনো মাথাব্যথা নেই। কষ্ট সয়ে ও বাড়তি ভাড়া দিয়ে আমাদের কলেজে আসা-যাওয়া করতে হচ্ছে। তাই কলেজে যাওয়া কমিয়ে দিয়েছি।’
সড়কের সিএনজিচালিত অটোরিকশার চালক বোরহান উদ্দিন বলেন, সড়কটি দিয়ে গাড়ি চালাতে গেলে প্রায় সময় যন্ত্রাংশ নষ্ট হয়। তা ছাড়া ভাঙা সড়কের কারণে ১০ মিনিটের পথ যেতে সময় লাগছে আধ ঘণ্টা। তাই যাত্রীদের কাছ থেকে কিছু অতিরিক্ত ভাড়া দাবি করা হয়।
সড়ক সংস্কারের ব্যাপারে জানতে চাইলে নলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিমা আকতার ও ঢেমশা ইউপির চেয়ারম্যান রিদোয়ান উদ্দিন একই কথা বলেন। তঁারা জানান, এলাকার বাসিন্দাদের উপজেলা সদরসহ কেরানীহাটে যাওয়ার একমাত্র সড়ক এটি। এই সড়কটি সংস্কারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
উপজেলার স্থানীয় সরকার কার্যালয়ের প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন বলেন, ‘সড়কটির কিছু অংশ ইতিমধ্যে পিচ ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা হয়েছে। বাকি অংশ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। আশা করছি আগামী অর্থবছরে বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ পাওয়া গেলে দরপত্র আহ্বানের মাধ্যমে সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে।’