ইট তৈরির মৌসুম শেষ কৃষিজমির মাটি কাটা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইট তৈরির মৌসুম শেষ হয়ে আসছে কিন্তু শেষ হচ্ছে না ইটভাটায় কৃষিজমির ওপরিভাগের মাটি (টপ সয়েল) বিক্রি। টেকনাফের বিভিন্ন এলাকায় অতি লাভের আশায় কৃষকেরা ইটভাটায় জমির ওপরিভাগের মাটি বিক্রি করে দিচ্ছেন বলে জানা গেছে।কৃষি বিভাগ সূত্র জানায়, জৈব পদার্থসমৃদ্ধ ওপরের অংশ কেটে নিলে দীর্ঘ সময়ের জন্য কৃষিজমি অনুর্বর হয়ে পড়ে। কারণ, জমির ওপরিভাগের চার-ছয় ইঞ্চি মাটিতেই মূলত পুষ্টিগুণ থাকে বেশি।সরেজমিনে দেখা গেছে, উপজেলার দমদমিয়া, মোচনী, লেদা, উত্তর লেদা, দৈঘ্যাকাটা, লম্বাঘোনা, পল্লানপাড়া ও রাজারছড়া এলাকায় অবাধে কৃষিজমির মাটি কাটা হচ্ছে। মোচনী ও লেদা এলাকার জমির মাটি কাটায় নিয়োজিত শ্রমিকেরা জানান, জমির মালিকেরা ইটভাটার মালিকদের কাছে মাটি ও বালু বিক্রি করেন। এ কাজের জন্য দৈনিক ৮০-১০০ টাকা মজুরি দেওয়া হয় তাঁদের।নাম প্রকাশ না করার শর্তে জমির কয়েকজন মালিক জানান, ওপরিভাগের মাটি বিক্রি করলে বেশি টাকা পাওয়া যায়। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়, তা কেউ বলেননি। জানা গেছে, উপজেলার সাতটি ইটভাটার মালিক সংশ্লিষ্ট এলাকায় প্রতি হাজার ঘনফুট মাটি কিনে নেন পাঁচ থেকে সাত হাজার টাকায়। এসব মাটি কেটে ঠেলাগাড়ি, ট্রাক ও পিকআপে করে সরবরাহ করা হয়।টেকনাফ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ জামাল উদ্দিন চৌধুরী জানান, এক কানি জমিতে প্রায় ৩৫ কেজি ইউরিয়া সার দিতে হয়। কিন্তু মাটির ওপরিভাগ কেটে নেওয়া জমিতে প্রায় দ্বিগুণ সার দিতে হয়; ফলনও স্বাভাবিকের চেয়ে কম হয়। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে এসব জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে।ইটভাটার মালিক শাহ আলম ও আবুল হাশেম জানান, টেকনাফের সাতটি ইটভাটায় প্রতিবছর চাহিদামতো মাটি পেতে মালিকদের হিমশিম খেতে হয়। তাই জমির ওপরিভাগের মাটি কিনে চাহিদা মেটানো হচ্ছে।পরিবেশ অধিদপ্তরের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক জানান, ইটভাটার মালিকেরা নীতিমালা লঙ্ঘন করে ফসলি জমির মাটি কাটছেন, এটা ঠিক। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে, হুমকির মুখে পড়ছে পরিবেশ।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল গফুর মোল্লা জানান, টাকার লোভে জমির মাটি বেঁচে মালিকেরা নিজেদেরই ক্ষতি করছেন। জমির হারানো উর্বরতা শক্তি ফিরে পেতে প্রায় ১৫-২০ বছর সময় লাগবে। এতে ফলন কম হবে।টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রণজির্যা কুমার বড়ুয়া এ প্রসঙ্গে জানান, ফসলি জমির মাটি কাটার বিষয়ে কোনো অভিযোগ কেউ করেনি। তার পরও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, জমির মালিকেরা পরিবেশ আইন ও ভূমি নীতিমালা অমান্য করছেন। এসব বন্ধে অভিযান চালানো হবে।