গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকার কয়েকটি অংশের পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। উপজেলার অভ্যন্তরের প্রায় ৩৭ কিলোমিটার মহাসড়কের এমন বেহাল দশা।বর্তমানে এই সড়ক চার লেন প্রকল্পের অধীনে হওয়ায় সংস্কার কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। প্রকল্পের ঠিকাদারেরা অভিযোগ করেছেন, সংস্কারকাজের জন্য বরাদ্দ না পাওয়ায় রাস্তা মেরামতের কাজ দায়সারাভাবে হচ্ছে। জানা গেছে, চার লেন প্রকল্পের ঠিকাদারেরা সড়কের গর্ত ইট-বালু দিয়ে মেরামত করে রাস্তা সচল রাখার চেষ্টা করছেন। তবে এতে কাজ হচ্ছে না। ভারী যানবাহনের চাকার সঙ্গে উঠে আসছে ইট-সুড়কি। গর্তের কারণে এই রাস্তায় যানবাহনের গতি কমে যাওয়ায় দেখা দিচ্ছে তীব্র যানজট। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা বলছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২৫ হাজারের বেশি ছোট-বড় গাড়ি যাতায়াত করে। মহাসড়কে গর্ত, খানাখন্দ তৈরি হলে সওজ তা তাৎক্ষণিকভাবে মেরামত করে। এ ব্যাপারে সার্বক্ষণিক নজরদারিও থাকে। কিন্তু সড়কটি এখন চার লেন প্রকল্পের অধীনে চলে যাওয়ায় সংস্কারের দায়িত্বও তাদের।সরেজমিনে দেখা গেছে, উপজেলার বারইয়ারহাট বাইপাস, মিঠাছড়া, মিরসরাই সদর, ডাকঘর, ছোটকমলদহ, সরকারহাট, হাদি ফকিরহাট, নয়দুয়ার, কলঘর, বড়তাকিয়া বাইপাস, বড়দারোগারহাট এলাকা পর্যন্ত প্রায় ৩৭ কিলোমিটার সড়কে পিচ উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ও বড়দারোগারহাট এলাকায় সড়কের কিছু অংশ আগে থেকেই নাজুক অবস্থায় ছিল। গত বর্ষায় উপজেলার বারইয়ারহাট থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়ক ক্ষতবিক্ষত হয়ে পড়ে। তখন চারলেন প্রকল্পের মিরসরাই অংশে কাজ পাওয়া রেজা কনস্ট্রাকশন ও সিনে-হাইড্রো কোম্পানি সড়কটি সংস্কার করে যানচলাচলের উপযোগী করে তোলে। শুষ্ক মৌসুমে সড়কের অবস্থা ভালো থাকলেও গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মহাসড়ক পুরোনো চেহারায় ফিরে যাচ্ছে।গত মঙ্গলবার (২৬ জুন) সকালে মহাসড়কের বিভিন্ন স্থানে মাটি মিশ্রিত বালু ও ইটের টুকরা দিয়ে গর্তগুলো ভরাটের চেষ্টা করেন চারলেন প্রকল্পে নিয়োজিত শ্রমিকেরা। কিন্তু পরিবহনচালক, যাত্রী ও স্থানীয় ব্যক্তিরা বলছেন, যেভাবে সড়কে গর্ত ভরাট করা হচ্ছে, তাতে দুর্ভোগ না কমে বরং বাড়বে। তবে খুব শিগগিরই মহাসড়কের টেকসই মেরামতের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন চারলেন প্রকল্পের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা প্রকৌশলী শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘গত বছর সড়ক সংস্কার কাজে খরচ হওয়া টাকা এখনো পাওয়া যায়নি। নতুন করে বরাদ্দ পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। তবে ইট-বালু দিয়ে কোনোভাবে সংস্কারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বিল পাওয়া না গেলে সড়কের সংস্কারকাজ কত দিন চালানো যায় তা বলা অসম্ভব।’চারলেন প্রকল্পের অতিরিক্ত মহাব্যবস্থাপক স্বপন কুমার নাথ বলেন, ‘ইতিমধ্যে একটি প্রতিনিধিদল মহাসড়ক পর্যবেক্ষণ করেছে। বৃষ্টি বন্ধ হলেই মহাসড়কের সংস্কারকাজ শুরু করা হবে।’সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিংহ এ ব্যাপারে বলেন, ‘মহাসড়কে গর্ত হলে সওজ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। তবে এখন এটি চারলেন প্রকল্পের অধীনে হওয়ায় আমাদের করার কিছুই নেই।’