ইটজ কমপ্লিকেটেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল হয়েছেন আকাশ ও নাফিসা ছবি: কবীর শাহরীয়ার
মডেল হয়েছেন আকাশ ও নাফিসা ছবি: কবীর শাহরীয়ার

‘এখন থেকে আর এলোমেলো থাকবা না’ আমি মাথা নেড়ে নীরবে সায় জানালাম। শেষ মুহূর্তে এসেও ফারিহা কী সুন্দর করে গুছিয়ে কথা বলছে। এত ভালো কেন মেয়েটা? 
‘আমার পর যদি কোনো মেয়েকে পছন্দ করো, অবশ্যই ওই মেয়ের সামনে স্মার্ট হয়ে যাবা। তুমি যেই পরিমাণে ক্ষ্যাত, কোনো মেয়ে তোমাকে এমনিতেও পছন্দ করবে না। তবু বলে রাখলাম।’
আমি অন্যদিকে তাকিয়ে মাথা নাড়লাম। বুকের মধ্যে কেমন জানি কষ্ট হচ্ছে। ফারিহা আমার চিবুকের নিচে ধরে বলল, ‘সিগারেট খাবা না একদম। চুরি করেও না। ’ বলতে বলতে হেসে ফেলল ফারিহা। সেই সঙ্গে আমিও। ফারিহার এই বাঁকানো হাসিটা অনেক বেশি অদ্ভুত সুন্দর। কী মনে করে একটা বিশাল দীর্ঘশ্বাস ফেলল সে।
‘যদি কোনো দিন বিয়ে করো, অবশ্যই একটা ছেলে আর একটা মেয়ে বেবি নিবা। আমি যেই নাম ঠিক করছিলাম, তাই রাখবা। প্রয়োজনে সকাল-বিকাল থাপড়াবা, তবু মানুষ করতে হবে ওদের।’
আমি এবার শব্দ করে হেসে ফেললাম। ফারিহা প্রচণ্ড বিরক্ত—
‘আজিব!!! হাসতেছ কেন তুমি? আমি সিরিয়াস। আর অবশ্যই রাস্তায় চলার সময় আনমনে হাঁটবা না। রাস্তায় তো এমন কোনো রিকশা নাই যে তুমি ধাক্কা খাও না।’
ফারিহা এবার মুখ ঘুরিয়ে ফেলল। তারপর বলল,
আমি তোমাকে মিস করব, এটা ঠিক। তুমিও করবা, তাও ঠিক। আমি নাহয় কান্না করে প্রকাশ করে ফেলি, কিন্তু তুমি যেই চাপা স্বভাবের...।
বলেই কেঁপে কেঁপে কাঁদতে লাগল সে। আমি ফারিহার মুখ ঘুরিয়ে চোখের পানি মুছে দিতে যাব...ঠিক তখনই ফারিহা অদৃশ্য হয়ে যায়। পাগলের মতো এপাশ-ওপাশ খুঁজতে থাকি ওকে। চিৎকার করে উঠতেই দেখি, ফারিহা আমাকে জাপটে ধরে রেখেছে। মাথায় হাত বুলিয়ে বলছে—
‘কী হইছে তোমার? আমাকে বলো তুমি!! দুঃস্বপ্নটা দেখছিলা আবার, না?’
আমি চুপ করে রইলাম। ফারিহা আমার পাশে আছে, এটাই বড় সত্যি। ফারিহা আমাকে চুপ থাকতে দেখে বলল—
‘ আবার মিউচুয়াল ব্রেক-আপ? তাই না?’
আমি এবারও নীরবে সায় জানালাম। ফারিহা মুচকি হেসে বলল—
‘উফ...গাধা রে। মানলাম, আমাদের দুজনের ভালোর জন্যই আমি এই রকম একটা মিউচুয়াল ব্রেক-আপ করতে চাইছিলাম। আমাদের পরিবারের কেউই আমাদের সম্পর্কটা মেনে নিত না। কিন্তু ওইটা এখন অতীত, শ্রাবণ। তুমি তো দেখি এটাকে একটা নিয়মিত দুঃস্বপ্নে পরিণত করে ফেলছ। ঘুম থেকে ওঠো বোকারাম...আমাদের বিয়ে হয়ে গেছে। আমরা অনেক সুখে আছি...’
আমি এবার হেসে ফেললাম। শক্ত করে ফারিহাকে জড়িয়ে ধরলাম। ইশ্... সত্যি সত্যি যদি ফারিহার সঙ্গে আমার মিউচুয়াল ব্রেক-আপ হতো...কীভাবে বাঁচতাম আমি? এই রকম একটা মেয়েকে না ভালোবেেস থাকা যায়? অসম্ভব! আজ থেকে কোনো মিউচুয়াল ব্রেক-আপ নেই। দুঃস্বপ্নেও না।
শাফায়াত হোসেন
খিলগাঁও, ঢাকা।