ইটভাটা থেকে বিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়ার ইটভাটায় শ্রমিকের কাজ করত এসব শিশু। এখন তারা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে l প্রথম আলো
কক্সবাজারের পেকুয়ার ইটভাটায় শ্রমিকের কাজ করত এসব শিশু। এখন তারা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে l প্রথম আলো

২৫ শিশু। সবার বয়সই ১১ বছরের কম। রাত–দিন মা–বাবার সঙ্গে শ্রম দিত ইটভাটায়। কাঁচা ইট আনা–নেওয়া, ইটের সুড়কি তৈরিসহ নানা ঝুঁকিপূর্ণ কাজ করতে হতো তাদের। কিন্তু এখন সবাই নিয়মিত বই, খাতা, কলম, হাতে নিয়ে পোশাক পরে বিদ্যালয়ে যাচ্ছে।
ইটভাটার এসব শিশুশ্রমিককে বিদ্যালয়ে নিয়ে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান। এসব শিশুর অভিভাবকেরা জানান, ১২ ফেব্রুয়ারি ইউএনও উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় অবস্থিত ইটভাটা পরিদর্শন করার সময় এসব শিশুকে দেখতে পান। পরে ভাটার মালিক ও কর্মরত অভিভাবকদের বুঝিয়ে প্রত্যেক শিশুকে উত্তরপ–পূর্ব সোনাইছড়ি সরকারি প্রথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেন।
গত রোববার সকালে উত্তর–পূর্ব সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ইটভাটা থেকে আসা শিশুরা অন্যদের সঙ্গে শ্রেণিকক্ষে হইচই করছে। আর সবার সঙ্গে গলা মিলিয়ে পাঠও নিচ্ছিল তারা।
কথা হয় বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশু জরিনা আক্তার, সুরমা বেগম, ফাতেমা বেগম, মনির খান ও সাইফুল ইসলামের সঙ্গে। তারা জানায়, এই বিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের ভালো লাগছে। নতুন বই পড়তে পেরে ও শিক্ষকদের আদর পেয়ে খুশি সবাই।
এ প্রসঙ্গে ইটভাটার মালিক আহমদ নবী বলেন, ‘ইউএনওর নির্দেশে আমার ইটভাটার ২৫ জন শিশুশ্রমিককে বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছি। এই ইটভাটায় পাবনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা জেলার বেশ কিছু বাসিন্দা শ্রমিক হিসেবে কাজ করেন। তাঁরা ভাটায় পুরো পরিবার নিয়ে আসেন এবং সবাই একসঙ্গে কাজ করেন।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, ইটভাটা থেকে আনা সব শিক্ষার্থীকে প্রথম শ্রেণিতে ভর্তি করিয়ে দিয়েছেন ইউএনও। তাদের স্কুলের পোশাকও সেলাই করে দিয়েছেন। দিয়েছেন পড়ালেখার যাবতীয় খরচও।
টৈটং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জেড এম মোসলেম উদ্দিন বলেন, ‘সবারই উচিত যেকোনো ভালো
উদ্যোগের পাশে থাকা। এসব শিশুর প্রতি আমার পক্ষ থেকে সুনজর থাকবে।’
জানতে চাইলে ইউএনও মো. মারুফুর রশিদ খান বলেন, ‘২৫ শিশুকে শিক্ষার আলোতে আনতে পারাটা আমার জীবনের শ্রেষ্ঠ উদ্যোগ। জীবনে অন্তত একটি ভালো কাজ করতে পেরেছি বলে মনে হচ্ছে। আমরা নিজ অবস্থানে থেকে অন্তত একটি ভালো কাজ করলে দ্রুত সমাজ বদলে যাবে।’