ইটভাটার কবলে কৃষিজমির মাটি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাতটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানের বন বিভাগ ও কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল)। কৃষিবিদদের মতে, জৈব পদার্থসমৃদ্ধ মাটির ওই অংশ কেটে নিলে দীর্ঘ সময়ের জন্য জমি অনুর্বর হয়ে পড়ে। ইটভাটার মালিকদের দ্বারা প্রলুব্ধ হয়ে জমির মালিকেরা মাটি বিক্রি করছেন বলে জানা গেছে। এ ছাড়া সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা করা আইনত নিষিদ্ধ হলেও সাত ইটভাটাই বনের আধা কিলোমিটারের মধ্যে।কৃষি বিভাগ জানায়, জমির উপরিভাগের ছয়-আট ইঞ্চি গভীরের মাটিতেই মূলত পুষ্টিগুণ থাকে। প্রতিবছর মাটি কাটার কারণে জমির উর্বরাশক্তি নষ্ট হচ্ছে। এতে চাষের সময় সার লাগছে বেশি সরেজমিনে গিয়ে জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার দৃশ্য চোখে পড়ে। উপজেলার দমদমিয়া, মোচনি, লেদা, উত্তর লেদা, দৈঘ্যাকাটা, লম্বাঘোনা, পল্লানপাড়া ও রাজারছড়া এলাকার বিস্তীর্ণ জমির মাটি কাটা চলছে। শ্রমিকেরা মাটি কেটে পিকআপ ও ঠেলাগাড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছে।মোচনী ও লেদা এলাকার বন ও কৃষিজমির মাটি কাটায় নিয়োজিত শ্রমিকেরা জানান, স্থানীয় জমির মালিকেরা বিভিন্ন ইটভাটার মালিকদের কাছে মাটি বিক্রি করেন। এ কাজের জন্য তাঁদের দৈনিক ২০০-২৫০ টাকা মজুরি দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সাতটি ইটভাটার মালিকেরা সংশ্লিষ্ট এলাকার জমির মালিকদের কাছ থেকে প্রতি হাজার ঘনফুট মাটি ছয় থেকে আট হাজার টাকায় কিনে নিচ্ছেন। ইটভাটার মালিক শাহ আলম ও আবুল হাশেম বলেন, ‘প্রতিবছর মৌসুম এলে বিপুল পরিমাণ মাটির চাহিদা মেটাতে মালিকদের হিমশিম খেতে হয়। অনেক ইটভাটার মালিক চাহিদা অনুযায়ী মাটি পাচ্ছেন না। তাই জমির উপরিভাগের মাটি কিনে নিয়ে সে চাহিদা মেটানো হচ্ছে।’পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলার সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, ইটভাটাগুলো কোনো ধরনের নীতিমালা না মেনে সংশ্লিষ্ট এলাকার বন ও ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। ফলে জমির উর্বরাশক্তি নষ্ট হচ্ছে। আর হুমকির মুখে পড়ছে পরিবেশ। তিনি আরও জানান, আগামী কিছুদিনের মধ্যে উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইউছুফ ভূইয়া বলেন, ‘টাকার লোভে জমির মাটি বেচে জমির মালিকেরা নিজেদেরই ক্ষতি করছেন। জমির হারানো পুষ্টিগুণ ফিরে পেতে প্রায় ১৫-২০ বছর সময় লাগে। এতে জমিতে ফসল কম হবে।’টেকনাফ রেঞ্জ কর্মকর্তা গাজী মতিউর রহমান বলেন, ‘বনাঞ্চলে তিন কিলোমিটারের ইটভাটা স্থাপন বেআইনি। সংশ্লিষ্ট এলাকায় ইটভাটা স্থাপন করায় বন ও পরিবেশ হুমকির মুখে। বনসংলগ্ন এলাকায় কীভাবে এগুলোর অনুমোদন দেওয়া হয়, তা বোধগাম্য নয়। ইটভাটার লাইসেন্স বন বিভাগ থেকে দেওয়া হয় না, এটা সর্ম্পূণ জেলা প্রশাসনের আওতাধীন। ’এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘জমির মালিকেরা পরিবেশ আইন ও ভূমি নীতিমালা অমান্য করছেন। ইটভাটার মালিকদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’