ইটভাটার ধোঁয়া, ধুলাবালুর মধ্যে চলছে লেখাপড়া

ইটভাটার ধুলাবালু ও ধোঁয়ায় আচ্ছন্ন বিদ্যালয়ের শ্রেণিকক্ষ। ট্রাকসহ ভারী যানবাহন ও ইট তৈরির যন্ত্রের বিকট শব্দে কানে তালা লাগার জোগাড়। এমন পরিবেশে পড়াশোনা করছে বান্দরবান সদর উপজেলার গুংগুরু খেয়াংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সম্প্রতি এই বিদ্যালয়ে গিয়ে এমন পরিস্থিতি দেখা গেছে। বিদ্যালয়সংলগ্ন একটি ইটভাটার কারণে এ রকম অবস্থার সৃষ্টি হয়েছে বলে শিক্ষক ও ছাত্রছাত্রীরা জানিয়েছেন।
বিদ্যালয়ের ছাত্র হ্লামংপ্রু খেয়াং ও সাথুইচিং খেয়াং বলে, ভারী ট্রাক ও ইট তৈরির যন্ত্রের শব্দে শিক্ষকের কথা শুনতে পায় না তারা। ধুলাবালু ও ধোঁয়ায় চোখ জ্বালাপোড়া করে। বেশির ভাগ শিক্ষার্থী সারা বছর সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত থাকে।
এ নিয়ে ক্ষুব্ধ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা। শিক্ষক মংহ্লাপ্রু খেয়াং ক্ষোভ প্রকাশ করে বলেন, ইটভাটা বন্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ এ পর্যন্ত অসংখ্য অভিযোগ করেছে। এ নিয়ে মানববন্ধনও হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। প্রশাসন থেকে ইটভাটাটি বন্ধের উদ্যোগ না নিলে তাঁরা উচ্চ আদালতে যাবেন।
তবে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে চাননি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোবেদা বেগম। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সমস্যাটা দীর্ঘদিনের। এই সমস্যার কথা সবাই জানে। আমাদের তো কিছুই করার নেই।’
গুংগুরু খেয়াংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এবিসি নামের ওই ইটভাটায় গিয়ে দেখা যায়, সেখানে অবাধে কাঠ পোড়ানোর পাশাপাশি ব্যবহার করা হচ্ছে কৃষিজমির মাটি।
এ ব্যাপারে জানতে চাইলে ইটভাটার জ্বালানি মিস্ত্রি আলমগীর হোসেন বলেন, ইটভাটায় প্রতিদিন ২৫০ থেকে ৩০০ মণ জ্বালানি কাঠ পোড়ানো হয়। এই কাঠ কোথা থেকে আনা হচ্ছে প্রশ্ন করা হলে তিনি জবাব দেননি।
তবে ওই পাড়ার বাসিন্দা রবি চাঁন খেয়াং ও থুইসাপ্রু খেয়াং বলেন, আশপাশের বন থেকেই এই ইটভাটার কাঠ সংগ্রহ করা হয়। ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের কারণে বনাঞ্চল হুমকির মুখে।
প্রশাসন সূত্রে জানা গেছে, গুংগুরু খেয়াংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এবিসি ইটভাটা ছাড়াও জেলার রোয়াংছড়ি উপজেলা, সদর উপজেলা, সুয়ালক ও লামা উপজেলার আরও চারটি ইটভাটার অবস্থান বিদ্যালয়ের পাশে। জেলা প্রশাসন ২০১০ সালের এক প্রতিবেদনে এই ইটভাটাগুলো বন্ধ করার সুপারিশ করে। কিন্তু পরবর্তী সময়ে রহস্যজনক কারণে প্রশাসন ইটভাটাগুলো বন্ধ ও উচ্ছেদ করেনি।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জমির উদ্দিন বলেন, বান্দরবানে ৫২টি ইটভাটা রয়েছে। কিন্তু একটিরও বৈধ অনুমতিপত্র নেই। গত বছরের ১৭ নভেম্বর জেলা পরিবেশ কমিটির সভায় ইটভাটাগুলোর বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এ ব্যাপারে কী অগ্রগতি হয়েছে, তা বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের জানানো হয়নি।
এবিসি ইটভাটার মালিক মোহাম্মদ ইসলাম বলেন, জেলা পরিবেশ কমিটি নতুন স্থান নির্ধারণ করে দিলে তিনি ইটভাটাটি সরিয়ে নেবেন। এখন সরকারি কোনো অনুমতি না থাকায় উচ্চ আদালত থেকে অনুমতি নিয়ে কাজ করছেন। কিন্তু কাঠ পোড়াতে ও কৃষিজমির মাটি ব্যবহারে আদালতের অনুমতি রয়েছে কি না জানতে চাইলে মো. ইসলাম বলেন, সবাই যেভাবে ইট পোড়াচ্ছে তিনিও সেভাবে পোড়াচ্ছেন।
জেলায় ইটভাটার ছাড়পত্র প্রদানসংক্রান্ত অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী বলেন, পরিবেশগত ঝুঁকিপূর্ণ ইটভাটা বন্ধের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। গুংগুরু খেয়াংপাড়ার প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ইটভাটার ব্যাপারে অভিযোগ রয়েছে। অবিলম্বে বান্দরবান সদর উপজেলার ইটভাটাগুলোর বিষয়েও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশগত ঝুঁকির তথ্য গোপন করে আদালতের আদেশ নেওয়া হলে বিষয়টি আদালতে উপস্থাপন করা হবে।