ইটভাটার ধোঁয়া ও শীতে মরছে গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটার ধোঁয়া, ঘন কুয়াশা এবং শীতজনিত কারণে চট্টগ্রামের ফটিকছড়ির পাঁচটি সড়কের দুই পাশে লাগানো রেইন ট্রি, মেহগনি, শিশুসহ বিভিন্ন প্রজাতির গাছ মরে যাচ্ছে। এ পর্যন্ত এসব প্রজাতির শতাধিক গাছ মরে গেছে এবং আরও বেশ কিছু গাছের পাতা ও ডালপালা শুকিয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় স্থানীয় লোকজন এসব গাছের ডালপালা কেটে নিয়ে যাচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ফটিকছড়ি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় এক হাজার ৭৪ কিলোমিটার কাঁচা রাস্তা ও পাকা সড়ক আছে। এর মধ্যে সওজের আওতায় ৭৭ কিলোমিটার এবং এলজিইডির আওতায় ৯৯৭ কিলোমিটার সড়ক। এসব সড়কের দুই ধারে ১০-২৫ বছর আগে শিশু, রেইন ট্রি, মেহগনি, কড়ই, ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। সওজ ও এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশা, আশপাশের ইটভাটার ধোঁয়া এবং শীতজনিত কারণে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট-কাজীরহাট, নাজিরহাট-ফটিকছড়ি, দরবার শরিফ-নাজিরহাট, নানুপুর-আজাদী বাজার, গহিরা-হেঁয়াকো সড়কের দুই পাশের শতাধিক গাছ মারা গেছে। নাজিরহাট ডিগ্রি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষক মো. সাহাবুদ্দিন বলেন, শীতে তাপমাত্রার অভাবে সালোক সংশ্লেষণ না হওয়ায় শিশু ও কড়ই গাছ মরে যেতে পারে। এ ছাড়া বায়ুদূষণ ও ধোঁয়ার কারণেও গাছ মরতে পারে। এলাকাবাসী জানান, শীতজনিত কারণ ছাড়াও ইটভাটার কারণে বহু গাছ মরে গেছে। উপজেলায় বিভিন্ন সড়কসংলগ্ন অন্তত ২৮টি ইটভাটা আছে। ইটভাটার চিমনি থেকে নির্গত ধোঁয়ায় গাছের পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে। বিশেষ করে ফটিকছড়ি-কাজীরহাট, নাজিরহাট-মাইজভান্ডার সড়কের দুই পাশের গাছ বেশি মারা যাচ্ছে। সওজের ফটিকছড়ি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী স্বপন দাশ বলেন, ‘সড়কের গাছগুলো মরে যাচ্ছে শুনেছি। মরে যাওয়া গাছগুলো বিক্রির আপাতত কোনো পরিকল্পনা নেই।’ ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত বলেন, এলজিইডির সড়কে মরে যাওয়া গাছ কাটার জন্য ইউনিয়ন পরিষদ ও দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থাকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গাউছুল আজম বলেন, ‘কয়টি গাছ মরে গেছে, তা জরিপ করে নির্ধারণ করা হবে। পরে এ গাছগুলো সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দরপত্র আহ্বান করে বিক্রি করা হবে।’ ফটিকছড়ি উপজেলা বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের রেঞ্জার মো. আবদুস সবুর বলেন, দীর্ঘ সময় শীত ও ঘন কুয়াশা অব্যাহত থাকলে এবং তাপমাত্রা অতিরিক্ত কম হলে গাছ মরে যেতে পারে।