বাগানের মূল্যবান গাছ কেটে সেই জমি থেকে মাটি নেওয়া হচ্ছে খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি এলাকার একটি ইটভাটায়। ইটভাটাটির দু-তিন শ মিটারের মধ্যে জনবসতি থাকলেও এতে ইট পোড়ানোর জন্য ব্যবহার করা হয় বনের কাঠ। জনপ্রতিনিধিসহ প্রশাসনের লোকজন এ ব্যাপারে নির্বিকার রয়েছেন বলে এলাকার বাসিন্দারা অভিযোগ করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলায় ৩৩টি ইটভাটা রয়েছে। এসব ইটভাটার কোনোটিরই বৈধ অনুমতিপত্র (লাইসেন্স) নেই। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে এসব ইটভাটা। সূত্রমতে, পার্বত্য এলাকায় ইটভাটা নির্মাণ ও পরিচালনা বেআইনি হলেও প্রশাসন ও মালিকদের মধ্যে অলিখিত বোঝাপড়ার মাধ্যমে এসব ইটভাটা পরিচালিত হয়ে থাকে। এই সুবাদে ভাটাগুলোতে জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে বন-পাহাড় কিংবা বাগানের কাঠ ব্যবহার করেন মালিকেরা। খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি এলাকার বাসিন্দাদের অভিযোগে জানা যায়, সম্প্রতি এখানে আরএমএইচ নামের এক ইটভাটায় উৎপাদনকাজ শুরু হয়েছে। স্থানীয় এক বাগানের মূল্যবান প্রায় ১০০ মেহগনি গাছ কেটে সেখানকার জমি থেকে মাটি নেওয়া হচ্ছে ইটভাটার জন্য। বাগানের মালিক প্রদীপ কুমার চাকমা জানান, তিনি প্রায় ২০০ মেহগনিগাছের বাগানটি সৃজন করেছেন ১২-১৩ বছর আগে। কিন্তু গাছ বড় হয়নি। তাই বাগানের গাছ কেটে ইটভাটার মালিকের কাছে মাটি বিক্রি করে দিয়েছেন। ওই জায়গায় ধান চাষ করা হবে বলে তিনি জানান। সরেজমিনে ঘুরে দেখা যায়, একটি মেহগনি বাগানের শ-খানেক গাছ কেটে ফেলা হয়েছে। বর্তমানে ওই বাগানের মাটি কেটে জড়ো করা হচ্ছে ইটভাটার জন্য। মাটি এমনভাবে কাটা হচ্ছে, কাছে না গেলে বোঝা যাবে না ওই জায়গায় বাগান ছিল। স্থানীয় লোকজন অভিযোগ করেন, বহু বছর ধরে এই ইটভাটা পরিচালিত হচ্ছে। ইট পোড়ানো শুরু হলে ধোঁয়ায় আশপাশের এলাকায় পরিবেশ দূষিত হয়ে ওঠে। জনপ্রতিনিধিসহ প্রশাসনে এ ব্যাপারে অভিযোগ করা হলেও কোনো কাজ হয়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইটভাটার মালিক পৌর কাউন্সিলর মো. রাশেদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। খাগড়াছড়ির রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, ব্যক্তিমালিকানাধীন বাগানের গাছ কাটার ব্যাপারে বিধিনিষেধ নেই। তবে ওই গাছ স্থানান্তর করা যাবে না। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হলে বন বিভাগের অনুমতির প্রয়োজন পড়বে। জেলায় অনুমোদনহীন ইটভাটা সম্পর্কে জানতে চাইলে খাগড়াছড়ির জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া বলেন, ‘পার্বত্য এলাকায় ইটভাটা পরিচালনা করা যাবে না, এ ধরনের একটি আইন আছে। কিন্তু আমরা এ আইনটি পুরোপুরি বাস্তবায়ন করতে পারি না। কারণ, স্থানীয়ভাবে ইটের চাহিদা আছে। এই ইট স্থানীয়ভাবে উৎপাদিত না হলে বাইরের জেলা থেকে ইট এনে উন্নয়নকাজ করা সম্ভব নয়। তাই আমরা সীমিতভাবে ইট উৎপাদনের অনুমোদন দিয়ে থাকি।’