ইটভাটায় যাচ্ছে রামুর কৃষি জমির মাটি
রামুর বিভিন্ন স্থানে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) বিক্রি হচ্ছে ইটভাটায়। কৃষিবিদদের মতে, জৈব পদার্থসমৃদ্ধ মাটির ওই অংশ কেটে নিলে দীর্ঘ সময়ের জন্য কৃষিজমি অনুর্বর হয়ে পড়ে। ইটভাটার মালিকদের দ্বারা প্রলুব্ধ হয়ে জমির মালিকেরা মাটি বিক্রি করছেন বলে জানা গেছে।২ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ছাইদুল হক অভিযান চালিয়ে পাঁচটি মাটিভর্তি পিকআপ আটক করেছেন বলে জানান। উপজেলার উখিয়ারঘোনা ও খেনচরঘোনা এলাকায় এ অভিযান চলে।কৃষি বিভাগ জানায়, জমির উপরিভাগের চার-ছয় ইঞ্চি গভীরের মাটিতেই মূলত পুষ্টিগুণ থাকে। প্রতিবছর মাটি কাটার কারণে জমির উর্বরাশক্তি নষ্ট হচ্ছে। এতে চাষের সময় অধিক সার দিতে হচ্ছে।২ জানুয়ারি সরেজমিনে পরিদর্শনে গিয়ে জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার দৃশ্য চোখে পড়ে এ প্রতিবেদকের। বাঁকখালী নদীর তীর, পশ্চিম মেরংলোয়া, লম্বরীপাড়া, খেনচরঘোনা ও উখিয়ারঘোনা এলাকার বিস্তীর্ণ জমির মাটি কাটা চলছে। শ্রমিকদের মাটি কেটে পিকআপে বোঝাই করার দৃশ্য দেখা গেছে। বাঁকখালী নদীর তীরে মাটি কাটায় নিয়োজিত শ্রমিকেরা জানান, স্থানীয় বাসিন্দা জিয়াবুল সওদাগর ও মোহাম্মদ আলম বিভিন্ন ইটভাটার জমি ভরাটের জন্য মাটি ও বালু বিক্রি করেন। এ ব্যাপারে মো. জিয়াবুল বলেন, ‘মসজিদে সরবরাহের জন্য ইউএনওর কাছ থেকে অনুমতি নিয়ে মাটি কাটছি।’ মোহাম্মদ আলম জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। খোঁজ নিয়ে জানা গেছে, জমির মালিকেরা প্রতি হাজার ঘনফুট মাটি আট থেকে ১০ হাজার টাকায় বিক্রি করছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, ‘এক কানি জমিতে প্রায় ৩৫ কেজি ইউরিয়া সার দিতে হয়। কিন্তু মাটি কেটে নেওয়া জমিতে এর প্রায় দ্বিগুণ সার দিতে হয়। ফলনও স্বাভাবিকের চেয়ে কম হয়। এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিস্তীর্ণ জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে।’ ইটভাটার মালিক ফরিদুল আলম বলেন, ‘রামু উপজেলায় ৩০টি ইটভাটা রয়েছে। প্রতিবছর মৌসুম এলে বিপুল পরিমাণ মাটির চাহিদা মেটাতে মালিকদের হিমশিম খেতে হয়। অনেক ইটভাটার মালিক চাহিদা অনুযায়ী মাটি পাচ্ছেন না। ’উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘টাকার লোভে মাটি বেচে জমির মালিকেরা নিজেদেরই ক্ষতি করছেন। জমির হারানো পুষ্টিগুণ ফিরে পেতে প্রায় ১৫-২০ বছর সময় লাগে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘জমির মালিকেরা পরিবেশ আইন ও ভূমি নীতিমালা অমান্য করছেন।’