ইডেন থেকে বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যেদিন আমি ইডেন কলেজে হিসাববিজ্ঞানের প্রথম শিক্ষক হিসেবে পা রাখি, সেদিন সেখানে হিসাববিজ্ঞান বিভাগই ছিল না। সালটা ১৯৮১। ইডেন কলেজে কলেজই চালু ছিল, আর তাতে হিসাববিজ্ঞানের ক্লাস হতো বাণিজ্য বিভাগের অধীনে। সব সময় গরম হয়ে থাকা বাংলা, ইংরেজি ইত্যাদি বিভাগকে পাশ কাটিয়ে ক্লাস নিতে যেতাম একাদশ শ্রেণীতে গুটিসুটি মেরে বসে থাকা ১৪ জন ছাত্রীর। আর প্রতিবারই ক্লাস শেষে বেরোতাম মন খারাপ করে। এত বড় কলেজে হিসাববিজ্ঞানের আলাদা বিভাগ থাকবে না! কিছুদিন পর আরও কয়েকজন শিক্ষক যোগ দিলেন। তাঁদের সহযোগিতায় আর নিজের উদ্যোগে স্ট্যাম্প, সিল ইত্যাদি তৈরি করে অনুমতি সাপেক্ষে ১৯৯১ সালে শুরু করেছিলাম ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগ। নির্মাণাধীন একটি ভবনের দরজা, জানালাবিহীন কক্ষ, আর পড়ে থাকা পুরোনো চেয়ার-বেঞ্চে সাজানো হলো ক্লাসরুম। সেই অসম্পূর্ণ ক্লাসরুমে পোঁতা ছোট্ট স্বপ্নের চারাগাছটি আজ ফুল-ফলের এক বিশাল মহীরুহ। এর নাম এখন ইডেনের রয়্যাল ডিপার্টমেন্ট, ইডেনের হিসাববিজ্ঞান বিভাগ।’ স্মৃতিচারণা শেষ করেই এক গর্বিত হাসি দিলেন ইডেনের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক প্রধান (বর্তমান কলেজ উপাধ্যক্ষ) স্বপ্না রানী সাহা। গর্বিত না হওয়ার কোনো কারণই নেই। ২০০৬-০৭ সালের মাস্টার্স পরীক্ষায় হিসাববিজ্ঞান বিভাগ থেকেই ফার্স্ট ক্লাস পেয়েছেন ১৮২ জন ছাত্রী, যা বাংলাদেশে তৈরি করেছে রেকর্ড! কীভাবে এতজন ফার্স্ট ক্লাস পেলেন? কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা? অনুপ্রেরণা পেলেন কোথা থেকে? শিক্ষকেরাই বা কীভাবে পড়াতেন ওঁদের? চলুন, তাঁদের মুখেই শোনা যাক সেসব কথা। প্রথমেই বলা যাক জলি রানী পোদ্দারের কথা। পুরো দেশের মেধাতালিকায় ১২তম স্থান দখল করা জলির বসত নারায়ণগঞ্জে। সপ্তাহে তিন-চার দিন ক্লাসে আসতেন এত দূরের পথ ভেঙে। তাহলে কি বলা যাবে, তিনি খুব ক্লাসপ্রিয় ছাত্রী? অবশ্যই! ক্লাস করতে খুব ভালো লাগত তাঁর। কারণ ক্লাসে শিক্ষকেরা যতটা পড়াতেন, ততটাই উৎসাহ জোগাতেন ভালো কিছু করার। জলি বলেন, ‘আমার তো মনে হয়, ওনাদের উৎসাহটাই আমাদের বেশি অনুপ্রাণিত করেছে।’ তাঁর কথাকেই যেন সমর্থন করলেন ওই বিভাগের শিক্ষক ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘আমাদের উদ্দেশ্যই থাকে পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগতভাবে সবার যত্ন নেওয়ার। হোক তা পাসের আগে কিংবা পরে।’ আর রাশেদুল হাসান স্যার বললেন, ‘ওদের ওপর আমরা কোনো দিনই আস্থা হারাইনি। ওরা ভালো করবেই, এই বিশ্বাস ধরে রেখে আমরা পড়াই।’ ছাত্রীরাও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্বাস ধরে রেখেছেন শিক্ষকদের। আঁখির মুখেই না হয় শুনুন, ‘পরীক্ষার আগের শেষ তিন মাস রাত জেগে পড়েছি। সিএ ফার্মে কাজ করছিলাম। সেই চাপের ভিড়েও মাস্টার্সের পড়ায় হেলা করিনি।’ মাস্টার্সকে হেলা করেননি আরেক ফার্স্ট ক্লাস পাওয়া ছাত্রী শারমিন সুলতানাও। তিনি বললেন, ‘অনার্সে একটুর জন্য ফার্স্ট ক্লাস পাইনি। তখনই জিদ চেপে গিয়েছিল। মাস্টার্সে ভালো করতেই হবে। ভালো করেছি, এখন ভালো লাগছে।’ ভালো লাগারই কথা। জিদ না থাকলে নাকি ভালো ফলাফল ধরে রাখা যায় না। তবে ফার্স্ট ক্লাস পাওয়া সাথীকে ব্যতিক্রম মানতেই হবে! একটি রিভলভিং চেয়ারের স্বপ্ন তাঁকে নিয়ে গেছে অনেক দূর। অবাক লাগছে না? খুলেই বলা যাক। সাথীর বাবা ছিলেন ব্যাংকার। সাথী যখন বাবার ব্যাংকে যেতেন, তখন দেখতেন, বাবা কাজ করছেন সবার সঙ্গে বসে, আর দূরে ব্যাংকের প্রধান বসে আছেন একটি বড় রিভলভিং চেয়ারে। তখনই সাথী ঠিক করেছিলেন, ওই চেয়ারটিই তাঁর চাই। আর এই প্রস্তুতির একটি বড় অংশ হলো এই ফলাফল। মজার ঘটনা নয় কি? ‘অবশ্যই!’ হেসে যোগ করলেন শিক্ষিকা নাজমুন নাহার। ‘যারা ভালো করেছে, তাদের একটি বড় গুণ হলো স্বপ্ন দেখতে জানা। একই সঙ্গে বলতে হবে, তারা অনেক কৌশলীও বটে।’ ভালো ফলাফলের কৌশল? কী হতে পারে কৌশলগুলো? উত্তর দিলেন ফার্স্ট ক্লাস পাওয়া সুমি। তিনি বললেন, তাঁর এই ফলের গোপন কৌশল ছিল মূলত দুটি। প্রথমত, গ্রুপ স্টাডি এবং গ্রুপ স্টাডি। দ্বিতীয়ত, শিক্ষকদের সঙ্গে সব সময় যোগাযোগ রক্ষা। সুমি বললেন, ‘স্যার, আপারা সহযোগিতা না করলে ধরতেই পারতাম না কীভাবে পড়ব। ওনারা না থাকলে যে কী হতো!’ সুমির বিনীত জবাব বিনয়ের সঙ্গেই ফিরিয়ে দিলেন শিক্ষক ফেরদৌস আক্তার। তিনি বললেন, ‘ওরা নয়, বরং আমরাই বেশি গর্বিত ওদের শিক্ষক হতে পেরে। সোনার ফলাফল করেছে আমাদের সোনার মেয়েরা।’ কৃতিত্ব ভাগাভাগির এই লড়াইয়ের ব্যতিক্রম শুধু ফাহমিদা। তিনি সব কৃতিত্ব দিতে চান সন্তানকে। তাকে গর্ভে লালন করেই তো অবতীর্ণ হয়েছিলেন মেধার লড়াইয়ে। পরীক্ষা শেষে কী পেলেন? কোলজুড়ে সন্তান আর মাথায় মেধার মুকুট। এই ছিল ১৮২ জনের কয়েকটি গল্প। সত্যি গল্প, বিভাগের শিক্ষক আয়েশা সৈয়দা ও আঞ্জুমান আরা গল্পের সারাংশ টানলেন এভাবে, ‘ইডেনের হিসাববিজ্ঞান বিভাগের ১৮২ জন প্রমাণ করেছে, মেধার লড়াইয়ে ইডেন লড়ার মতো লড়তে জানে। এই জয় অব্যাহত থাকবে। এই বিশ্বাস আমাদের অটুট ছিল, আছে, থাকবে আজীবন।