ইডেনের আসমা সারা দেশে প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মনে করি নিয়মিত লেখাপড়া করলে ভালো ফল হবেই।’ বলছিলেন ২০০৪-০৫ সেশনের স্নাতক পরীক্ষায় বাংলাদেশে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া আসমা আক্তার।ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক শেষ করা কৃতী শিক্ষার্থীদের তালিকায় নাম না-জানা অনেকেই থাকলেও আসমার ভালো ফলে আনন্দে ভাসছে পুরো ডিপার্টমেন্ট।আসমা বললেন, ‘পদার্থবিজ্ঞান বিষয়টি আমাকে সব সময়ই আনন্দ দেয়। স্কুলে কোনো দিন শিক্ষকদের কাছে পড়তে হয়নি। নিজের আনন্দেই পড়তাম। কলেজে এই ভালো লাগাটা তো কমেইনি, বরং বেড়েছে। ভাবতাম, বড় হলে পদার্থবিজ্ঞানের শিক্ষক হব। সেই চিন্তা থেকেই স্নাতকেও পদার্থবিদ্যা নিয়েছিলাম।’ আসমার প্রথম হওয়ার পেছনে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বটে। ভালো লাগা থেকেই পড়েছেন সব সময়।আসমা জানান, ভালো ফলের পেছনে একটাই সূত্র—নিয়মিত পড়ে যাওয়া। পদার্থবিজ্ঞান বিষয়টি অনেকের কাছে দুর্বোধ্য মনে হলেও, আসমার কাছে মনে হতো নারকেলের মতো—বাইরে কঠিন, ভেতরে নরম, সুমিষ্ট। আসমার মতে, বিষয় কোনো ব্যাপার নয়, ভালো ফলের জন্য পড়ার আগ্রহটাই বড়। শুধু তা-ই নয়, জানার জন্যও পড়তে হবে। ভালো নম্বর পাওয়া আর ভালো করে জানার মধ্যে ফারাক থাকে বিস্তর।পরিবারে আদরের ছোট মেয়ে আসমা বাড়িতে লিপি নামে পরিচিত। আসমার সব সময়ের অনুপ্রেরণা মা ও বাবা। মা নূরজাহান বেগম বললেন, ‘নিজের পড়ালেখা লিপি নিজেই দেখেছে সব সময়। আর ও পরীক্ষার ব্যাপারেও খুব যত্নশীল। নবম শ্রেণীতে পড়ার সময় ভুল করে পদার্থবিজ্ঞানে একের অর্ধেক নম্বর কাটা পড়েছিল। তা-ই নিয়ে কেঁদেছিল সারা দিন।’ মায়ের স্মৃতিচারণায় একটু লজ্জাই পেলেন আসমা। বললেন, ‘পড়ালেখার ব্যাপারে মা-বাবা আমাকে কোনো দিনই অতিরিক্ত চাপ দিতেন না। বাবা শুধু পরীক্ষার আগে বলতেন, “পড়ছ তো মা? দুশ্চিন্তা কোরো না।” ওটুকুই আমার জন্য যথেষ্ট ছিল। আর মা কোনো অনুষ্ঠানে যেতেন না যখন আমার পরীক্ষা চলত।’আসমার মতো যাঁরা সর্বোচ্চ ফল করতে চান, তাঁদের জন্য তাঁর একটাই পরামর্শ, ‘পুরো বই পড়তে হবে, একটি অধ্যায়ও বাদ দেওয়া যাবে না। একই সঙ্গে অধ্যায়ের সঙ্গে সংশ্লিষ্ট ল্যাবের কাজ অনুশীলন করতে হবে। তবে সবচেয়ে বেশি কাজে আসবে গ্রুপ স্টাডি। ভালো ফল করতে নিয়মিত ক্লাস আর ভালো ভালো স্টাডি সার্কেলের কোনো বিকল্প নেই।’আসমার অধ্যবসায়েরই তারিফ করলেন পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন আশীষ কুমার ভট্টাচার্য। তিনি বলেন, ‘ইডেনে পদার্থবিজ্ঞানের ক্লাস-পদ্ধতি ও ল্যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমতুল্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন হওয়ায় আমাদের কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা তা অতিক্রম করেছি আন্তরিকতা দিয়ে। আসমার এই সাফল্যে আমরা গর্বিত, আমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে।’আসমার স্বপ্ন, শিক্ষা বিভাগের বিসিএস ক্যাডার হওয়া। ভবিষ্যতের শিক্ষার্থীরা যেন সেশনজটে পড়ে থমকে না যান, সেই লক্ষ্যে ব্যবস্থায় পরিবর্তন আনতে চান তিনি। আসমার চাওয়া কি পূরণ হবে না কোনো দিন?