শ্রাবণের সকাল। সাদা-নীল আকাশে মিষ্টি রোদের হাসি। সে হাসি ছড়িয়ে পড়েছে কচি ঘাসের বুকে, গাছের পাতায়...এমনকি তরুণীদের আড্ডায়ও! ৫ আগস্ট ইডেন মহিলা কলেজে পা রেখে এমনটাই মনে হলো। দেশের নারী প্রগতির ধারাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নিয়ে চলা এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাসি অবশ্য রোদ বা বৃষ্টির অপেক্ষায় থাকে না। প্রিয় ক্যাম্পাস প্রতিদিনই তাঁদের মুখে হাসি আর মনে স্বপ্ন বুনে দেয়।

খেলাধুলা
হ্যান্ডবল, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্যারম, রাগবি, তায়কোয়ান্দো—কী খেলেন না ইডেনের মেয়েরা! দৌড়-ঝাঁপ, সাইক্লিং—কোনো কিছুতেই তাঁরা পিছিয়ে নেই। ‘জাতীয় পর্যায়ের প্রায় সব আয়োজন থেকেই আমাদের মেয়েরা পুরস্কার নিয়ে আসে।’ বলছিলেন শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক লেফটেন্যান্ট লায়লা আঞ্জুমান আরা। স্নাতক প্রথম বর্ষ থেকেই খেলাধুলায় আগ্রহী মেয়েদের নিয়ে দল গঠন করে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। কিছুদিন আগেই ঢাকা আন্তমহানগর কলেজ প্রতিযোগিতায় রাগবিতে চ্যাম্পিয়ন হয়েছে ইডেন মহিলা কলেজ। দেশে ও দেশের বাইরেও অনেক ইভেন্টে খেলেছেন মেয়েরা।

পুকুরপাড়ে
ছাত্রীদের কাছে কলেজের পুকুরটির অন্য রকম আবেদন রয়েছে। পুকুরের চারপাশে বাঁধানো বেদি। সেখানে দেখা যায় কেউ গল্প করছেন, কেউ পড়ছেন। আবার কেউবা পুকুরের পানিতে পা ডুবিয়ে বসে আছেন। কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী তাসলিমা সুমি বলেন, ‘এই জায়গাটা খোলামেলা। তাই সবার ভালো লাগে।’
হল হলো নতুন ঠিকানা
আবাসিক হলকে নিজেদের ঘর মনে করেন ছাত্রীরা। হলে না থাকলে শিক্ষাজীবনই অপূর্ণ থাকে বলে মনে করেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্রী রুপা কর। তাঁর মতে, ‘পড়াশোনা থেকে শুরু করে গল্প-আড্ডায় নিজেকে মেলে ধরার সুযোগ হয় হলে থাকলে।’ হলে মাঝেমধ্যে রান্না করেন একই বিভাগের ছাত্রী সিমা আক্তার। তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন কলেজ ক্যাম্পাসের ভেতরেই সবজির দোকান থেকে কেনাকাটা করছিলেন। বললেন, ‘রাতে আমাদের ক্যাম্পাস সবচেয়ে সুন্দর।’ ইডেন কলেজের ছয়টি হলে প্রায় সাত হাজার ছাত্রী থাকেন।

দেয়ালচিত্রে নারী
কলেজের প্রথম ফটকে যেতেই চোখে পড়ে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’, ‘আমাদের দাবি মানতে হবে’, ‘উর্দু মানি না’সংবলিত প্ল্যাকার্ড। না, এখানে কেউ প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে নেই। কলেজের দেয়ালচিত্রে এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে ভাষা আন্দোলনের আবহ। যেখানে দেখা যায়, নারী-পুরুষ একসঙ্গে ভাষার দাবিতে আন্দোলন করছেন। পাশের উদ্বোধনী ফলকে লেখা, ‘মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে নারীর গৌরবময় ভূমিকা এবং নারীর ক্ষমতায়নের ওপর নির্মিত ম্যুরাল।’ কেবল ভাষা আন্দোলন নয়, দেয়ালচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের নারীদের বীরত্বগাথা উঠে এসেছে। কলেজের দেয়ালজুড়েই এমন নয়টি দেয়ালচিত্র চোখে পড়বে।
শিক্ষাসহায়ক কার্যক্রম
কলেজের শিক্ষাসহায়ক কার্যক্রমের মধ্যে রোভার স্কাউট, বিএনসিসি, তায়কোয়ান্দো, ছায়াবীথি অন্যতম। ‘জ্ঞান, শৃঙ্খলা, একতা’ মূলমন্ত্রে উদ্দীপ্ত হয়ে ১৯৭৯ সালে এই কলেজে বিএনসিসির যাত্রা শুরু। স্বেচ্ছাসেবী এ সংগঠনটির দুটি প্লাটুন সাফল্যের সঙ্গে কাজ করে আসছে। শিক্ষার্থীদের কাছেও বিএনসিসি বেশ জনপ্রিয়। দুটি প্লাটুনে ৬২ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও প্রায় ১০০ শিক্ষার্থী আছেন বলে জানালেন সাবেক ক্যাডেট আন্ডার অফিসার রুমি আক্তার। বিএনসিসি এই কলেজে শৃঙ্খলা রক্ষা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মার্চপাস্ট, বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণ, মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণ করাসহ বিভিন্ন দায়িত্ব পালন করে। শুধু দেশেই নয়, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশের ক্যাম্পে অংশগ্রহণ করেছেন কলেজের ক্যাডেটরা। সাংস্কৃতিক সংগঠন ‘ছায়াবীথি’ শিক্ষার্থীদের গান, নাচ, ছবি আঁকাসহ সাংস্কৃতিক বিকাশে সহায়তা করে। জানা গেল, ভবিষ্যৎ প্রজন্মকে ঐতিহ্যের স্বাদ ও শিল্পচর্চায় আগ্রহী করাই ছায়াবীথির উদ্দেশ্য।

পড়াশোনার পরিবেশ খুব ভালো
গায়ত্রী চ্যাটার্জী, অধ্যক্ষ
পরিবেশগতভাবে কলেজটি মেয়েদের জন্য অনুকূল। এখানে পড়াশোনার পরিবেশ খুব ভালো। আমাদের “ভিজিল্যান্স টিম” আছে, তাঁরা কলেজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। তাঁরা দেখেন, শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করছে কি না। তা ছাড়া শিক্ষকেরাও নিজ দায়িত্বের প্রতি আন্তরিক। তাই মেয়েরা স্নাতক ও স্নাতকোত্তর—দুটি ক্ষেত্রেই ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। সে জন্য দেশের বেশির ভাগ মেয়ের পছন্দের কলেজ ইডেন। শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও এই কলেজে প্রচুর মেয়েরা পড়তে আসে। আমরা কলেজের সুনাম রক্ষায় সব সময় সচেষ্ট ছিলাম, আছি, থাকব।

শিক্ষার্থীদের চাওয়া
ক্যাম্পাস নিয়ে না পাওয়ার কিছু কথাও বললেন শিক্ষার্থীরা। কলেজে মোট বাসের সংখ্যা তিনটি। যা প্রয়োজনের তুলনায় খুব কম বলে অভিযোগ অনেকের। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘সব রুটে বাস চলে না। কলেজে আসতে-যেতে আমাদের অনেক সমস্যা হয়।’ অনেকেই রাজধানীর বাইরে থেকে এই কলেজে পড়তে আসেন। অথচ আবাসিক হলের সংখ্যা মাত্র ছয়টি। তাই অনেক শিক্ষার্থীকে বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন হোস্টেল বা বাসাভাড়া করে থাকতে হয়। শিক্ষার্থীরা চান কলেজের ক্যাম্পাসেই তাঁদের থাকার ব্যবস্থা করা হোক। এতে আবাসনের ভোগান্তি লাঘব হওয়ার পাশাপাশি তাঁরা পড়াশোনার জন্য একটি সুন্দর পরিবেশ পাবেন। এসব সমস্যা সম্পর্কে অধ্যক্ষ গায়ত্রী চ্যাটার্জী অবগত আছেন জানিয়ে বললেন, ‘জায়গা সংকটের কারণে আমাদের পক্ষে এখন নতুন হল তৈরি করা সম্ভব নয়। তবে বিষয়টি আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে। আর যাতায়াতের সুবিধার্থে বাস বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন।’
এক নজরে
কলেজটি ১৮৭৩ সালে প্রথমে স্কুল হিসেবে যাত্রা শুরু করে। পরে ১৯২৬ সালে কলেজ হিসেবে আত্মপ্রকাশ করে। ১৮ একর জমি নিয়ে গড়ে ওঠা গাছ-গাছালিতে ভরা ক্যাম্পাসটিকে মনে হয় শহরের বুকে একটুকরো সবুজ। কলেজে প্রশাসনিক ও একাডেমিক মিলিয়ে ভবনের সংখ্যা ছয়। প্রতিটি ভবনই পরিষ্কার-পরিচ্ছন্ন, শিক্ষার্থীদের পদচারণে মুখর। স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—এই তিনটি স্তরে পাঠদান করা হয়। ২২টি বিভাগে কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৫ হাজার। রয়েছে ছয়টি আবাসিক হল। পাঠাগারে আছে ৪৬ হাজারের বেশি বই। গবেষণাগারের সংখ্যা ২৮। আছে ক্যানটিন। মূল ফটকের পাশঘেঁষে দুটি অভিভাবক অভ্যর্থনাকক্ষ। ছাত্র-শিক্ষকের জন্য রয়েছে আলাদা ব্যায়ামাগার। একটা খেলার মাঠ আর পুকুরও নজর কাড়ল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ কলেজের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। মেয়েদের কলেজের মধ্যে আছে প্রথম অবস্থানে। শুরু থেকেই ইডেন কলেজ ভালো ফলাফলের সুনাম ধরে রেখেছে। এই কলেজের বহু সাবেক ছাত্রী ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছেন। তাঁদের মধ্যে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নারী স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও আছেন।