ইডেনের রানি শরমিন
‘সময়টা ছিল তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলাকালীন। কী কাজে যেন হোস্টেলের বাইরে গিয়েছি। ফিরে এসে দেখি, রুমমেট রত্না অজ্ঞান হয়ে পড়ে আছে। আশপাশের সব মেয়ে ভিড় করে শুধুই দেখছে। কেউই বুঝতে পারছিল না কী করবে। অতীতে স্কাউটিংয়ের সূত্রে অজ্ঞান রোগীকে প্রাথমিক সেবা দেওয়ার অভিজ্ঞতা ছিল আমার। সেটাই প্রয়োগ করলাম। রত্না সুস্থ হয়ে উঠল। অন্যদের চোখে আমি আলাদা হলেও এটা আমার কাছে ছিল দায়িত্ব। স্কাউটিংয়ের স্লোগানই হলো, প্রতিদিন একটি ভালো কাজ করা।’ এই মূলমন্ত্র প্রাণে ধারণ করেছেন বলেই শাহ শরমিন ইসলাম পেয়েছেন বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা—পিআরএস বা প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড। তিনি বলেন, ‘ইডেন মহিলা কলেজের প্রথম পিআরএস হতে পেরে আরও বেশি ভালো লাগছে। আমাদের দেশে রোভার স্কাউটরা ভালো করলেও রোভার প্রোগ্রাম সম্পর্কে খুব বেশি সচেতন নয়। ফলে বয়স অনুযায়ী স্তরভিত্তিক কাজগুলো শেষ করতে পারে না এবং পিআরএস হাতছাড়া হয়ে যায়। নতুন প্রোগ্রামটা অনেক বেশি যুগোপযোগী।’পিআরএসকে লক্ষ্য রেখে রোভার প্রোগ্রাম অনুসরণ করলে যেকোনো রোভারের পিআরএস পাওয়া সম্ভব। জিজ্ঞাসা করি, আপনার পিআরএসের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? বিনয়ী শরমিন নিজের কষ্টসাপেক্ষ পরিশ্রমকে পেছনে ঠেলে দিয়ে বললেন, ‘সবচেয়ে বড় অবদান আমার পরিবারের। মনে পড়ে, আমার দাদাজানের হাত ধরে বিভিন্ন ক্যাম্পের ক্যাম্পফায়ার দেখেছি। বাবা আমাকে বেসিক কোর্সের ভেন্যুতে নিয়ে গিয়েছিলেন। আর মা কোনো দিনই আমার ওপর বিশ্বাস হারাননি। আমার স্কুল জেলা সরণি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরাও অন্যতম অনুপ্রেরণা।’প্রশ্ন করি, আর বন্ধুরা? শরমিন হেসে ফেললেন। ‘আমার ৯০ শতাংশ বন্ধুই স্কাউটসের। ছোট-বড়, দেশি-বিদেশি মিলিয়ে বিশ্বজোড়া পরিবার আমার। অনেকেই বলেন, স্কাউটিং ভালো না, পড়ালেখার ক্ষতি হয়। আমি বলি, বাস্তবের চাকায় পিষ্ট হয়েও মানুষের সৃজনশীলতার ইচ্ছা কোনো দিন মরে না। আর সৃজনশীলতার হাতে-কলমে চর্চার আদর্শ স্থানই হলো স্কাউটিং। এটি সহশিক্ষা মাত্র, মূল ধারার শিক্ষার সঙ্গে এর কোনো বিরোধ নেই। স্কাউটিংয়ের জন্য তৃতীয় বর্ষে আমার প্রথম বিভাগ তো আটকে থাকেনি?’সময় বয়ে যায়, আড্ডা শেষ হয় না। প্রশ্ন করি, পিআরএস তো পেলেন, স্কাউটিংও কি শেষ? চমকে উঠলেন শ্রাবণী, ‘কোনো দিনই না। স্কাউটিং তো আজীবনের। খারাপ লাগছে এই ভেবে, এত দিনের চেনা দলটাকে ছেড়ে যেতে হবে কিছুদিন পর।’ শ্রাবণীর কণ্ঠে যেন বর্ষার মেঘ। এক ফোঁটা শ্রাবণের জল কি দেখা গেল চোখের কোণে?