ইডেনের সহস্র মেধাবীর ভিড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্ধু কেমন আছিস, কোথায় ছিলি, কোনো খবর নেই কেন? ভুলে যেতে পারলি! যাবিই তো। বলেছিলি সপ্তাহে অন্তত এক দিন দেখা হবে!’ এক নিঃশ্বাসে প্রশ্নগুলো করে হেসে দিলেন সম্পা। এত দিন পর দেখা, রাগ করে সময় নষ্ট করতে চায় না কেউই। গত ২৬ জানুয়ারি ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত হলো ‘কৃতী ছাত্রী এবং ক্রীড়াবিদ সংবর্ধনা’। অনুষ্ঠানের শুরুতেই নৃত্যে ছন্দে আনন্দে ও ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যের পরই শুরু হয় ক্রেস্ট ও সনদ বিতরণ পর্ব। এবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইডেন কলেজে ২০টি বিভাগে ১০৭৬ জন প্রথম শ্রেণী পেয়েছেন। খেলোয়াড়রাও কম কিসে, ২০১০ সালে সাফ গেমস শুটিংয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্রী ফারহানা কাউসার ও ব্যাডমিন্টনে ফিন্যান্সের ছাত্রী এলিনা সুলতানা ব্রোঞ্জপদক এবং আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে নয়জন ছাত্রী স্বর্ণপদক পেয়েছেন। পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাসটাও ছিল চোখে পড়ার মতো। পদক বিতরণ শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বের প্রথমেই সংকোচের বিহ্বলতা কোরাস গানটির সঙ্গে নাচ নিয়ে আসেন ছায়াবীথির ছাত্রীরা। কী ছিল না অনুষ্ঠানে—নাচ, গান, কবিতা আবৃত্তি, জাদু। পূজা, বুলবুলি, জেরিনের গান সবার মন রাঙিয়ে দিয়ে যায়। মৌসুমীর জাদু মুগ্ধ করে সবাইকে। সুনন্দার নাচের ছন্দে সবাইকে দোলা দেয়। শেষ আকর্ষণ ছিল নিগাড়ের গান।অনুষ্ঠান শেষ হলেও মিলনমেলা তো আর শেষ হয় না। ফিরতে ফিরতে কথা হলো কয়েকজন মেধাবীর সঙ্গে। দর্শন বিভাগের দুই কৃতী ছাত্রী তামান্না সুলতানা হতে চান শিক্ষক। নাজ আর মুক্তা যোগ করলেন, ‘বাইরে থেকে পিএইচডি করে এসে দেশে শিক্ষকতা করতে চাই।’সম্মিলিত মেধা তালিকায় সপ্তম নাইমা সুলতানা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম শ্রেণীপ্রাপ্ত ফকির জান্নাতুল রোমানের অনুভূতিটা অন্য রকম। তাঁরা জানান, বরণের মাধ্যমে এসেছি, বরণেই ফিরে যাচ্ছি; কিন্তু দুই বরণের কত পার্থক্য!সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা হওয়ায় এবার যাওয়ার পালা। একে অন্যকে জড়িয়ে ধরে একটাই প্রশ্ন—আবার কবে দেখা হবে বন্ধু? অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুর নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ রওশন জাহান।