ইতালিতে বাংলাদেশি কৃষিশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিপু সুলতান
টিপু সুলতান

ইতালিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক বাংলাদেশি কৃষিশ্রমিক নিহত হয়েছেন। টিপু সুলতান (২৬) নামের ওই শ্রমিক কুমিল্লার হোমনা থানার গোয়ারাভাঙ্গা গ্রামের আবদুর রহমানের ছেলে। ইতালির সিসিলি শহরের দূরবর্তী রাগুসা এলাকায় গত ১৭ আগস্ট, রোববার এ হত্যাকাণ্ড ঘটে।
উল্লেখ্য, রাজধানী রোম থেকে ওই এলাকার দূরত্ব ৯২৫ কিলোমিটার। টিপু সুলতান ওই এলাকার একটি কৃষিখামারে চার মাস ধরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বাতানিয়া নামের স্থানীয় এক ইতালিয়ান মালিকের খামারে অন্য ১০ বাংলাদেশি শ্রমিকও কর্মরত। তাঁদের একজন জনি হক। তিনি জানান, ঘটনার দিন টিপু সুলতান দুপুরের খাবার খেয়ে আবার কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাঁর বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্ষক্ষরণে তাত্ক্ষণিক মৃত্যু হয় তাঁর।
নিহত টিপু সুলতানের চাচা মো. শাহজাহান ইতালিতে বাস করেন। তিনি জানান, রাগুসা এলাকার ওই খামারে বাংলাদেশি ছাড়াও ভারত ও রোমানিয়ার শ্রমিক কর্মরত ছিলেন। কাজে মনোযোগী ও পরিশ্রমী বাংলাদেশি শ্রমিকদের কাজে ফাঁকি দেওয়া রোমানিয়ার শ্রমিকেরা চক্ষুঃশূল মনে করতেন। দিন দিন তাঁরা বেপরোয়া হয়ে ওঠেন। এ থেকে ধারণা করা যায়, তাঁরাই এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।
মো. শাহজাহান আরও জানান, ২০০৬ সালে স্পন্সর ভিসায় ইতালিতে আসা টিপু সুলতান পরিবারের তিন ভাই দুই বোনের মধ্যে চতুর্থ। সাত মাস আগে দেশে গিয়ে বিয়ে করে সপ্তাহ পরেই অর্থ উপার্জনের জন্য ইতালি ফেরেন টিপু সুলতান।
রোমে বাংলাদেশ দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা রুবায়ত্-ই-আশিক জানান, টিপু সুলতানের খুনিদের গ্রেপ্তার ও বিচারের জন্য দূতাবাস ইতালি সরকারের প্রতি আনুষ্ঠানিক দাবি জানিয়েছে। তাঁর মরদেহ দেশে পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

শেখ মোহাম্মদ শাহেদ

রোম, ইতালি