এখানে একটা বিষয় প্রায়ই ঘটে। বলা চলে, নিত্যদিনই। কেউ কারও সঙ্গে কথা বলা শুরু করলে মিনিটখানেকের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। হয়তো দ্বিপক্ষীয় আলোচনা শুরু হলো এভাবে—: ভাইকে যেন এর আগে কোথায় দেখেছি? রোমে না ব্রেশিয়ায়?: না না, আমি শুরু থেকেই মিলানোতে।: ও, তাই তো মনে হচ্ছে। তা কত সাল থেকে এখানে?: ২০০১ সাল থেকে।: ও বুঝেছি, তাহলে আপনার সৌজন্য (SOGGIORNO—ইতালিতে বৈধভাবে থাকার অনুমতিপত্রকে বলে সোজিওরনো, বাঙালিরা ব্যাপকভাবে উচ্চারণ করেন সৌজন্য) ২০০২ সালের। ‘তাহলে আপনি তো এখানে নতুন’ বলে উত্তরদাতা গর্বিত ভঙ্গিতে পরের সংলাপে চলে যান—আমরা ’৯৬-এ লিগ্যাল, মানে সৌজন্যধারী। অর্থাত্ বোঝালেন তিনি সিনিয়র।বিষয়টি পুরো ইতালিতে প্রবাসীদের মাঝে প্রবলভাবে প্রবহমান। সিনিয়ররা নিজেদের আলাদাভাবে ভাবেন। কেউ যদি বিষয়টি নিয়ে গোল পাকানোর চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগে যান তথাকথিত বড় ভাইয়েরা। যদিও সাম্প্রতিককালে বড় ভাইয়েরা (অনেকে এ-জাতীয় বড়ভাইদের প্রকাশ্যে প্রেসিডিয়াম সদস্য কিংবা স্থায়ী কমিটির সদস্য বলে রসিকতা করতে ছাড়েন না) নবীনদের কাছে কোণঠাসা হয়ে আছেন।ইতালিতে ’৯০ সাল থেকে শুরু হয় অবৈধভাবে যাঁরা বসবাস করছিলেন তাঁদের সৌজন্য দেওয়া। অবশ্য তারও আগে ’৮৮ সালে রোম ও মিলানে অবৈধভাবে যাঁরা থাকতেন, তাঁদের বৈধভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। মিলানে ১৮ জন এ রকম বাঙালি রয়েছেন। এখন অবশ্য তাঁরা বিভিন্ন প্রভিন্সে (বিভাগে) ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন জীবিকার তাগিদে। ’৯০ সালের পর ’৯২, ’৯৬, ’৯৮ এবং সর্বশেষ ২০০২ সালে ইতালিতে বৈধ করে নেওয়ার সরকারি ঘোষণায় লাখ লাখ মানুষ ‘সৌজন্য’ লাভ করে। দুই বছর পর পর ‘সৌজন্য’ নবায়ন করা যায়। রেসিডেন্ট পারমিশন ১০ বছর হয়ে যাওয়ায় অনেকে ইতালিয়ান পাসপোর্টও পেয়ে গেছেন। আমি কিছু পাসপোর্টধারীর সঙ্গে কথা বলে এই বিশ্বাসে উপনীত হয়েছি যে, তাঁরা (পাসপোর্টধারী বা বহনকারী) আর আট-দশজনের চেয়ে বাড়তি কোনো কিছু। আলাদা। আরেকটু বাড়িয়ে বললে বলতে হবে, তাঁরা বোধ হয় অন্য কোনো গ্রহ থেকে এসেছেন।এ রকম একটি বিষয় নিয়ে ঢাকার ছেলে শাহীন একদিন আমাকে উপহাস করে বলল—: ভাই, যাঁরা এই দেশি পাসপোর্ট পেয়েছেন, তাঁদের অধিকাংশই গ্রামবাংলা থেকে এসেছেন। খোঁজ নিয়ে দেখা যাবে, তাঁদের সবুজ পাসপোর্টটিও হয়তো ঢাকার বাইরের কোনো জেলা সদর থেকে ইস্যু হয়েছে। অথচ এখন দেখেন, অন্যদের সঙ্গে তাঁদের কী ব্যবহার! ভাবটা এ রকম যে তাঁদের ফরটিন জেনারেশন জন্মসূত্রে ইতালিয়ান।শাহীনের কথায় তাকে আমি শান্ত থাকার পরামর্শ দিয়ে বললাম—: যে সহে সে রহে। দায়মুক্তি অধ্যাদেশ কিংবা সাধারণ ক্ষমা ঘোষণার কথা শোননি? তাঁরা যখন এ রকম ‘আমি কী হনুরে’-মার্কা ভাব দেখাবেন, তখন তাঁদের ক্ষেত্রে অকাতরে দায়মুক্তি অধ্যাদেশ কিংবা সাধারণ ক্ষমা ঘোষণা করবে। তাঁরা হচ্ছেন আজন্ম না-পাওয়ার দলের সক্রিয় সদস্য।আমার কথায় শাহীন হো হো করে হেসে উঠল।মাহবুব রেজাইতালি থেকে[email protected]