ইতালিয়ানের বাঙালি বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকে বিয়ের গান বাজছে। গানের কথার সঙ্গে তাল মিলিয়ে হলুদ ও মেহেদি বাটা চলছে। মেয়েরা হলুদ শাড়ি পরে নিয়েছে গায়েহলুদের সাজ। এলাকার শিশু-কিশোর, বুড়ো-যুবা, নারী-পুরুষ সবাই হাজির। সব মিলিয়ে বিয়ের উৎসব। মাঠের এক কোণে বরের গায়েহলুদের জন্য ছোট্ট একটি মঞ্চ সাজানো হয়েছে। বর গায়ে গামছা জড়িয়ে লুঙ্গি পরে বসেছেন সেই মঞ্চে। তাঁকে ঘিরে আছে আরও ছেলেমেয়ে। অন্যদিকে হলুদ শাড়ি পরে মাঠের অন্য কোণে সাজানো মঞ্চে বসেছেন কনে। তাঁকেও ঘিরে আছে বেশ কজন মেয়ে।তারপর পুকুর থেকে নকশি করা কলসিতে মেয়েরা পানি আনল। কুলোয় করে আনা হলো হলুদের সামগ্রী এবং যথারীতি শতভাগ বাঙালি রীতিনীতিতে শুরু হলো গায়েহলুদের অনুষ্ঠান। আর এই উৎসবজুড়ে ছিল চিরচেনা আবহমান গ্রামবাংলার বিয়ের আমেজ। তবে গ্রামীণ আবহে এ বিয়ের অনুষ্ঠান হলেও বর-কনে কিন্তু বাঙালি নন। তাঁরা দুজনই ইতালির। বিয়ে করেছেন বাঙালি রীতিনীতিতে। গত ৩ ও ৪ অক্টোবর এ বিয়ে অনুষ্ঠিত হয় বাগেরহাটের মংলার শেলাবুনিয়ায়।কনে মনিকা রিগন পেশায় ব্যাংকার। তিনি ইতালির একটি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রীয় অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর করেছেন। বর্তমানে তিনি ইতালির ব্যাংক পপুলার অব ভিসেনজাতে কাজ করছেন। বর মাইকেল তাঁদের পারিবারিক ব্যবসা মানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখাশোনা করছেন। মাইকেল ও মনিকার পরিচয় প্রায় ১৫ বছর। মাইকেল তাঁর কাজে মনিকার ব্যাংকে গিয়েছিলেন। সেখানেই মনিকার সঙ্গে পরিচয়। পরিচয়ের পর মাঝেমধ্যে তাঁদের দেখা হতো। এ ছাড়া মুঠোফোনে যোগাযোগ ছিল সব সময়। তিন বছর আগে একদিন তাঁদের দেখা হয় ট্রেনে। সেদিন তাঁরা সিদ্ধান্ত নেন বিয়ে করবেন। মাইকেলকে মনিকা প্রস্তাব করেন, বিয়েটা হবে বাংলাদেশে। মাইকেলও এ প্রস্তাবে রাজি হয়ে যান। কিন্তু কেন বিবাহ আয়োজনের জন্য বাংলাদেশকে বেছে নেওয়া? মনিকার বাবা ফ্রান্সিসকো রিগন এবার নিয়ে মোট ছয়বার বাংলাদেশে এলেন। এখানে তাঁর আসার কারণ, তাঁর ভাই ফাদার মারিনো রিগন বাংলাদেশের মংলায় আছেন আজ প্রায় ৫৬ বছর ধরে। ফাদার রিগন ধর্মপ্রচারের পাশাপাশি এ দেশে সেন্ট পলস হাইস্কুলসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও সমাজসেবা-প্রতিষ্ঠান গড়েছেন। দুস্থ ও অসহায় নারীদের জন্য গড়েছেন নকশিকাঁথা সেলাইকেন্দ্র। এই সেলাইকেন্দ্রের নকশিকাঁথা দিয়ে তিনি ইতালিতে একাধিকবার প্রদর্শনীরও আয়োজন করেছেন। এ ছাড়া তিনি ইতালিতে বাংলাদেশের সাংস্কৃতিক দল নিয়েছেন একাধিকবার। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও রেখেছেন বিশেষ অবদান।ফাদার রিগন বাংলা সাহিত্যের চর্চাও করেন। রবীন্দ্র, নজরুল, জসীমউদ্দীনসহ বহু বাংলা সাহিত্য তিনি ইতালীয় ভাষায় অনুবাদ করে তা ইতালিতে প্রকাশ করেছেন। লালনের গান শোনেন মুগ্ধ হয়ে। লালনের অনেক গান তিনি ইতালীয় ভাষায় অনুবাদ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশে তাঁর নানা অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়।ফাদার রিগনের কাছ থেকেই তাঁর ভাই ফ্রান্সিসকো রিগন বাংলাদেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে জেনেছেন। এ ছাড়া ফাদার রিগন বাংলাদেশে যেসব কাজ করেছেন, ফ্রান্সিসকো রিগন তাতে নানাভাবে ফাদারকে সহযোগিতা করেছেন। এ জন্য ফ্রান্সিসকো একে একে ছয়বার বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের শিল্প-সাহিত্য, সংস্কৃতি দেখে তিনিও মুগ্ধ হয়ে বাংলার প্রেমে পড়েছেন। এ জন্য ইতালিতে ফ্রান্সিসকো রিগন বাংলার প্রেমের নমুনা হিসেবে রিগনের জন্মস্থান ভিল্লাভেরলাতে রবীন্দ্রনাথের নামে একটি রাস্তা করেছেন, গড়েছেন রবীন্দ্র অধ্যয়নকেন্দ্র। সেই অধ্যয়নকেন্দ্রের উদ্যোগে চলছে নানা সামাজিক কার্যক্রম। সবকিছু মিলিয়ে বাংলার শিল্প-সাহিত্য ও সংস্কৃতির প্রতি ফ্রান্সিসকো রিগনের রয়েছে দারুণ ভালো লাগা ও ভালোবাসা। আর এই ভালোবাসার জন্যই ফ্রান্সিসকো নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠান করেছেন বাংলাদেশে এবং বাংলার রীতিনীতিতে। ফ্রান্সিসকো রিগনও পেশায় ব্যাংকার। ইতালির কমার্শিয়াল ব্যাংকে চাকরি করেছেন ৩৫ বছর। চাকরির পর একটি বিদ্যালয়ে স্বেচ্ছাশ্রমে শিক্ষকতাও করেছেন বেশ কিছুদিন। তিনি ১৯৯৭ সালে ইতালিতে রবীন্দ্র অধ্যয়নকেন্দ্র নামে যে প্রতিষ্ঠান গড়েছেন, তার উদ্যোগে কাজ করছেন বিভিন্ন দেশে—যেসব ছেলেমেয়ে স্কুলে যায় না, তাদের পড়াশোনার বিষয়ে।ফাদার মারিনো রিগন বলেন, ‘২০০০ সালে আমার এখানে আরও একটি বিয়ে হয়েছিল। সে বিয়ের বর ছিল আমার বোন তেরেজা রিগনের ছেলে অ্যাংরিকো এবং কনে ছিল ইতালির মেয়ে মিরকা। তারাও বিয়ে করেছিল বাংলাদেশের শিল্প-সংস্কৃতিকে ভালো লাগার কারণে।’বর মাইকেল বলছিলেন , ‘সত্যিই ভালো লেগেছে এ দেশের বিয়ের রীতিনীতি। এ দেশের বিয়ের পোশাকের মধ্যেও রয়েছে আলাদা বৈচিত্র্য। পোশাক নিয়ে আমার মধ্যে প্রচণ্ড কৌতূহল কাজ করেছে। ঠিক বুঝতে পারছিলাম না লুঙ্গিটা কীভাবে পরব, কিংবা গামছাটা কী কারণে গায়ে রাখব। তারপর আবার গায়ে মাখানো হলো কাঁচা হলুদ, করানো হলো গোসল। লুঙ্গি, গামছা, গেঞ্জি, হলুদ, গোসল—সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগছিল। আর তাই আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হলো, এ দেশের বিয়ের এসব রীতিনীতি যেন একটি রঙিন চলচ্চিত্রের মতো, যেখানে আছে হাসি-কান্না, আনন্দ-বেদনার মতো আবেগীয় বিষয়।’কনে মনিকা বলেন, ‘বাঙালি রীতির এই বিয়ের উৎসব সত্যিই আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে, বিয়ের পোশাক, গয়না ও সাজে আমি নিজেকে আবিষ্কার করেছি নতুন রুপে। কারণ, আমাদের দেশে বিয়ের পোশাক হিসেবে মেয়েরা পরে সাদা লম্বা লেহেঙ্গা আর ছেলেরা পরে সাদা স্যুট। আমাদের দেশে বিয়ের অনুষ্ঠান হয় এক দিনে।কিন্তু এখানে বিয়ের অনুষ্ঠান হয় একাধিক দিনে। এ ছাড়া বিয়ের বাহন হিসেবে পালকিতে চড়ে বরের বাড়ি যাওয়াটা সত্যিই অন্য রকম আনন্দের। সব মিলিয়ে বাংলাদেশে এসে বিয়ে করতে পেরে এবং এ দেশের রীতিনীতি জানতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি।’