ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনী দেখছেন দর্শকেরা
চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনী দেখছেন দর্শকেরা

‘না এলে বুঝতাম না যে কী না দেখে আমি চলে যেতাম।’ প্রদর্শনী দেখে মন্তব্য খাতায় সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস এভাবেই লিখলেন। সদ্য শেষ হওয়া ‘আমার দেশ আমার জীবন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী এভাবেই দর্শনার্থীদের নাড়া দিয়েছে।
আলোকচিত্রে ফুটে উঠেছে প্রিয় স্বদেশ ও সংস্কৃতি। আছে আমাদের গৌরবগাঁথা, প্রথম টেস্ট জয়ের স্থিরচিত্র। চট্টগ্রামের নৈসর্গিক সৌন্দর্য তো পরতে পরতে ধরা দিয়েছে প্রদর্শনীতে। ২৮ থেকে ৩০ নভেম্বর থেকে জেলা শিল্পকলা একাডেমীর জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ৪৪টি আলোকচিত্র নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করে। চট্টগ্রামের পর ঢাকা, কলকাতা এবং কাঠমান্ডুতেও একই প্রদর্শনী করার আগ্রহের কথা জানালেন আয়োজকেরা।
প্রদর্শনীতে শুধু চট্টগ্রাম নয়, কক্সাবাজার, বান্দরবান ও রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য এবং জীবনযাত্রার আলোকচিত্রও রয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের ঢেউখেলানো নীল পানি আর বালুচরের ছবি কিংবা একই সৈকতের পাহাড় আর সাগরের মিতালির আলোকচিত্র মুগ্ধ করে। তেমনি রাঙামাটি হ্রদের আলোকচিত্র, বান্দরবানের পাহাড়ি নাফাকুম ঝরনা এবং মেঘ পাহাড়ের গলাগলি দেখে কার না ভালো লাগে।
আদিবাসী শিশুর সারল্য, বৈসািব উৎসব, জলকেলি যেন জীবন্তরূপে ধরা দেয় আলোকচিত্রে। এ ছাড়া হলি উৎসব, পয়লা বৈশাখ উদ্যাপন, জুমাতুল বিদার নামাজ আদায়, প্রতিমা নিরঞ্জন প্রভৃতি ধরা পড়েছে ফ্রেমে।
চট্টগ্রাম বন্দর, সিইপিজেডের পোশাক কারখানার দিনলিপি, শিপ বিল্ডার্স এবং শিপব্রেকিংয়ের ছবিও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দাবিকে যেন আরও যুক্তিযুক্ত করে তোলে। সঙ্গে রয়েছে ফিশারিঘাটের মৎস্য অবতরণকেন্দ্রের আলোকচিত্রও।
প্রদর্শনী উদ্বোধন করে চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বলেই ফেললেন, ‘সুন্দর প্রচেষ্টা। চেনা ছবিও অচেনা লাগে। মনে দাগ কেটে যায়। চেষ্টা করার সুযোগ করে দেয় নতুন করে সৃষ্টি করার। ঐতিহ্যকে রক্ষা করার।’