ইতিহাস গড়া অ্যাবোরিজিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাবোরিজিন নামে পরিচিত অস্ট্রেলিয়ার আদিবাসীদের অধিকার আদায় আর রাষ্ট্র ও সমাজের মূলস্রোতে মেশার দীর্ঘ সংগ্রামের ইতিহাসে আরেকটি মাইলফলক যোগ হলো। দেশের ইতিহাসে প্রথম আদিবাসী হিসেবে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলেন কেন ওয়াইট।২১ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে পশ্চিম অস্ট্রেলিয়ার হাসলাক আসনে মধ্য-ডানপন্থী লিবারেল পার্টির প্রার্থী ওয়াইট প্রায় এক হাজার ভোটের ব্যবধানে লেবার পার্টির শ্যারিন জ্যাকসনকে হারিয়েছেন। পার্লামেন্টে একজন এমপি দেখার জন্য এত দিন অপেক্ষা করতে হলো অ্যাবোরিজিনদের। অথচ অস্ট্রেলিয়া একসময় তাঁদেরই ছিল, তাঁরাই ছিলেন সেখানকার আদি বাসিন্দা। পরে ব্রিটিশরা গিয়ে সেখানে আধিপত্য বিস্তার করে। রাষ্ট্রক্ষমতা থেকে শুরু করে সবকিছুই চলে যায় শ্বেতাঙ্গদের নিয়ন্ত্রণে।অস্ট্রেলিয়ার আদিবাসীদের বঞ্চনার ইতিহাস অনেকের কাছেই বিশ্বজুড়ে আদিবাসীদের বিরুদ্ধে বঞ্চনা, অবিচার ও নিপীড়নের একধরনের প্রতীক। আধুনিক সময়েও দীর্ঘদিন পর্যন্ত তাদের ভোটাধিকার পর্যন্ত দেয়নি ঔপনিবেশিক শ্বেতাঙ্গরা। তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে অবশ্য এর আগে দুজন আদিবাসী নির্বাচিত হয়েছেন। পর্যবেক্ষকেরা কেন ওয়াইটের বিজয়কে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তবে অস্ট্রেলিয়ায় এখনো বহু লোকের মনে যে জাতিগত বিদ্বেষের বিষবৃক্ষ ভালোভাবেই শেকড় গেড়ে আছে, তার প্রমাণও আরেকবার মিলল কেন ওয়াইটের বিজয়ের মধ্য দিয়েও। ক্ষুব্ধ অনেক ভোটার ই-মেইল করে বলেছেন, তাঁরা যদি আগে জানতেন ওয়াইট আদিবাসী তবে তাঁকে ভোট দিতেন না!এ পর্যন্ত অন্তত ৫০টি জাতিগত বিদ্বেষপূর্ণ ই-মেইল বার্তা ও মুঠোফোন কল পেয়েছেন কেন ওয়াইট। এসব বার্তা পেয়ে হতাশ ওয়াইট। তবে এসব পেছনে ফেলে এগিয়ে যেতে চান তিনি।সাংবাদিকদের ওয়াইট বলেছেন, আনন্দের সময়ে বেদনাদায়ক বিষয়টিকে প্রাধান্য দিতে চান না তিনি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার এখন এগিয়ে যাওয়ার সময়। জাতিগত বিদ্বেষ পেছনে ফেলার সময় এসেছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।’ ওয়াইট নিজেকে অবশ্য আদিবাসী হিসেবে দেখাতে চান না। জয় নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আগামী ৫০ বছর পর ইতিহাসবিদ ও জনগণ যখন বিশ্লেষণ করবে হাসলাকের বাসিন্দারা কেন একজন আদিবাসী প্রার্থীকে নির্বাচিত করল তখন তারা দেখবে আমি শুধু আদিবাসী ছিলাম বলেই তারা আমাকে বেছে নেয়নি। এলাকার বাসিন্দারা আমাকে নির্বাচিত করেছেন এ জন্য যে তাঁরা এমন একজন ব্যক্তিকে পছন্দ করেছেন যিনি সবার স্বার্থেরই প্রতিনিধিত্ব করবেন।’ওয়াইটকে অভিনন্দন জানিয়ে তাঁর দল লিবারেল পার্টির নেত্রী জুলি বিশপ বলেন, লিবারেল পার্টিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। জাতিগত বিদ্বেষের ব্যাপারে জুলি বিশপ বলেন, অজ্ঞতা ও ঘৃণা থেকে এর উত্পত্তি। কেন ওয়াইট অস্ট্রেলিয়ার সবার জন্য অনুকরণীয় আদর্শ হবেন।এর আগে ১৯৭১ সালে অস্ট্রেলিয়ার সিনেটে হঠাৎ করে একটি আসন শূন্য হলে তাতে আদিবাসী নেভিল বনারকে মনোনীত করা হয়। পরে অবশ্য নিজ যোগ্যতাবলেই চারবার সিনেটর নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে বনারের মৃত্যু হয়। এরপর আরেক আদিবাসী এডেন রিজওয়ে নিউ সাউথ ওয়েলস থেকে ১৯৯৯ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সিনেটর ছিলেন।ইতিহাস গড়া কেন ওয়াইটের মা অস্ট্রেলীয় আদিবাসীদের ‘চুরি যাওয়া প্রজন্মের’ সন্তান। ১৯১০ থেকে ১৯৭০ সালের মধ্যে দুই দফায় সরকারি নীতির আওতায় আদিবাসীদের শ্বেতাঙ্গ সমাজে আত্তীকরণের লক্ষ্যে অনেক আদিবাসী শিশুকে তাদের পরিবারের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। শ্বেতাঙ্গ পরিবার ও বিভিন্ন শিশু আশ্রমে তাদের লালন-পালনের ব্যবস্থা করা হয়। এ শিশুরাই ‘চুরি যাওয়া প্রজন্ম’ হিসেবে পরিচিত।