ইতিহাস শিক্ষার সংকট লেবাননে যেমন
গৃহযুদ্ধ শেষ হয়েছে দুই দশক হয়ে গেছে। কিন্তু সম্প্রদায়গত বিরোধের বিষবাষ্প দেশটির বাতাস থেকে মিলিয়ে যায়নি এখনো। এ কারণে দেশটির সাম্প্রতিক ইতিহাস এখনো এক স্পর্শকাতর বিষয়, যা থেকে চোখ ফিরিয়ে থাকাতেই যেন সুবিধা বেশি। আর এই মনোভাবের মূল্য দিচ্ছে দেশটির শিক্ষাব্যবস্থা। নতুন প্রজন্ম স্কুলে আমেরিকা বা প্রাচীন ফিনিসীয় জাতির ইতিহাস শেখে, কিন্তু জানে না দুই দশক আগে নিজের দেশে কী ঘটেছিল। লেবাননের বিদ্যালয়গুলোতে পাঠ্য ইতিহাসের বইতে দেশটির সাম্প্রতিক ইতিহাস সম্পূর্ণ অনুপস্থিত। দেশের নিকট অতীত নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে লেবাননের ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে মতৈক্যের অভাব বেশ প্রকটভাবেই ধরা পড়ে এতে। ১৯৭৫ সালে শুরু হওয়া রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে লেবাননের পার্লামেন্ট সদস্যরা ’৮৯ সালে সৌদি আরবে এক বৈঠকে মিলিত হন। তায়েফে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বাক্ষরিত চুক্তির একটি দিক ছিল শিক্ষা। সেখানে রাজনীতিকেরা একমত হন যে, জাতীয় ঐক্য দৃঢ় করতে দেশে অভিন্ন শিক্ষাব্যবস্থা চালু করা হবে। পাঠ্যবইয়ে তুলে ধরা হবে সঠিক ইতিহাস।তায়েফ চুক্তির পর ইতিহাসবিদেরা তিন বছর কাজ করে সব সম্প্রদায়ের শিক্ষার্থীদের উপযোগী একটি পাঠ্যক্রম তৈরি করেন। বইটি প্রকাশিতও হয়। কিন্তু এর বিষয়বস্তু নিয়ে রাজনীতিকদের মধ্যে বিরোধ দেখা দিলে বই বিতরণ বন্ধ রাখা হয়। গৃহযুদ্ধ শেষ হয়েছে দুই দশক আগে। কিন্তু লেবানন এখনো এ বিষয়ে ফয়সালায় পৌঁছাতে পারেনি। দেশটি এখনো বিদ্যালয়গুলোকে নিজেদের পছন্দমতো ইতিহাসের বই বেছে নেওয়ার সুযোগ দিয়েছে। তারা হচ্ছে বিভ্রান্ত।এক স্কুলশিক্ষার্থীর বাবা ওসামা সালাব বলেন, তিনি নিজে ছাত্র থাকার সময় যে ইতিহাস বই পড়েছেন, তার সঙ্গে ছেলে মজিদ যে বই পড়ছে তার মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই। ওসামা বলেন, ‘আমি শিক্ষাজীবন শেষ করার পর অনেক কিছুই ঘটেছে। একটা যুদ্ধ হয়েছে। কিন্তু পাঠ্যপুস্তকে তা উঠে আসেনি।’ লেবাননের আজকের স্কুলশিক্ষার্থীরা ক্লাসে প্রাচীন যুগের ফিনিসীয়, রোমান, অটোমান ও গ্রিক ইতিহাস বা তুলনামূলক আধুনিককালের ফরাসি বিপ্লব ও বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ছে; যা তাদের মা-বাবারাও পড়তেন। কিন্তু নিজ দেশের সাম্প্রতিক ইতিহাস পাঠ্যক্রমের অংশ নয়। জর্জ আবি খলিল নামের আরেক অভিভাবক বলেন, ‘১৯১৪—১৯৪৩ সাল পর্যন্ত স্বদেশী রাজনীতিবিদেরা মাতৃভূমির জন্য যে লড়াই করেছেন, সে ব্যাপারে ভালো কোনো বই নেই। প্রত্যেকেরই (লেখক) নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। কেউই নিরপেক্ষ নন। তাঁরা অপরকে বিবেচনা করেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে।’ জর্জের মেয়ে নূরও বলে, ‘আমরা ইতিহাস শিখতে শুরু করেছি ফ্রান্সের ঘটনা দিয়ে। শিখেছি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ফরাসি বিপ্লবের ইতিহাস। কিন্তু লেবাননের ইতিহাস শিখিনি।’ আরও কয়েকজন শিক্ষার্থী বলে, তারা লেবাননের চেয়ে ইউরোপের ইতিহাস বেশি শিখছে।ইতিহাসের বেশ কয়েকটি স্কুল-পাঠ্যবই সরকারের অনুমোদনও পেয়েছে। কিন্তু সেসব বইয়েও দেশটির অতীত বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরা হয়েছে। বই বা ইতিহাসের শিক্ষকের কাছে অনেক প্রশ্নের উত্তর না পেয়ে শিশুরা অভিভাবকদের ধরে তার কৌতূহল মেটাতে। শিক্ষার্থী মজিদ যেমন বলে, ‘আমি পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন বই পড়ে ও বাবাকে প্রশ্ন করে অনেক বিষয় জানার চেষ্টা করেছি। আমি গৃহযুদ্ধের ব্যাপারে আরও জানতে চেয়েছিলাম, কিন্তু ইতিহাসের বইয়ে এ ব্যাপারে কোনো তথ্য নেই। আমি জানতে চেয়েছিলাম, আসলে কী ঘটেছিল, কেন আর কোথায়ই বা তা ঘটেছিল। কিন্তু কোনো তথ্য পাইনি।’ লেবাননের গৃহযুদ্ধ ১৫ বছর স্থায়ী হয়েছিল। প্রায় দুই লাখ লোক এতে প্রাণ হারিয়েছিল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এশিয়ার অন্যতম আধুনিক নগর রাজধানী বৈরুত। স্মৃতিতে এখনো দগদগে ঘা হয়ে থাকা এই ভ্রাতৃঘাতী যুদ্ধের ইতিহাস শিশুদের শেখানো হবে কি না, সে ব্যাপারে আসলে লেবাননে মতবিরোধ রয়েছে। এক শিক্ষার্থী বলে, ‘আমি গৃহযুদ্ধের ব্যাপারে জানতে চাই। ওই যুদ্ধ অনেক দিন ধরে চলেছিল। লেবাননের ওপর তার ব্যাপক প্রভাব পড়ে। এ ব্যাপারে ভালো করে জানা আমার জন্য জরুরি।’লেবাননের বিদ্যালয়গুলো সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বই বেছে নিতে পারে। একেক সম্প্রদায় একটি ঘটনাকে একেক দৃষ্টিভঙ্গিতে দেখতে পারে। উদাহরণস্বরূপ, ইতিহাসের কিছু বইয়ে ফরাসিদের ‘মুক্তিদাতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্য কিছু বইতে আবার তাদের অভিহিত করা হয়েছে ‘ঔপনিবেশবাদী’ হিসেবে। এক নবীন শিক্ষার্থীর কণ্ঠে শোনা যায়, এ বিষয়ে খুবই পরিণত এক পর্যবেক্ষণ। তার ভাষায়: ‘পরীক্ষা পাসের জন্য আমরা অনেক কিছু মুখস্থ করি। কিন্তু মুখস্থ করা আর শেখার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা তো ইতিহাস পড়ি অতীত থেকে শিক্ষা নেওয়ার জন্য। নিজের ইতিহাস যে জানে না, সে তো তার ভবিষ্যৎও রচনা করতে পারবে না।’সূত্র: আল জাজিরা