ইতিহাসযানে স্মৃতির শহরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, আজ আপনি আমার সঙ্গে বেড়াবেন। না, দূরে কোথাও নয়। আপনার অতি পরিচিত প্রিয় নগর চট্টগ্রামেই ঘুরে বেড়াব আমরা। যে বাহনে চড়ে আমরা বেড়াব, সেটি সাধারণ কোনো বাহন নয়; এই বাহনকে বলা যেতে পারে ইতিহাসযান। কোন জায়গা থেকে শুরু করব আমরা? পথে কোথায় বা বিরতি নেব? দুপুরে আহারাদির কেমন ব্যবস্থা হবে? এসব জানার জন্য এর মধ্যেই নিশ্চয়ই ছটফট করছেন। এসব প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইতিহাসযান সম্পর্কে একটু ধারণা দেওয়া প্রয়োজন। এই বিশেষ বাহনটি সময়-পরিভ্রমণ করতে পারে। অর্থাৎ এই গাড়িটিকে একটি টাইম মেশিনও বলা যায়। আমাদের যাত্রা শুরু চতুর্দশ শতকের মাঝামাঝি কোনো সময়ে। জায়গাটা শুলকবহর। মাত্র কয়েক বছর আগে ১৩৪০ সালে বাংলার সুলতান ফকরুদ্দিন মোবারক শাহ এখানে সমুদ্রবন্দর প্রতিষ্ঠা করেছেন। সেই থেকে এই জায়গার নাম শুলক-উল-বহর অর্থাৎ সমুদ্রযাত্রার স্থান। এখান থেকে একটু সামনে গেলে কার্পাস তুলার গুদাম। এই জায়গার নাম হয়েছে তাই কাপাসগোলা। পাশেই চন্দন কাঠের বেচাকেনার জন্য প্রসিদ্ধ স্থানটির নাম চন্দনপুরা। আরব-মগ ও আরাকানিসহ ভিনদেশি বণিকের আনাগোনা এই জায়গায়। সড়কের দুই ধারে সুরম্য হর্ম্য ও সওদাগরদের কুঠি। আরব, হাবশি, চৈনিক এমনকি সুদূর গ্রিস দেশের বণিকেরাও এখানে এসেছেন। কেনাবেচার হাঁকডাকে জমজমাট যে এলাকাটি এখন আমরা পার হচ্ছি সেটা চকবাজার। এখানে আমরা দেখব একটি সুদৃশ্য মসজিদ। ১৭ শতাব্দীতে মোগল ফৌজদার অলি খাঁ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তাঁর নামেই এই মসজিদের নাম হয়েছে অলি খাঁ মসজিদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কয়েক শতাব্দী এগিয়ে গেলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি আন্দরকিল্লায়। চতুর্দশ শতকে এখানে পাহাড়ের মাঝখানে সুবিশাল এক কেল্লা ছিল। এ দুর্গ কখনো মুসলমান, কখনো বা আরাকানিদের দখলে ছিল। চট্টগ্রামকে কেন্দ্র করে মুসলমান-আরাকানি-পর্তুগিজ ও মোগলদের মধ্যে একাধিক যুদ্ধের ভার সইতে না পেরে ধ্বংস হয়েছে এই দুর্গ। এ দুর্গের কারণেই এ জায়গার নাম হয়েছে আন্দরকিল্লা। এখানেই চোখে পড়বে অপূর্ব এক মসজিদ। দিল্লির শাহী জামে মসজিদের অনুকরণে তৈরি এই মসজিদের নাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। ইংরেজদের গেজেট অনুযায়ী, ১৬৬৬ সালে তৎকালীন বাংলার গভর্নর শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ মোগলদের চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে এই মসজিদ নির্মাণ করেন। ১৭৬১ সালে ব্রিটিশ সরকার এই মসজিদকে অস্ত্র ও গোলাবারুদ রাখার গুদামে পরিণত করে। এক শ বছরেরও বেশি সময় পর মসজিদটি ফিরিয়ে দেন ইংরেজ শাসকেরা। আমাদের ইতিহাসযানের ঘড়ির কাঁটা আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে এখন এসেছি চেরাগি পাহাড় এলাকায়। আঠার শতকে এখানে নবাব এয়াসিন খান প্রতিষ্ঠা করেছেন আরেকটি অপূর্ব মসজিদ। নাম কদম মোবারক। ফারসি ও মোগল স্থাপত্যরীতি মেনে তৈরি এমন অপূর্ব মসজিদ এ অঞ্চলে বিরল।আরও কিছুদূর এগোলে বক্সির হাট বদরপাতির মাজার। সুলতানি আমলে নির্মিত এই মাজার যাঁর নামে, সেই বদর আউলিয়া নাকি চেরাগ জ্বালিয়ে চট্টগ্রাম থেকে জিন, ভূত তাড়িয়েছেন।পড়ন্ত বিকেলে আমরা এলাম পাথরঘাটা এলাকায়। এখানে আমাদের ঘড়ির কাঁটা চলছে ষোড়শ শতাব্দীতে। যে রাস্তা ধরে আমরা চলেছি তার নাম বান্ডেল রোড। বান্ডেল পর্তুগিজ শব্দ, যার অর্থ বন্দর। রাস্তার দুই ধারে ফিরিঙ্গি নারী-পুরুষের জটলা।একতলা-দোতলা বাড়িগুলোর ঝুল বারান্দায় ঝুলছে গাউন, পাতলুন। কোনো বাড়ি থেকে ভেসে আসছে গিটারের শব্দ। এখানে চোখে পড়বে অপূর্ব এক গির্জা। পর্তুগিজদের তৈরি এই গির্জা নির্মিত হয়েছিল ১৬০০ সালে। গির্জার দেয়ালে উৎকীর্ণ লিপি থেকে জানা যায়, ১৫১৮ সালে চট্টগ্রামে প্রথম পর্তুগিজদের আগমন। ইতিহাস বলে—এবার বিরতি। পাথরঘাটা এলাকায় একটি পর্তুগিজ বাড়িতেই আতিথ্য নিলাম আমরা। খেলাম আলু, ভিনেগার ও মাংস সহযোগে তৈরি ভিন্দালু, নারকেল দিয়ে তৈরি দোদল ও বিরিংকা, আনারসের চাটনি।সময়কে কিছুটা এগিয়ে এবার আমরা চলে এলাম পরির পাহাড় এলাকায় পুরোনো আদালত ভবন দেখতে। এই সুদৃশ্য ভবনটি তৈরি হয়েছে ১৮৯২-৯৮ এর মধ্যে। ইংরেজদের তৈরি এই অপূর্ব স্থাপত্যশৈলী মুগ্ধ না করে পারে না। এরপর আমরা এলাম সাত রাস্তার মোড় এলাকায় চট্টগ্রাম রেলওয়ে বিল্ডিং (সিআরবি) দেখতে। ১৮৭২ সালে এই ভবন নির্মিত হয়। অনিন্দ্যসুন্দর ভবনটি দেখে আমরা চলে এলাম পুরোনো রেলওয়ে স্টেশনে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই স্টেশন ভবনটি ১৮৯৬ সালে নির্মিত হয়েছে।বেলা গড়িয়ে সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। স্টেশন রোড এলাকায় সেভয় বেকারি আর রেলওয়ে ম্যানস পানশালা ঘিরে বাড়ছে আমোদপ্রিয় ইংরেজ তরুণ-তরুণীদের ভিড়। এখন আমরা ঊনবিংশ শতকের শেষ প্রান্তে দাঁড়িয়ে। নগরের গ্যাস বাতিগুলো জ্বলে উঠেছে তখন। নিরিবিলি রাস্তায় দু-একটি ঘোড়ার গাড়ি। কোচোয়ানের হাঁক, ‘সামহালকে চলো ভাই, সাহাব যা রাহি হে।’ দূর থেকে ভেসে আসছে বেহালার সুর। বিষণ্ন—কান্নার মতো, যেন বলতে চাইছে আমরা ছিলাম এখানে, এই শহরে।