ইতিহাসে সেরা ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার নির্ধারিত সময় বেলা দুইটা। কিন্তু ঘড়ির কাঁটা ১২টার ঘরে পৌঁছাতেই কলেজ প্রাঙ্গণে আনন্দ উৎসব শুরু করে দিয়েছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষার্থীরা। কারণ, এইচএসসির ফলাফলে কলেজের ইতিহাসে সেরা অর্জন এবার। গতবারের তুলনায় সব শাখায় এগিয়ে আছে।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় এবার দুই ধাপ এগিয়ে তৃতীয় হয়েছে কলেজটি। গতবার ছিল পঞ্চম স্থানে।‘অভিভাবকদের অনুপ্রেরণা, কলেজের শিক্ষকদের নিয়মিত তদারকি এবং আমাদের ভালো করার ইচ্ছা, অর্থাৎ সবার সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।’ কলেজের অধ্যক্ষের কক্ষে এসব কথা বলেন গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ফৌজিয়া নাহিদ। জিপিএ-৫ পাওয়া অপর দুই শিক্ষার্থী মাইনউদ্দিন ও সারোয়ার জাভেদ বলেন, ‘নিয়মিত অধ্যয়নের ফল।’উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার এ শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫১ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। উত্তীর্ণ হয়েছেন ৭৪৯ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২১৪ জন শিক্ষার্থী। গত চার বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ছিল ১৪৫ জন। ২০০৮ ও ২০০৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ৫৮ ও ৮৮।কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, কলেজের ইতিহাসে এবার সেরা ফল হয়েছে। সাফল্য সম্পর্কে তিনি বলেন, ‘সব বর্ষের শ্রেণী কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। কেন্দ্রীয়ভাবে এ তদারকি কার্যক্রম তত্ত্বাবধান করা হয়। এ ছাড়া কলেজের অভ্যন্তরীণ পরীক্ষায় প্রথম ১০ শিক্ষার্থীকে পুরস্কৃৃত করা হয়। এতে শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা পায় এবং উৎসাহিত হয়।’ অভিভাবকেরাও এ ফলাফলের জন্য কলেজ কর্তৃপক্ষকে কৃতিত্ব দিয়েছেন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ইসমত জাহানের বাবা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শেখ নুরুদ্দিন বলেন, ‘মেয়ের এ ফলাফলে খুব ভালো লাগছে। কর্তৃপক্ষের আন্তরিকতা ও প্রচেষ্টার কারণে তা সম্ভব হয়েছে।’