ইতিহাসের আয়নায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৮৪ সালের ১ ফেব্রুয়ারি। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির ৩৫২ পৃষ্ঠার প্রথম খণ্ডটি যখন প্রকাশিত হলো, তৎক্ষণাৎ খুব একটা সাড়া পাওয়া গেল না। মাত্রই ৪ হাজার কপি বিক্রি হলো তখন। কিন্তু অভিধানটির প্রয়োজনীয়তা প্রমাণিত হতে বেশি সময় লাগল না। সর্বাধিক শব্দের সংযোজন, উচ্চারণসমেত নির্ভুল শব্দার্থ এবং প্রতিটি শব্দের উৎস ও ঐতিহাসিক ব্যাখ্যাসংবলিত এই অভিধান অদ্যাবধি নির্ভরযোগ্যভাবে বিশ্বব্যাপী সমাদৃত।     

অভিধানটি প্রকাশের ব্যাপারে লন্ডন ফিলোলজিক্যাল সোসাইটির সদস্যরা ভাবছিলেন ১৮৫৭ সাল থেকেই। তৎকালীন বিদ্যমান অভিধানগুলো শব্দের সংযোজনে হালনাগাদ তো ছিলই না, অর্থের প্রমাদও ছিল বেশ—এ রকমটাই তাঁদের মনে হচ্ছিল। ফলে তাঁরা এমন একটি অভিধান তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন, যেখানে অ্যাংলো-সেক্সন যুগ থেকে বর্তমান পর্যন্ত সব শব্দ সংযোজিত হবে।  

অন্য ইংরেজি অভিধানগুলোতে যেখানে সাদামাটাভাবে শুধুই শব্দের অর্থ দেওয়া থাকে; সেখানে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রতিটি শব্দ ও বাক্যাংশের উৎসগত পরিচয়, কালানুক্রমিক ইতিহাস এবং বিখ্যাত ইংরেজি সাহিত্য গ্রন্থসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎস থেকে প্রাসঙ্গিক উদ্ধৃতির উল্লেখ থাকে। মূলত শব্দগুলোর সুদীর্ঘ তথ্যনির্দেশ এবং ব্যুৎপত্তিগত পরিচয় এই অভিধানটিকে ব্যবহারকারীদের কাছে অবিসংবাদিতভাবে জনপ্রিয় করে তুলেছে।  

প্রতিনিয়তই হালনাগাদ হয়ে চলেছে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। কালের বিবর্তনে শব্দের অর্থ ও ব্যবহারগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে নিজের অপরিহার্যতা ধরে রেখেছে অভিধানটি। ১৯৮৪ সালে, প্রকাশের শতবর্ষে অভিধানটির ইলেকট্রনিক সংস্করণ তৈরির জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ৫ বছরব্যাপী একটি কর্মসূচি হাতে নেয়। যেখানে ১২০ জন টাইপরাইটার শুধু টাইপ করার কাজ করেছেন এবং ৫০ জন প্রুফ রিডার করেছেন প্রুফ সংশোধনের কাজ। ১৯৯২ সালে অভিধানের সিডি-রম সংস্করণ প্রকাশিত হয়।

হিস্ট্রি ডটকম ও ন্যাশনাল জিওগ্রাফিক অবলম্বনে কবীর হোসাইন