ইতিহাসের উড়ান
যুক্তরাজ্যে সম্প্রতি বিশ্বখ্যাত যুদ্ধবিমান দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহূত স্পিটফায়ারের এক বিশেষ উড়ান হয়ে গেল। ৫ মার্চ শখের পাইলট ক্যারোলিন গ্রেস স্পিটফায়ার বিমানের পরীক্ষামূলক উড্ডয়নের ৭৫তম বার্ষিকী উপলক্ষে আকাশে ওড়েন। ক্যারোলিন গ্রেসকে বিশ্বের একমাত্র নারী স্পিটফায়ার পাইলট বলে মনে করা হয়। ১৯৭৯ সালে একটি জাদুঘর থেকে কেনার পর বিমানটি ব্যাপক সারাই (ও সূক্ষ্ম রদবদল) করে ওড়ার উপযুক্ত করে তুলেছিলেন গ্রেসের স্বামী নিক গ্রেস। ১৯৮৮ সালে এক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুর পর গ্রেস স্বামীর স্মৃতি তাজা রাখতে শখ করে বিমান চালানো শেখেন এবং বিভিন্ন প্রদর্শনীতে স্পিটফায়ারটি উড়িয়ে আসছেন। ৫ মার্চ গ্রেস বিমানটি নিয়ে প্রথমে সাউথহ্যাম্পটন আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশ একপাক ঘুরে আসেন। এ বিমানবন্দরেই ১৯৩৬ সালে প্রথম টেস্ট ফ্লাইট হয়। তখন অবশ্য এর নাম ছিল ইস্টলেই বিমান ঘাঁটি। স্থানীয় বাসিন্দা ও উৎসুকদের জন্য উপকূলঘেঁষা সাউথহ্যাম্পটন ওয়াটারের ওপর দিয়েও দেন এক চক্কর। ক্যারোলিন গ্রেসের বিমানটি জানা মতে, যুক্তরাজ্যে এখনো উড়তে সক্ষম এ রকম মাত্র দুটি দুই আসনের স্পিটফায়ারের একটি। আর উড্ডয়নক্ষম এক আসনের স্পিটফায়ার দেশটিতে আছে মাত্র ১৮টি। এগুলো বিশেষ বিশেষ দিনে উড়ে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বানানো হয়েছিল সাড়ে ২২ হাজারের বেশি স্পিটফায়ার। সাফল্যের জন্য পাইলটদের খুব পছন্দের বিমান ছিল এটি। বিখ্যাত ব্যাটল অব ব্রিটেন জয়ে সাহায্য করেছিল স্পিটফায়ার।