অতীতে যুদ্ধ করত পুরুষেরা। বিজয়ী বা পরাজিত কোনো পক্ষেই নারী যোদ্ধা থাকে না। যুদ্ধে নারী লুণ্ঠিত হতো, ধর্ষিত হতো, শত্রুপক্ষ নারীর ওপরে চালাত নির্যাতনের তাণ্ডবলীলা। যুদ্ধে পুরুষের অংশগ্রহণ এবং জয়-পরাজয়ের কথা ইতিহাসে লেখা থাকলেও ইতিহাসে খুঁজে পাওয়া যায় না নারীদের কথা। ঠিক যেমন লেখা হয়নি আজ থেকে আড়াই শ বছর আগে ১৭৫৭ সালে ঘটে যাওয়া পলাশী যুদ্ধের ইতিহাসে কোনো নারীদের কথা। ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে বাংলা, বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌল্লাকে হত্যার মধ্য দিয়ে পলাশী যুদ্ধে জয়ী হয়েছিল ইংরেজরা। তা সবই লেখা রয়েছে ইতিহাসের পাতায়। কিন্তু লেখা নেই রাজপ্রাসাদের অন্তঃপুরে মহিলা মহলে কী ঘটেছিল।ইতিহাসের পাতায় অলিখিত নবাব সিরাজের বন্দী নানি, মা, পত্নীসহ অন্তঃপুরের সেইসব নারীদের কথা নারীগণ নাটকে তুলে এনেছেন লেখক, কবি ও নাট্যকার সৈয়দ শামসুল হক। আর এটি চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত শনিবার মঞ্চায়ন করেছে ঢাকার নাট্য সংগঠন পালাকার। নাটকটির নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী নান্দীমুখের নাট্যোৎসবও। ‘সৃজন ও সংগ্রামের ২২ বছর’ শিরোনামে গত ৪ এপ্রিল নান্দীমুখের ২২ বছর পূর্তি উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে উদ্বোধনের দুই দিন পরই নাট্য উৎসব স্থগিত ঘোষণা করে আয়োজকেরা।উৎসবের দ্বিতীয় পর্ব আয়োজন করা হয় গত ২৮ এপ্রিল। ২য় পর্বের উদ্বোধনী দিনে সাভারে ভবনধসের নিহতদের প্রতি শোক প্রকাশ করে নীরবতা পালন করা হয়। ওই দিন অরিন্দম নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে নাটক কবি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া এবং নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। দ্বিতীয় দিন উত্তরাধিকার মঞ্চস্থ করে নাটক সাম্পাননাইয়া। নাটকটি রচনা করেছেন আমিনুর রহমান এবং নির্দেশনা দিয়েছেন মোসলম উদ্দিন সিকদার। ৩০ এপ্রিল থিয়েটারওয়ালা রেপাটরি মঞ্চস্থ করে নাটক শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস। শাহ্যাদ ফিরদাউসের উপন্যাস অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন হাসান শাহরিয়ার এবং নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।চতুর্থ দিন থিয়েটার আর্ট ইউনিট মঞ্চস্থ করে চট্টগ্রামের অমর লোককাহিনি নছর মালুম ও ভেলুয়া সুন্দরী অবলম্বনে নাটক আমিনা সোন্দরী। নাটকটির রচনা ও সংগীত নির্মাণ করেছেন এস এম সোলায়মান এবং নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক।