
ব্রিটিশবিরোধী আন্দোলন ও হজরত বায়েজীদ বোস্তামীর (র.) মাজারের কারণে জালালাবাদের পরিচিতি আছে দেশ-বিদেশে। ইতিহাসের পাতায় অর্জন থাকলেও উন্নয়নের খাতায় যোগ হয়নি কিছুই। নানা সমস্যায় জর্জরিত ওয়ার্ডটিকে অবহেলিতই বলা যায়।
জালালাবাদ ওয়ার্ডের সমস্যার শেষ নেই। ট্যানারির বর্জ্যের কারণে দুর্গন্ধে টেকা দায়। অনেক এলাকায় ডাস্টবিন না থাকায় ময়লা গড়াগড়ি খায় সড়কে। যানজট, পাহাড় কাটা, জলাবদ্ধতা, মাদক আর সন্ত্রাসের মতো সমস্যাও আছে। কিছু কিছু এলাকায় নেই পানি ও গ্যাসের সংযোগ। অনেক রাস্তাঘাটই কাঁচা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধিরা নির্বাচন এলে উন্নয়নের স্বপ্ন দেখান। তবে নির্বাচন শেষে তাঁরা আবার সব ভুলে যান।
১২ এপ্রিল জালালাবাদ ওয়ার্ডের বিভিন্ন স্থানে গিয়ে অপরিচ্ছন্ন রাস্তাঘাট ও নোংরা আবর্জনা দেখা যায়। কিছু কিছু এলাকায় নালা উপচে পড়া পানিতে গড়াগড়ি খাচ্ছে সড়কে। লোকজন জানান, ওয়ার্ডের নিচু এলাকায় একটু বৃষ্টি নামলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া পাহাড়ি ঢলে ঘরেও পানি ঢোকে। নালা–নর্দমাগুলো নিয়মিত পরিষ্কার না করায় পানি চলাচল করতে পারে না।
অক্সিজেন এলাকার বাসিন্দা মীর একরাম উল্লাহ বলেন, ‘বৃষ্টি নামলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নষ্ট হয়ে যায় ঘরের মূল্যবান জিনিসপত্র। জলাবদ্ধতা সমস্যার সমাধানে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে এলেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটছে না। আমরা জনসাধারণ নিজেদের ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি।’
জলাবদ্ধতা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানালেন ওয়ার্ডের কুলগাঁও, বালুছরা, অক্সিজেন, শেরশাহ ও বায়েজীদ বোস্তামী এলাকার বাসিন্দারা। সরেজমিনে দেখা গেছে, পাহাড় কেটে অক্সিজেন, বায়েজীদ বোস্তামী, শেরশাহ বাংলাবাজার এলাকায় গড়ে উঠেছে বসতি। এসব এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে কয়েক হাজার পরিবার। বাংলাবাজার এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী রিকশাচালক হাবিবুর রহমান জানান, বর্ষা এলে রাতে ঘুমান না। কখন পাহাড় ধসে পড়ে এই ভয়ে থাকেন।
ওয়ার্ডের কুলগাঁও, বালুছরা, অক্সিজেন মোড়, বায়েজীদ বোস্তামী, শেরশাহ, বাংলাবাজার এলাকায় অবাধে চলে মাদকের বিকিকিনি। হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ অন্যান্য মাদক। অক্সিজেন এলাকার এক অভিভাবক বলেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে তাঁর কলেজপড়ুয়া ছেলে ইয়াবায় আসক্ত হয়ে পড়েছে। ছেলেকে সুপথে ফেরাতে পারছেন না তিনি। কারণ, বাসার পাশের দোকানেই মিলছে ইয়াবা।
এ ওয়ার্ডের অন্যতম সমস্যা ট্যানারির বর্জ্য। বটতল এলাকার দোকানদার মো. খোকন বলেন, ট্যানারির বর্জ্যের দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। এ কারণে ক্রেতারাও আসতে চান না। কুলগাঁও ও বটতল এলাকায় ছরার পানির সঙ্গে ট্যানারির বর্জ্য গিয়ে পড়ছে এলাকার কৃষি জমিগুলোতেও। এতে নষ্ট হচ্ছে খেতের ফসল।
ওয়ার্ডের দক্ষিণ দিকে গ্যাস, পানি পৌঁছালেও উত্তরে কুলগাঁও, বালুছরাসহ অধিকাংশ এলাকায় এখনো ওয়াসার পানির লাইন ও গ্যাসের সংযোগ পৌঁছায়নি। বালুছরা এলাকার পানের দোকানদার মো. ইলিয়াছ বলেন, এক বছর আগে গ্যাসের সংযোগের জন্য আবেদন করেলও সংযোগ পাননি।
জালালাবাদ ওয়ার্ডের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয় যানজটের কারণে। নগরের অক্সিজেন মোড়ে স্থায়ী কোনো বাস টার্মিনাল না থাকায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়।
জানতে চাইলে বর্তমান কাউন্সিলর ফরিদ আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অক্সিজেন মোড়ের যানজট, মাদক, জলাবদ্ধতা, গ্যাস ও পানির সমস্যায় ভুগছেন ওয়ার্ডের বাসিন্দারা। ২ লাখ ২০ হাজার লোকের এ ওয়ার্ডে চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া যায়নি অতীতে। এবার নির্বাচিত হলে লোকজনের সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করব।’