ইনজেকশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট বোনের কণ্ঠটা ফোনে আর্তনাদের মতো শোনাল। দুই সপ্তাহ আগেই মাকে দেখে ঢাকায় ফিরেছি। এরপর যাব একেবারে ঈদ করতে, তেমনই প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই এই ফোন, ‘ভাইয়া, আম্মা তোকে দেখতে চাচ্ছেন।’ দুপুরের বাসে রওনা দিয়ে রাতে যখন বাসায় পৌঁছালাম, মাকে তখন চারপাশে বালিশ দিয়ে ঠেস দিয়ে বসিয়ে রাখা হয়েছে। এতটুকুন হয়ে গেছেন আমার মা। নাকে অক্সিজেনের নল, রুগ্ণ হাতের নীল শিরায় ফোটানো আছে স্যালাইনের সুচ। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মায়ের বুক থেকে একটু তীক্ষ শব্দ হচ্ছে। আমি হতবাক। মা শুধু আমাকে তাকিয়ে দেখলেন। ছোট বোনকে জিজ্ঞেস করে জেনে নিলেন যে ভাত গরম আছে কি না। কারণ, তাঁর এই অধম ছেলে ঠান্ডা ভাত খেতে পারে না। এরপর আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, যেন তাঁকে একটু বিষাক্ত ইনজেকশন দেওয়ার ব্যবস্থা আমি করি। আমি কি একটু বিরক্ত প্রকাশ করেছিলাম মায়ের কথায়? মা এবার কণ্ঠে কাতরতা এনে বললেন, ‘বাবা, আর কেউ না বুঝুক, তুই তো জানিস, আমার এই রোগ ভালো হবে না। তবে শুধু শুধু কেন আমার পশুর মতো কষ্ট পাওয়া? একটা ব্যবস্থা কর, বাবা।’ আমি বারান্দায় দাঁড়িয়ে ঢাকায় ডাক্তারকে ফোন করলাম।ঘটনার শুরু ২০০৬ সালে। মা নিজেই ধরতে পারলেন নিজের রোগটা। বাবা আমাকে জানালেন, মায়ের অস্ত্রোপচার করাতে হবে। আমি পরিচিত, আত্মীয়, বন্ধু, যারা চিকিৎসা পেশার সঙ্গে জড়িত, তাদের সবার কাছে সিদ্ধান্ত চাইলাম। কী আশ্চর্য! কেউই একবারও বলল না যে টিউমার কাটার আগে তার প্রকৃতি, বয়স বিচার করতে হয়। অস্ত্রোপচারের পর জানা গেল, আমার মায়ের টিউমার ক্যানসারে পরিবর্তিত হয়েছে। ডাক্তার পরীক্ষা করে জানালেন, ক্যানসার থার্ড স্টেজ, আপগ্রেড অবস্থায়। বাংলাদেশের স্বনামধন্য একজন ক্যানসার বিশেষজ্ঞ আমাদের অভয় দিলেন। শুরু হলো জীবন বাঁচানোর জন্য জীবনসংহারী চিকিৎসা। ছয়টি কেমোথেরাপি, ৩০টি রেডিওথেরাপির ধকল আমার মা শুধু মনের জোরে আর আমাদের আগ্রহে মেনে নিলেন। এরপর প্রতি মাসে একবার রুটিন চেকআপ আর মুখে খাওয়ার ওষুধ খেতে লাগলেন মা। ২০০৭ সালের ডিসেম্বরে জানা গেল, মায়ের ক্যানসার ফুসফুসে ছড়িয়ে পড়েছে। ডাক্তার সিটি-স্ক্যান রিপোর্ট দেখে আমার কাতর জিজ্ঞাসার মুখে শুধু ‘সরি’ বললেন। মাকে পাশের দেশে নিয়ে গেলাম। সেখানকার ডাক্তার মায়ের চিকিৎসার সব কাগজ ঘেঁটে শুধু একটা কথাই বললেন, ‘তোমার মাকে দিতে হতো উচ্চমাধ্যমিক মানের কেমো, কিন্তু তোমার দেশের ডাক্তার দিয়েছে প্রাথমিক মানের কেমো।’ মায়ের শারীরিক অবস্থা দেখে ওখানকার ডাক্তাররাও নতুন করে কেমো দেওয়ার সাহস পেলেন না। মাকে ফিরিয়ে আনা হলো দেশে। এভাবে আট মাস ধুঁকে ধুঁকে জীবননদী সাঁতরালেন আমার দুখিনী মা। কোনো দিন কারও অমঙ্গল কামনা করেননি, কাউকে কষ্ট দেননি। কিন্তু আমি...।ফোনের ওপাশ থেকে ডাক্তার সব শুনলেন। তারপর খুব আস্তে আমার কাছে জেনে নিলেন আমার অভিমত। জানিয়ে রাখলেন যে এই ইনজেকশন আমার মাকে দিলে উনি ঘুমিয়ে পড়বেন, জেগে ওঠার সম্ভাবনা কম। আমি যদি ওনাকে কষ্ট থেকে মুক্তি দিতে চাই, তাহলে এটা দিতে পারি। আনানো হলো ইনজেকশন। আমি শুধু জানি, এটাই আমার মায়ের শেষ ঘুম। সেই রাত আর পরদিন মা শুধু ঘুমালেন। রাত ১০টায় আমার মা একবার চোখ খুললেন। তারপর...।কামরুজ্জামান শ্যামলী, ঢাকা।