ইনডিপেনডেন্ট ও ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ফ্রান্সের প্রতিনিধিদল
ইস্ট ডেল্টা ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন ফ্রান্সের প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিনিধিদলে ছিলেন ফ্রান্স অ্যাম্বাসি ইন ঢাকার কালচারাল অ্যাটাচে মেরিয়াম লঁজেনদ, অঁলিয়স ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগার, প্রথম উপপরিচালক গুরুপদ চক্রবর্তী। ১৪ সেপ্টেম্বর ইস্ট ডেল্টা ও ১৩ সেপ্টেম্বর ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন তাঁরা।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় অন্যদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, সহযোগী ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন ও রেজিস্ট্রার মানজুমা মোরশেদ। এর আগে শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে উচ্চ শিক্ষার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, ফ্রান্সে ৭৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ও ২৬টি এডুকেশন ইনস্টিটিউটে পড়ালেখার সুযোগ রয়েছে।
অন্যদিকে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইরশাদ কামাল খানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা। বিজ্ঞপ্তি