ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা

চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ও আউটসবুক–এর যৌথ আয়োজনে আন্ত স্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সম্প্রতি জামালখানে অবস্থিত ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয় চট্টগ্রামের ২৩টি বিদ্যালয় ও কলেজের ৪৩টি দল।
তিন ঘণ্টাব্যাপী এ আয়োজনে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পৃথকভাবে নয়টি করে প্রশ্ন সমাধান করতে দেওয়া হয়। বিচারকের দায়িত্বে ছিলেন ঢাকা ও চট্টগ্রামের সফটওয়্যার প্রকৌশলীরা। প্রতিযোগিতায় বিদ্যালয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন করে চিটাগং পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলভার বেলস গার্লস হাইস্কুল ও বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় দল। এ ছাড়া কলেজ পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে ওমর গনি এমইএস কলেজ, নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ ও সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এমরান হারুন ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মিনহাজ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস আহমেদ ও সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স বিভাগের ডিন এম নুরুজ্জামান। বিজ্ঞপ্তি।