‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশকে সবাই গরিব দেশ হিসেবে চেনে। অনেকের ধারণা, এ দেশের মানুষ কিছুই করতে পারে না। অনেকে আবার আমাদের ভারতীয় বলে ভাবে। বাংলাদেশ সম্পর্কে ওদের অনেকেরই ধারণা নেই। কিন্তু এবার পিরামিডের দেশ মিসরে সবাই বাংলাদেশের প্রশংসা করতেই বাধ্য হলো। মিসরে সদর্পে উড়েছে এ দেশের পতাকা।’পিরামিডের দেশ মিসরে নিজের দেশকে এভাবে যিনি চিনিয়েছেন, তিনি চট্টগ্রামের মেয়ে ইনতিফার সাদেক চৌধুরী। মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিতর্ক ‘মুন কনফারেনসে’ ইনতিফার ‘শ্রেষ্ঠ প্রতিনিধি পদক’ (বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড) পেয়েছেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। চিটাগাং গ্রামার স্কুল (সিজিএস) থেকে ইনতিফার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এর উদ্যোক্তা ছিল মিসরের ওয়েসিস ইন্টারন্যাশনাল স্কুল। তাদের আমন্ত্রণেই সিজিএসের ১৯ জন শিক্ষার্থী সেখানে যান। সঙ্গে ছিলেন দুজন শিক্ষক। ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভারত, ইতালি, জার্মানি, সৌদি আরব, মরক্কো প্রভৃতি দেশের বিভিন্ন বিদ্যালয়ের সেরা সব বিতার্কিক। সবাইকে তাক লাগিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নেন ইনতিফার। তাঁর ভাষায়, ‘বিতর্কের সময়ে মনে-প্রাণে আমি দেশের হয়েই লড়েছি। উপস্থিত সবাইকে মানতে হয়েছে, বাংলাদেশের ছেলেমেয়েরাও কম যান না। আর এর মাধ্যমে তাঁরা আমাদের দেশকে নতুনভাবে চিনেছেন।’ নিরাপত্তা পরিষদের আদলে আয়োজিত এ বিতর্কে ইনতিফার যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের দূত হিসেবে অংশ নিয়েছেন।মডেল ইউনাইটেড ন্যাশনস সংক্ষেপে ‘মুন’ হচ্ছে জাতিসংঘের বিভিন্ন কমিটির আদলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিতর্ক অনুষ্ঠান। এতে আয়োজক বিদ্যালয় পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানকে বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। এতে বিতার্কিকদের যেকোনো একটি দেশের প্রতিনিধি হয়ে অংশ নিতে হয়। সে ক্ষেত্রে বিতার্কিককে সে দেশের ইতিহাস, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে হয়। বিতর্ক প্রতিযোগিতা চলে তিন থেকে চার দিন। বিতর্কের প্রতি আগ্রহ সম্পর্কে ইনতিফার জানালেন, ‘আমি ছোটবেলা থেকেই সবকিছুর পেছনেই যুক্তি খুঁজতাম। এমনকি স্কুলের শিক্ষকদের সঙ্গেও নানা বিষয়ে তর্ক-বিতর্ক করতাম। এ জন্য তাঁরাও আমাকে পছন্দ করতেন।’ ইনতিফার ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ে স্কুল বিতর্কে অংশ নিয়ে প্রথম হয়েছেন। এরপর একে একে দৃষ্টির এক্সিল্যান্ট অ্যাওয়ার্ড, চিটাগাং ট্যালেন্ট সার্চ, দৃষ্টি অ্যাকটেল ডিবেট, দৃষ্টি সাউথ-ইস্ট ব্যাংক বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক এবং মার্কস অল রাউন্ডারে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। সিজিএস স্কুলে মুন বিতর্ক প্রতিযোগিতার প্রশিক্ষকেরও দায়িত্বে রয়েছেন ইনতিফার। এর আগে ভারতের চণ্ডিগড়ে অনুষ্ঠিত মুন বিতর্কে ‘বেস্ট পজিশন পেপার অ্যাওয়ার্ড’ পেয়েছেন। এ ধরনের বিতর্কে অংশ নেওয়ার ডাক পড়ছে কাতার, জর্ডান, কোরিয়া থেকে। পড়াশোনার ব্যস্ততার কারণে সবখানে যাওয়া সম্ভব হচ্ছে না তাঁর পক্ষে। তবে সামনের বছর জানুয়ারির শেষ দিকে বোস্টনে অনুষ্ঠিতব্য বিতর্কে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।ইনতিফার শুধু বিতর্কেই নয় লেখালেখি, আঁকা-আঁকিতেও পারদর্শী। তাঁর লেখা ছাপা হয়েছে স্থানীয় ও জাতীয় পত্রিকার পাতায়। ইনতিফার চট্টগ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। উত্তর হালিশহরে তাঁদের বাসা। বাবা টিপু সাদেক চৌধুরী পেশায় ব্যবসায়ী। মা তাসনিম চৌধুরী গৃহিণী। ইনতিফার জানান, বিতর্কের এই উৎসহ তৈরির পেছনে তাঁর মা-বাবার অবদান অনেকখানি। ইনতিফার বর্তমানে ‘এ’ লেভেল পরীক্ষা দিচ্ছেন। কী হতে চান ভবিষ্যতে? এমন প্রশ্নের পর তাঁর চটপট জবাব, ‘পরীক্ষা শেষেই এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’