ইনসানিয়াত
সুফরিনা আহমেদ আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধ্যাপক। বয়স চল্লিশের কোঠা পেরিয়েছে। চাকরির সূত্রে শিকাগোতে থাকেন। তবে নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় দুটি বাড়ি আছে। মাঝেমধ্যে ছুটিতে বাড়ি দুটিতে বেড়িয়ে আসেন। শিকাগোর দোতলা বাড়িতে তাঁর নিঃসঙ্গ জীবন কাটে। দোতলার দক্ষিণ দিকের ছোট একটি রুমে তিনি থাকেন। সূর্যের আলো ও বাতাস আসার জন্য বাড়িতে অনেক রুম থাকা সত্ত্বেও এ রুমটাই তাঁর পছন্দ। এমনি তো তো বাতাসের শহর বলে শিকাগোর পরিচিতি বিশ্বজুড়ে, আর তার ওপর বাড়ির দক্ষিণ দিকে বাগান ও গাছপালা থাকার ফলে এ রুমে সারাক্ষণ যেন বাতাসের বন্যা বয়ে যায়। আজ প্রায় ১৭ বছর হলো বাংলাদেশ থেকে তিনি আমেরিকায় এসেছেন। এই ১৭ বছরে দেশে যাওয়া হয়নি তাঁর। কার কাছেই বা যাবেন! বাবা এইচএসসি পড়ার সময় মারা যান। মা-বাবার একমাত্র সন্তান হওয়ায় তাঁর আর কোনো ভাইবোন নেই। মা-বাবা দুজনই ছিলেন অঢেল সম্পদের অধিকারী। তাই তাঁরা সব সম্পত্তি তাঁর নামে লিখে রেখে যান। ভালো ছাত্রী হওয়ায় আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে যান তিনি। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে থাকতেই মা মারা যান। তাই পড়াশোনা শেষ করে আমেরিকায় থেকে যান তিনি। আর ফেরা হয়নি দেশে। প্রথম যখন এসেছিলেন, তখন খুব খারাপ লাগত নিজের মাতৃভূমির জন্য, আত্মীয়স্বজনের জন্য, বিশেষ করে মায়ের জন্য। তখন খুব দেশের কথা মনে পড়ত, যাকে বলে নাড়ির টান। কিন্তু তিনি সব ভুলে যেতে চাইলেন। ফলে দেশের কথা বলতে গেলে তেমন মনে পড়ে না। তবে আজ যেন অন্য দিন সুফরিনা আহমেদের কাছে। কাল বিকেল থেকে মনটা দেশের জন্য ছটফট করছে। বারবার মনে পড়ছে মায়ের কথা। বিদেশের জীবন রুটিনমাফিক। এই রুটিনবদ্ধ জীবনযাপনে তিনি অভ্যস্ত। এখানে কোনো কিছু ভাবার অবকাশ নেই। সব কাজ সময়মতো করতে হয়। ফলে মন খারাপ করার সুযোগ নেই। কিন্তু কাল বিজ্ঞান ক্লাস নেওয়ার পর থেকেই একটি ঘটনার জন্য তাঁর মনটা খারাপ হয়ে যায়; যার রেশ এখন পর্যন্ত কাটেনি। সুফরিনা আহমেদকে সব শিক্ষার্থী শ্রদ্ধা করার সঙ্গে সঙ্গে ভয়ও পায়। তাই তাঁর ক্লাসে বরাবরের মতো শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই মনোযোগ দেয় ক্লাসে। তিনি রসায়ন পড়াচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটি কৃষ্ণাঙ্গ মেয়ে তাঁকে প্রশ্ন করে, ‘ম্যাডাম, ব্রেন টিউমার রোগটি কি খুব মারাত্মক? এ রোগে আক্রান্ত রোগীকে বাঁচাতে কি অনেক টাকা লাগে?’ হঠাৎ রসায়নের ক্লাসে এ রকম প্রশ্নে সবাই কিছুটা অবাক হয়। আবার ভয়ে ভয়ে সবাই অপেক্ষা করেন, ম্যাডাম কি না করে বসেন মেয়েটিকে। কিন্তু না, তাদের এ ধারণা ভুল প্রমাণিত হলো। অন্য দিনের মতো ম্যাডাম তার ওপর কোনো ক্ষোভ প্রকাশ করলেন না। বরং আজ তারা দেখছে অন্য এক ম্যাডামকে, যাঁর সারা মুখে বিষাদের ছায়া আর সরলতার ছবি আঁকা। যাঁর চোখ দেখলে মনে হয়, এখনই কেঁদে ফেলবেন।হ্যাঁ, সত্যিই আজ সুফরিনা আহমেদকে অন্য রকম দেখাচ্ছে। তিনি যেন সেই সুফরিনা আহমেদ নন, যিনি প্রতিদিন রসায়নের সব জটিল সূত্র বোঝাতেন। যিনি ক্লাসে ঢুকলে সারা ক্লাসে নিস্তব্ধতা নেমে আসে। মেয়েরা ভয়ে চুপসে যায়। সুফরিনা আহমেদ যেন আজ চমকে উঠলেন। তবে তাঁর চমকে ওঠার কথা নয়। কারণ, বিজ্ঞানের বিভিন্ন বিষয় ছাড়াও তিনি চিকিৎসাশাস্ত্র সম্পর্কে জানতেন। তিনি মাঝেমধ্যে বিভিন্ন রোগবিষয়ক বই পড়েন। কিন্তু এই ছোট দুটি শব্দে যেন তাঁর হূদয়টা হঠাৎ মোচড়ে উঠল। কারণ, এ রোগে আক্রান্ত হয়ে তাঁর মা মারা গেছেন। কিছুক্ষণ পর তিনি কিছুটা শক্তি সঞ্চয় করলেন এবং মেয়েটিকে প্রশ্ন করলেন, সে কেন এই প্রশ্ন করল। তখন মেয়েটি তাঁকে বলল, তাঁর মা এ রোগে আক্রান্ত হয়েছেন। সেই মুহূর্তে সুফরিনা আহমেদ যেন তাঁর পুরোনো অতীতে ফিরে গেলেন। তখন তিনি মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বললেন, রোগটি মারাত্মক হলেও সুচিকিৎসার মাধ্যমে তা থেকে অনেক সময় মুক্তি পাওয়া যায়। তবে টাকার পরিমাণটা একটু বেশি। ‘তাহলে তো আমার মা বাঁচবেন না’ মেয়েটি নিজের অজান্তে বলে উঠল। ‘কেন?’ সুফরিনা আহমেদের সারা মুখে বিস্ময় নিয়ে প্রশ্ন করলেন। ‘আমাদের তো অত টাকা নেই, ম্যাডাম, যা দিয়ে মায়ের চিকিৎসা হতে পারে। আমরা কৃষ্ণাঙ্গ বলে আমাদের কোনো শ্বেতাঙ্গ সাহায্য করতে চায় না। আর আমরা কৃষ্ণাঙ্গরা কেউই অতটা স্বচ্ছল নই যে একজন আরেকজনকে সাহায্য করতে পারি।’ এক নিঃশ্বাসে সব কথা বলল মেয়েটি। এর পরই ক্লাস শেষ হলো। ফলে আর কোনো কথা হলো না। সুফরিনা আহমেদ সারা রাত বারান্দায় বসে এ নিয়ে চিন্তা করলেন এবং পুরোনো দিনের কথা ভাবলেন। এত টাকা থাকা সত্ত্বেও তাঁর মাকে তিনি বাঁচাতে পারলেন না। আর আরেকজনের মা টাকার অভাবে মারা যাবেন! তিনি সিদ্ধান্ত নিলেন, মেয়েটিকে সাহায্য করবেন। পরদিনই তিনি বিশ্ববিদ্যালয়ের সবাইকে বিষয়টি খুলে বললেন এবং মেয়েটির মাকে সাহায্যের কথা জানালেন। তাঁর এ উদ্যোগে সবাই এগিয়ে এলেন। শুধু শিক্ষকেরা নন, ছাত্রছাত্রীরাও। সুফরিনা আহমেদ তাঁর বাড়িটা বিক্রি করে প্রায় ১০ লাখ মার্কিন ডলার পেলেন এবং পুরোটাই তাঁদের দিয়ে দিলেন। অবশেষে অস্ত্রোপচার সফল হলো। কৃষ্ণাঙ্গ মেয়েটির মা বেঁচে গেলেন। সুফরিনা আহমেদ তাঁর মাকে হারিয়েছেন, কিন্তু এবার আর অন্যের মাকে হারাতে দিলেন না। তাঁর জয় হলো। কিন্তু তিনি শুধু একটিই জয় পাননি, আরও একটি জয় পেলেন। কৃষ্ণাঙ্গ হওয়া সত্ত্বেও শ্বেতাঙ্গরা এবার এগিয়ে এসেছিল মেয়েটির মাকে সাহায্য করতে। একেই তো বলে ইনসানিয়াত, মনুষ্যত্ব আর মানবতার জয়। আর এর সঙ্গে সঙ্গে মেয়েটির মন থেকে মুছে গেল ওই অভিযোগ যে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের সাহায্য করে না। আরও প্রমাণিত হলো, এখনো পৃথিবীতে সুফরিনা আহমেদের মতো মনুষ্যত্ববোধসম্পন্ন মানুষ বেঁচে আছেন।নোশীন বিনতে জামালকামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।