
শ্বাসকষ্টজনিত রোগে অনেককেই ইনহেলার ব্যবহার করতে হয়। কিন্তু অনেক সময় সঠিক পদ্ধতিতে ব্যবহার করা হয় না। ইনহেলার ব্যবহারের সঠিক পদ্ধতিগুলো এখানে তুলে ধরা হলো।
* ইনহেলারটি বুড়ো আঙুল ও তর্জনী দিয়ে ধরুন।
* ব্যবহারের আগে ইনহেলারটি তিন থেকে চারবার ঝাঁকিয়ে নিন।
* প্লাস্টিকের বহিরাবরণ বা একচুয়েটরের মাউথপিস থেকে ঢাকনাটি সরিয়ে ফেলুন।
* মুখ দিয়ে ধীরে ধীরে বাতাস বের করে দিতে থাকুন যতক্ষণ না পর্যন্ত ফুসফুস খালি হয়, অতঃপর নিশ্বাস ধরে রাখুন।
* ইনহেলারটি দুই পাটি দাঁতের মাঝে রাখুন। প্লাস্টিকের বহিরাবরণের মাউথপিস নিজের ঠোঁট দিয়ে এমনভাবে ধরুন, যেন কোনো ফাঁক না থাকে।
* ধীরে ধীরে শ্বাস টানুন এবং একই সঙ্গে ইনহেলারের উপরিভাগের ধাতব পদার্থে বা ক্যানিস্টারে একটি চাপ দিন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গভীরভাবে শ্বাস টানুন। শিশু, বৃদ্ধ মানুষ এবং অন্যান্য রোগী, যাদের হাতে জোর কম; তারা এক হাত দিয়ে উপরিভাগে ভালোভাবে চাপ প্রয়োগ করতে পারে না। ফলে ইনহেলার থেকে ওষুধ ঠিকমতো বের হয় না। সে ক্ষেত্রে তাদের দুই হাত একসঙ্গে ব্যবহার করতে হবে।
* ইনহেলার মুখের মধ্য থেকে বের করুন এবং পাঁচ সেকেন্ডের জন্য শ্বাস ধরে রাখুন।
এ ছাড়াও স্বতন্ত্র স্টেরয়েড ইনহেলার অথবা স্টেরয়েডযুক্ত ইনহেলার ব্যবহারের পর পানি দিয়ে মুখ কুলি করুন।
* যখন জরুরি প্রয়োজনে ইনহেলার ব্যবহার সত্ত্বেও শ্বাসকষ্ট উপশম না হয়; তখন স্পেসার (একটি যন্ত্র) ব্যবহার করুন।
* প্রতি সপ্তাহে অন্তত একবার আপনার ইনহেলার পরিষ্কার করুন। একচুয়েটর ও মাউথপিস কভার বা ঢাকনাটি গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুকানোর জন্য কোনো শুষ্ক স্থানে রাখুন। ক্যানিস্টার ও মাউথপিসের কভারটি সঠিক জায়গায় স্থাপন করুন। ক্যানিস্টার কখনোই পানিতে ভেজাবেন না।
লেখক: বক্ষব্যাধি বিশেষজ্ঞ