ইনানী বনাঞ্চল 'বঙ্গবন্ধু জাতীয় উদ্যান' হবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ইনানী বনাঞ্চলকে ‘বঙ্গবন্ধু জাতীয় উদ্যান’ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয় ২০০৯ সালে। সে অনুযায়ী বন রক্ষার নানা উদ্যোগও নেওয়া হয়। কিন্তু এখনো সেই ঘোষণা দেওয়া হয়নি।
যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির অর্থায়নে উখিয়ার উপকূলীয় জনপদ ইনানীতে ১০ হাজার হেক্টর বনভূমিতে এ প্রকল্প বাস্তবায়নের সব কাজ সম্পন্ন করা হয়। ২০০৯ সালে বন বিভাগ, বেসরকারি উন্নয়ন সংস্থা আরণ্যক ফাউন্ডেশন ও শেড ইনানীর বননির্ভর বিশাল এলাকা নিয়ে ন্যাড়া পাহাড় বনায়ন করে। ইনানী বন রক্ষা সহব্যবস্থাপনা কমিটি ও প্রস্তাবিত বঙ্গবন্ধু জাতীয় উদ্যান বাস্তবায়ন কমিটির সভাপতি হামিদুল হক চৌধুরী বলেন, সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মহি উদ্দিন ইনানীর জাতীয় উদ্যান প্রকল্প ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। যত দ্রুত সম্ভব ইনানীর বনকে ‘বঙ্গবন্ধু জাতীয় উদ্যান’ হিসেবে স্বীকৃতি প্রদান ও বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।
বন বিভাগ সূত্র জানায়, ২০০৮ সাল পর্যন্ত ইনানী বনাঞ্চলে ৬০ শতাংশ বন সম্পদ উজাড় হয়ে গেছে। ওই সময় বনভূমির শ্রেণি পরিবর্তন করে বসতি স্থাপন ও কৃষিজমিতে রূপান্তর, নির্বিচারে গাছ কাটা, পাহাড় কাটা এবং অবাধে বন্য পশুপাখি শিকার হওয়ায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। ২০০৯ সালে বন বিভাগ ও দুটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে নিয়ে বননির্ভর বিশাল জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে ইনানী বন রক্ষা–সহায়ক কমিটি কাজ শুরু করে।
ইনানী রক্ষিত বনাঞ্চল সহব্যবস্থাপনা কমিটির সমন্বয়কারী শাহদাত হোসেন বলেন, ইনানী বনের ভেতর ও চারপাশে বসবাসরত ২৪টি গ্রামভিত্তিক বন সংরক্ষণ ফোরাম গঠন করা হয়েছে। ৩৮০ পুরুষ ও ২০ জন নারীকে নিয়ে ১০টি বনবিটভিত্তিক দল গঠন করে বন পাহারার ব্যবস্থা করা হয়। ১ হাজার ৩৬৮ পরিবারকে বিভিন্ন বিকল্প জীবিকায়নে সহায়তা ও ঘূর্ণমান তহবিলভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে ২৪টি দলকে প্রায় ৫০ লাখ টাকার এককালীন সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ইনানী বনে কাঠের চাপ কমাতে ১ হাজার ২৬৩টি উন্নত চুলা সরবরাহ দেওয়া হয়।
ইনানী বন রক্ষা পাহারা দলের সদস্য ছৈয়দ নুর বলেন, ২০০৮ সালের তুলনায় বর্তমানে বনের জ্বালানি সংগ্রহের চাপ কমেছে ৮০ শতাংশ। বনের কাঠ চুরি কমে যাওয়ায় গাছগাছালিতে ভরপুর ইনানীর বনে জীববৈচিত্র্য প্রাণ পাচ্ছে।
ইনানীর প্রস্তাবিত বঙ্গবন্ধু জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও ইনানী বনরেঞ্জ কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন বলেন, এক কালের বননির্ভর জনগোষ্ঠী আর্থিক সহায়তায় পাওয়া টাকায় শাকসবজি উৎপাদন, গরু, ছাগল, হাঁস-মুরগির খামার ও মৎস্য চাষ করে তারা এখন আত্মনির্ভরশীল হয়ে পড়েছে। যে কারণে পাহাড় কাটা, বনজ সম্পদ ধ্বংস ও অবৈধ বসতি স্থাপন আগের তুলনায় অনেকাংশে কমে গেছে। ইনানীর ১০ হাজার হেক্টর বনাঞ্চল এখন ‘বঙ্গবন্ধু জাতীয় উদ্যান’ ঘোষণার জন্য পুরোপুরি প্রস্তুত। বিষয়টি এখন মন্ত্রণালয়ের।
ইনানী রক্ষিত বনাঞ্চলের ফিল্ড সুপারভাইজার মো. আবু সরওয়ার বলেন, ইনানীর বনকে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি প্রাপ্তির লক্ষ্যে বন বিভাগের পক্ষ থেকে এ পর্যন্ত পাঁচবার প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।