ইনানী সৈকতে ঘুড়ি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উখিয়ায় পাথুরে সৈকত ইনানী। পাথরস্তূপে ভরপুর এই সৈকতে গত ২ মার্চ হয়ে গেল জমজমাট ঘুড়ি উৎসব। ঢাকার চারুশিল্পীদের সংগঠন ছবির হাটের অষ্টম ঘুড়ি উৎসব এটি। হাতে ১০ ফুট লম্বা মাছঘুড়ি নিয়ে সৈকতে ঘুরে বেড়াচ্ছিল ছোট্ট যুবরাজ। কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া থেকে বাবার সঙ্গে এসেছে সে। ঘুড়ি নিয়ে সৈকতে এদিক-ওদিক বহু ছোটাছুটি করে, কিন্তু মাছঘুড়ি আকাশে ওঠে না। বাতাসের গতিও অন্যান্য দিনের তুলনায় ওই দিন একটু কম ছিল। উড়িয়ালদের তাই হতাশ হতে হলো কিছুক্ষণ। তবে বিকেল তিনটা থেকে ইনানীর আকাশ ঝলমল হয়ে ওঠে রংবেরঙের নানা ঘুড়িতে। সন্ধ্যা পর্যন্ত এই সৈকতের বিশাল আকাশজুড়ে দৌড়ঝাঁপ দিতে শুরু করে বনের অজগর, জলের হাঙর, কচ্ছপ, ডলফিন, জেলিফিশ, জলকন্যা, কাঁকড়া, ডাঙার রাজা-রানি, নরকঙ্কাল, কামরাঙা, জাতীয় পতাকাসহ আরও কত কিছু!বিকেল তিনটায় জাতীয় সংগীত গেয়ে ঘুড়িয়ালরা নেমে পড়েন সৈকতে। প্রত্যেকের হাতে নিজেদের তৈরি বিভিন্ন রঙের ঘুড়ি। তারপর বালুচরে দাঁড়িয়ে শুরু হয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। ছবির হাটের ২১ ঘুড়িয়াল (ঘুড়ি যাঁরা তৈরি করেন) আর ৬০ জন উড়িয়াল (ঘুড়ি ওড়াতে এসেছেন যাঁরা) ছাড়াও স্থানীয় বহু শিশুকিশোর, ভ্রমণে আসা পর্যটক ইচ্ছেমতো ঘুড়ি উড়িয়ে উল্লাস প্রকাশ করেন। উড়িয়াল ও ছবির হাটের সদস্য গিয়াস আহমদ বলেন, ‘উৎসবের আগে ইনানী সৈকতে উড়িয়ালদের পাঁচ দিনের কর্মশালা সম্পন্ন করা হয়। এতে ঘুড়ি তৈরির নানা কৌশল হাতেকলমে শিক্ষা দেওয়া হয়। তৈরি করা হয় দুই শতাধিক ঘুড়ি। সমাপনী দিনে (২ মার্চ) এসব ঘুড়ি সৈকতে ওড়ানো হয়। ঘুড়ির সঙ্গে শিশুমনের স্বপ্ন উড়ুক—এটাই আমাদের লক্ষ্য। আর তাই শিশুদের ঘুড়ি ওড়াতে আমরা বেশি উৎসাহিত করছি।’ স্বাধীনতার মাস বলে বিশাল ‘জাতীয় পতাকা ঘুড়ি’ তৈরি করেন ছবির হাটের সদস্য ফরিদ হুদা। ১০ ফুট লম্বা মৎস্যকুমারী ঘুড়ি তৈরি করেন রবি খান, ডেলটা ঘুড়ি বানান রাশেদুল হুদা, কামরুজ্জামান স্বাধীন তৈরি করেন বিশাল একটি উড়ন্ত মাছঘুড়ি। যৌথভাবে কয়েকজন তৈরি করেন কাঁকড়া ঘুড়ি। উড়িয়াল মেজবাহ যায়েদ বলেন, ‘ঘুড়ি ওড়াতে কৌশল লাগে। বাতাসের টানে একটা ঘুড়ির সাথে আরেকটা ঘুড়ির কাটাকাটি সবচেয়ে বেশি আনন্দদায়ক।’ চারুশিল্পী কামরুজ্জামান স্বাধীন বলেন, ‘বিদেশি নয়, আমরা নিজস্ব স্বকীয়তায় নানা রকম ঘুড়ি তৈরি করেছি।’ঢাকা থেকে আসা পর্যটক নজরুল ইসলাম জানান, ‘জীবনের প্রথম ঘুড়ি ওড়াচ্ছি। শুরুতে ঘুড়ি ওড়াতে সমস্যা হলেও এখন সহজ হয়ে গেছে। ঢাকায় ফিরে বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা চালাব।’ ছবির হাটের সদস্য ও উৎসবের সমন্বয়কারী কার্টুনিস্ট বিপুল শাহ্ জানান, অন্য কিছুর মতো ঘুড়ির ঐতিহ্যও দেশ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে শিশুদের মুক্তমনে উড়ে বেড়ানোর স্বপ্নটাও। আমরা চাই শিশুমনে স্বপ্ন বিকাশের পরিবেশ। এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমাদের এই ঘুড়ি উৎসব।