ইনানী সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ইনানী সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেডের (বিআইএফএল) একদল কর্মী।
২৫ ডিসেম্বর সকালে ইনানী সৈকতের তারকা হোটেল রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টের সামনে এ অভিযান উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈন উদ্দিন।
উপস্থিত ছিলেন বিআইএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফরমানুল ইসলাম, রয়েল টিউলিপ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক, মহাব্যবস্থাপক দিপক পাল, বিআইএফএলের ব্যবস্থাপক মো. সগীর হোসেন খান, হোটেলের মানবসম্পদ ব্যবস্থাপক আশরাফ উল ইসলাম, সহব্যবস্থাপক মো. মাসুদুল ইসলাম খান, প্রকৌশলী আকলায়ুর রহমান, আবু নাঈম প্রমুখ। অভিযানে ফ্রান্স, রাশিয়ার কয়েকজন নাগরিকও অংশ নেন। বিআইএফএল হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন।
ইউএনও মাঈন উদ্দিন বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত ভ্রমণে আসছেন দেশ-বিদেশের লাখো পর্যটক। পর্যটকেরা যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন, সে জন্য সৈকত পরিচ্ছন্নতা রাখা প্রয়োজন।
হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক বলেন, হোটেলটি প্রতিষ্ঠার পর থেকে তাঁরা সৈকত এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন। সরকারি ও বেসরকারি অন্য প্রতিষ্ঠান এগিয়ে এলে সৈকতের জীববৈচিত্র্য রক্ষা সম্ভব হবে।