উখিয়ার ইনানীর উজাড় হওয়া ১০ হাজার হেক্টর সংরক্ষিত বনাঞ্চলে বনায়ন, জীববৈচিত্র্য রক্ষা এবং ৯০০ কাঠুরিয়া পরিবারকে কাঠনিধনের পেশা পরিবর্তন করে অন্য পেশায় নিয়োজিত করার লক্ষ্যে সাড়ে সাত কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করেছে আরণ্যক ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবী সংস্থা শেডের তত্ত্বাবধানে গত জানুয়ারি থেকে বিস্তীর্ণ বনাঞ্চলে কাঠুরিয়া শনাক্তকরণসহ প্রকল্পের কাজ শুরু হয়। ৬ ফেব্রুয়ারি সংস্থার উখিয়া আমিন ভবন কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান প্রকল্প পরিচালক আব্দুল মান্নান। কর্মসূচি পরিচালক বাতাই মং জানিয়েছেন, তিন বছর মেয়াদি প্রকল্পে রাজাপালং ও জালিয়াপালং ইউনিয়নের ১৫টি গ্রামের প্রতি গ্রাম থেকে ৪০ জন পুরুষ ও ২০ জন নারীসহ ৯০০ জন কাঠুরিয়াকে প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প জীবিকায়নের ব্যবস্থার জন্য দলভিত্তিক আর্থিক সহায়তা দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা আবু সরওয়ার, কর্মসূচি কর্মকর্তা মাজাহারুল আলম ও দোছড়ি বন বিট কর্মকর্তা কামরুল হাসান।