ইনানীর ৩২ কিলোমিটার সড়কে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার থেকে ইনানী পর্যন্ত ৩২ কিলোমিটার সড়কের প্রায় ৫০টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। গত কয়েক মাসে কয়েক দফা টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পর সড়ক এমন বেহাল হয়ে পড়ে। একপাশে সমুদ্র আরেক পাশে পাহাড়। এর মধ্যে নির্মাণ করা হয়েছে এই সড়ক। সম্প্রতি সরেজমিনে দেখা যায় পাইন্যাশিয়া, সোনারপাড়া, ডেইলপাড়া, ছোট ইনানী, বড় ইনানী, ফুলের ডেইল, চেংছুরি, পাটুয়ারটেক, মোহাম্মদ শফিরবিল, রূপপতি, বাইলাখালী, চেপটখালী, ইমামের ডেইল, চোয়াংখালী, মাদারবনিয়া ও মনখালীসহ বিভিন্ন এলাকায় সড়কের দুপাশে ভাঙনের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বড়-বড় গর্ত দেখা গেছে প্রায় সব এলাকায়। সড়কের বহু স্থানে পিচঢালাইও উঠে গেছে। প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে । ভারী বৃষ্টিপাত হলে সড়কের কোনো কোনো অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।উল্লেখ্য, মেরিন ড্রাইভ সড়কের বিকল্প হিসেবে উখিয়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই সড়ক নির্মাণ করে। এলজিইডির উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে কোটবাজার-সোনারপাড়া ভায়া মনখালী সড়ক নির্মিত হয়। দেশি-বিদেশি পর্যটকেরা ইনানীসৈকত, পাটুরটেক পাথরের সতূপ ও কানা রাজার গুহা দেখতে যান এই সড়কপথে।জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারা হোছাইন চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ‘কয়েক দফা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয় এবং খানাখন্দ সৃষ্টি হয়। পর্যটন মৌসুম শুরুর আগে সড়কের সংস্কার করা না হলে পর্যটকদের ভোগান্তি বাড়বে। বর্তমানে রাতের বেলায় এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।’ইনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক ফজলুল হক বলেন, সম্প্রতি সড়কের উভয় পাশে ব্যাপকভাবে ভাঙন দেখা দেওয়ার ফলে দুর্ঘটনা ঘটছে। চেপটখালী এলাকায় রাস্তার একাংশে বড় ভাঙন দেখা দেওয়ায় রাতে পুলিশের যানবাহন ওই এলাকা দিয়ে চলাচল করছে ঝুঁকি নিয়ে। উখিয়া উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন এ প্রসঙ্গে বলেন, কয়েক দফা ভারী বৃষ্টিতে পুরো সড়কজুড়ে ভাঙন দেখা দিয়েছে। বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠিও পাঠানো হয়েছে।