ইনোভেটিভ মাল্টিমিডিয়ার সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তথ্যপ্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান ইনোভেটিভ মাল্টিমিডিয়ায় বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠান গত রোববার অনুষ্ঠিত হয়। পাঁচলাইশের ইনোভেটিভ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিনা হাই। অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনোয়ারা হাকিম আলী, জাপানের অনারারি কনসাল জেনারেল মুহাম্মদ নুরুল ইসলাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান শহীদ মো. আসিফ ইকবাল, উইমেন চেম্বারের সহসভাপতি গুলশানা আলী, প্যাসিফিক অয়েল লিমিটেডের চেয়ারম্যান কফিলউদ্দিন আহমদ ও গ্রিনডটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জোবায়ের। প্রশিক্ষণার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন, লেডিস ক্লাব চট্টগ্রামের যুগ্ম সম্পাদক বোরহানা কবির, লক্ষ্মী ধর, মুনিয়া মুন, আনোয়ারুল আজিম প্রমুখ। উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে বহু ক্ষেত্রে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। এই সুযোগকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি তাহলে দেশের চিত্র পাল্টে যাবে।’ জাপানের অনারারি কনসাল মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘এই শতাব্দীতে দেশ ও নিজেকে উন্নতির শিখরে নিয়ে যেতে তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। উন্নত বিশ্ব আজ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অর্থনৈতিক ও সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছে। লক্ষ্য ঠিক রেখে সঠিক পথে এগুতে পারলে আমাদের শিক্ষার্থীরা সফল হবেন।’ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক