ইন্টারনেট উৎসব চলছে ইন্টারনেট উৎসব
ইন্টারনেটের আলোয় অলোকিত হয়ে আমি শপথ করছি যে, জ্ঞান ও প্রযুক্তির প্রতি আমার উৎসাহ সবসময় জিইয়ে রাখব শিক্ষামূলক এবং অন্যান্য কর্মকাণ্ডে আমার ভূমিকা আরো বাড়াতে সচেষ্ট থাকব সুবিধাপ্রাপ্ত ও সুবিধা বঞ্চিতদের মধ্যে সম্মিলন ঘটাতে কাজ করে যাব শান্তি ও একতাব একটি বৈশ্বিক সমাজ গড়তে চেষ্টা করব এবং আমাদের দেশ ও প্রজন্মকে সত্যিকারের একটি ডিজিটাল ভবিষ্যতের দিকে ধাবিত করতে চেষ্টা করে যাব।জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর অনুষ্ঠানের শুরুতেই পাঠ করা হয় এই শপথবাক্য।এরপরই শুরু হয়ে যায় ইন্টারনেট উৎসব।প্রতিটি উৎসবেই নেওয়া হবে ইন্টারনেট ব্যবহার করে এগিয়ে যাওয়ার এই শপথ।স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব নামের এ আয়োজন শুরু হয়ে গেছে ২৭ সেপ্টেম্বর থেকে। এখন প্রায় প্রতিদিনই দেশের একাধিক স্থানে চলছে এ উৎসব।৬৪টি জেলার ১০১টি স্থানে স্কুল ও কলেজে চলবে এ আয়োজন। উদ্দেশ্য ইন্টারনেট সম্পর্কে এই প্রজন্মের শিক্ষার্থীদের ধারণা দেওয়া, তাদের সচেতন করা। এই উৎসবের প্রথম আসর বসেছিলঢাকার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে।২৭ সেপ্টেম্বর সকালেই এক পশলা ঝুম বৃষ্টি হয়ে গেছে।মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ উঠেছে ইছামতী নদীর তীরে স্কুলটির খেলার মাঠে। পুরো মাঠ সেজেছে নানা ধরনের রঙিন ব্যানার আর ফেস্টুনে। দলে দলে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছে এখানটায়। কিছুক্ষণের মধ্যেই শামিয়ানার নিচের নির্ধারিত আসনগুলো ভরে হয়ে গেছে। উৎসুক অনেকেই দুই পাশে দাঁড়িয়ে আছেন, আর তাজ্জব হয়ে দেখছেন। মঞ্চের একদিকে যে স্টল আছে গ্রামীণফোন আর প্রথম আলোর, সেসবেই ভিড়।বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারও করছেন অনেকে।সব মিলিয়ে চমক লাগানো একটা উৎসব। নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সকাল ১০টায় শুরু হয়ে যায় ইন্টারনেট উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তি দেশের প্রত্যন্ত অঞ্চলে কীভাবে কাজে লাগবে সেসব বিষয় তুলে ধরতে থাকেন।বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ১৯৭১ সালে যে হাতে কৃষকেরা লাঙল দিয়ে জমি চাষ করেছেন, সেই হাতেই অস্ত্র তুলে নিয়ে দেশকে স্বাধীন করেছেন। আবার এই হাত দিয়েই তথ্যপ্রযুক্তি করে দেশকে এগিয়ে নিতে পারবেনা তাঁরা।অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী গিয়েছিলেন উৎসবে।তিনি জানান দেশের তরুণেরা তথ্যপ্রযুক্তিতে অনেক ভালো করছে। ইউটিউবের মতো জনপ্রিয় ওয়েবসাইটের যে চারজন প্রতিষ্ঠাতা, তাঁদের একজন জাবেদ করিম এ দেশেরই ছেলে। এ দেশে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আরও অনেক দূর এগোনো সম্ভব। তবে এর জন্য ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে হবে। এই অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, গ্রামীণফোনের করপোরেট অ্যাফেয়ার্সের মহাব্যবস্থাপক মামুন হাশমী, নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম ইব্রাহীম খান, দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুনির হাসান বক্তৃতা করেন।কে হতে চায় আই-জিনিয়াস!টেলিভিশনের পর্দায় কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানের মতো এখানেও একটি প্রতিযোগিতা—কে হতে চায় আই-জিনিয়াস!এটা ইন্টারনেট উৎসবের প্রধান আকর্ষণ। প্রতিটি স্থানেই হবে এ প্রতিযোগিতা।১০১টি জায়গা থেকে একজন করে মোট ১০১জন আই-জিনিয়াস নির্বাচিত হবেন।পরে তাঁদের মধ্যে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে।বেরিয়ে আসবেন দেশ সেরা আই-জিনিয়াস।প্রতিটি আয়োজনেই আগ্রহী শিক্ষার্থীরা প্রথমেই এই নিবন্ধন করে নেবে। এরপর তাদের ইন্টারনেটের সংযোগসহ মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয় কিছুক্ষণ। এরপর শুরু হয়ে গেল এই প্রতিযোগিতা।সবার আকর্ষণ মঞ্চের দিকে। মোট আটটি দল তৈরি করে প্রতি দলে ১২ জন করে শিক্ষার্থী অংশ নেয় এতে। এই দলগুলোকে তিনটি করে প্রশ্ন করা হয়। যে সর্বোচ্চ সঠিক উত্তর দিতে পারবে, সে চূড়ান্ত দলে লড়াইয়ের সুযোগ পাবে।প্রথম দল মঞ্চে আসার পরপর তাদের হাতে দেওয়া হয় মুঠোফোন। এরপর সঞ্চালক তাদের উদ্দেশে ছুড়ে দেন প্রশ্ন। এর উত্তর দিতে হবে দুই মিনিটের মধ্যে! যে আগে পারবে, সেই এগিয়ে যাবে। ইন্টারনেটের উদ্ভাবক কে? বিশ্ব পরিবেশ দিবস কবে? নরওয়ের রাজধানী কী? এ রকম নানা ধরনের প্রশ্ন করা হলো প্রতিযোগীদের জন্য। এর উত্তর জানা থাকলেই চলবে না, তা ইন্টারনেটে খুঁজে বের করে দেখাতে হবে, তবেই কেবল উত্তর নেওয়া হবে! একটি একটি করে মোট আটটি দল থেকে আটজনকে বাছাই করা হলো চূড়ান্ত পর্বের জন্য। ওদিকে অনেক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি বলে মুখ গোমড়া করে আছে। তাদের মঞ্চ থেকে বিভিন্ন প্রশ্ন করা হলো। যে সঠিক উত্তর দিতে পারছে, সে তখনই পাচ্ছে একটি করে শুভেচ্ছা পুরস্কার। এরই মধ্যে আটটি দল থেকে বিজয়ী আটজনকে ডাকা হলো মঞ্চে। সবার বুক যেন কাঁপছে!শেষ প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত পাঁচটি প্রশ্ন করা হয়ে গেল। এখানেই ঘটল আর এক বিপত্তি। আটজনের পাঁচজন আলাদাভাবে একটি করে উত্তর দিল। ফলে সেরা নির্বাচন করা না গেলেও কোনো প্রশ্নের উত্তর দিতে না পারা তিনজনকে বাদ দিয়ে প্রতিযোগিতা হলো পাঁচজনের। একটি প্রশ্ন, যে পারবে সেই হবে আই-জিনিয়াস! ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট কে? এই প্রশ্নের উত্তর এল। আর সঠিক উত্তর দিয়েই এখানের আই-জিনিয়াসের স্বীকৃতি পেল নবাবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসির বিন ইউনুস। লক্ষ্য এগিয়ে যাওয়াগ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমীদ আজিজুল হক জানান, শহরের বাইরের শিক্ষার্থীদের ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে ধারণা দিতে ও সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের দেখানো হয় ইন্টারনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য সংগ্রহ, চাকরি খোঁজা, ই-মেইল পাঠানোসহ নানা কাজে কীভাবে ইন্টারনেটের ব্যবহার হয়।উৎসবে আসা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত সঙ্গীতা বলে, ‘এখানে এসেই জানতে পারলাম ইন্টারনেটের মাধ্যমে অনেক অজানা বিষয় জানা যায়। এই উৎসব আমাকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহিত করেছে।’ইন্টারনেট উৎসবের সহযোগী অংশীদার হিসেবে আছে বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ওয়েব দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনি। আর প্রতিটি আয়োজনে সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। আই-জিনিয়াস প্রতিযোগিতার নিয়মইন্টারনেট উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অংশ আই-জিনিয়াস প্রতিযোগিতা। শিক্ষার্থীদের ওয়েব ব্রাউজিং দক্ষতার ভিত্তিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিটি উৎসবে। প্রতি অনুষ্ঠানে ১০০ জন শিক্ষার্থী অংশ নেবে এই প্রতিযোগিতায়। সারা দেশে মোট ১০ হাজার ১০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় সরাসরি অংশ নেবে। প্রতি অনুষ্ঠানে একজন করে আই-জিনিয়াস নির্বাচিত হবে। পরবর্তী সময় এই ১০১ জন আই-জিনিয়াসকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হবে। সেরাদের বিশেষ পুরস্কার দেওয়া হবে। আই-জিনিয়াস প্রতিযোগিতার বিভিন্ন বিষয়: প্রতিযোগীকে সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন করা হবে এবং তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজ করে তার উত্তর খুঁজে বের করতে হবে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজের মোবাইল ফোন নিয়ে আসার দরকার নেই। প্রতিযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে ইন্টারনেট সংযোগসহ দরকারি ফোনসেট সরবরাহ করা হবে। অংশগ্রহণকারীদের প্রতিযোগিতার আগে অনুষ্ঠানস্থলে ইন্টারনেট ব্যবহার ও প্রতিযোগিতার নিয়মকানুন সম্পর্কে হাতে-কলমে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে।দুইভাবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে:ক. প্রাথমিক নিবন্ধন: অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই প্রাথমিক নিবন্ধন ফরমটি সংগ্রহ করে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারবে। বেশির ভাগ প্রতিযোগী নির্বাচন করা হবে প্রাথমিক নিবন্ধনের মাধ্যমে। খ. অন স্পট এন্ট্রি: উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করা হবে। সবার আগে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকেও কিছু শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য। আগ্রহী শিক্ষার্থীদের নিজের এলাকার ইন্টারনেট উৎসবের সময়সূচি ও বিস্তারিত তথ্যের জন্য ‘স্বপ্ন নিয়ে’সহ প্রতিদিনের প্রথম আলোয় চোখ রাখার জন্য বলা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।