শ্রেণীকক্ষে ৮০ জনের স্থান সংকুলান হলেও উপস্থিত হয়েছিল শতাধিক শিক্ষার্থী। চারজনের বেঞ্চে বসেছে ছয়জন। অনেকে বসার জায়গাও পায়নি। যারা ভেতরে ঢুকতে পারেনি, তারা জানালার বাইরে দাঁড়িয়ে কোনোমতে মাথা কাত করে কক্ষের ভেতরে দেখার চেষ্টা করছিল।প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগে কাপ্তাইয়ে অনুষ্ঠিত ইন্টারনেট উৎসবের আসর এমনই জমজমাট ছিল। ৯ ও ১০ জুলাই কাপ্তাইয়ের কেপিএম উচ্চবিদ্যালয়, নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয় এবং কাপ্তাই উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব।কাপ্তাইয়ের আই জিনিয়াস ইরফান ইন্তেখাবের সঞ্চালনায় কর্মশালায় ইন্টারনেট বিষয়ে আলোচনায় অংশ নেন মাহবুবুর রহমান, মো. হানিফ ও মো. মোস্তাফিজুর রহমান, প্রথম আলোর কাপ্তাই প্রতিনিধি কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই বন্ধুসভার সভাপতি বেগম কাওছার জাহান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ।অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতেছে অনেক শিক্ষার্থী। অনেকে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার দেখেছে প্রথমবার। নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী শাহিনুর বেগম বলে, ‘এখানে এসে জীবনে প্রথম ইন্টারনেট ব্যবহার করতে পেরেছি। এটা আমার সারা জীবন মনে থাকবে।’